মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গত রোববার ফেনীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মাদক প্রতিরোধে পরিবার থেকেই সোচ্চার হতে হবে। পারিবারিক সচেতনতা মাদক মুক্ত সমাজ গঠনে সহায়তা করবে। প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাঁরা সুন্দর জীবন গড়তে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন ৪ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী ওবায়েদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবময় দেওয়ান ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম। বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক চৌধুরী, পৌর কাউন্সিলর সাইফুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মো. ইলিয়াস ভূঞা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান প্রমুখ।
সবশেষে মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।