মাদক পাচার রোধে জেলেদের সহযোগিতা চাইল বিজিবি
কক্সবাজারের টেকনাফ উপজেলা নাফ নদী ও বঙ্গোপসাগরের কিছু অংশ ব্যবহার করে মিয়ানমার থেকে মাদক চোরাকারবারিরা ইয়াবার বড় বড় চালান বাংলাদেশে পাচার করছে। এভাবে মাদক পাচার ঠেকাতে এবার জেলেদের সহযোগিতা চাইলেন বর্ডার গার্ড বাংলাদেশের (িবজিবি) কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল মো. তানভীর আলম খান।
৬ জুন সোমবার বেলা ১১টায় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার হাজি এজাহার মিয়া কোম্পানির মাঠে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন স্থানীয় জেলেদের সঙ্গে মাদকের বিস্তার প্রতিরোধে মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ, পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির প্রমুখ।
সভায় বক্তারা জেলেদের সরকারি আইন মেনে মাছ শিকারের অনুরোধ জানান। পাশাপাশি নিষিদ্ধ বিহিঙ্গি জাল, খুঁটিজাল দিয়ে মাছ শিকার না করার পরামর্শ দেন। এ ছাড়া মাদক চোরাচালান বন্ধেও জেলেদের সহযোগিতা চাওয়া হয়।
সেক্টর কমান্ডার মো. তানভীর আলম খান বলেন, ‘মাছ শিকারের সময় সরকারি আইন মেনে চলতে হবে। পাশাপাশি ইদানীং ইয়াবা ও বিভিন্ন মাদক পাচারে নৌকা ব্যবহার হচ্ছে। অনেকে মাছ ধরতে গিয়ে ইয়াবা পাচারে জড়িয়ে পড়ছেন। আমাদের কাছে এ ধরনে তথ্য রয়েছে।’ তিনি জেলেদের মাদক পাচারকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ করেন।