মাদক বিক্রি নয়, কাপড় সেলাই ও ভ্যান চালাবেন তাঁরা
নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার শহীদ নগরের বাসিন্দা হাসনা বানুর স্বামী জাফর আহমেদ অসুস্থ। দুই ছেলে, তিন মেয়ে ও অসুস্থ স্বামীর মুখে খাবার তুলে দিতে ১৬ বছর আগে শুরু করেছিলেন মাদক বিক্রি। প্রথমে চোলাই মদ ও পরে ইয়াবা বিক্রি করেন। মাদকদ্রব্য বিক্রির অভিযোগে এ নিয়ে সাতটি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এসব মামলায় কখনো তিন মাস আবার কখনো ছয় মাস কারাভোগ করেছেন। কিন্তু আর কত! ছেলেমেয়ে বড় হওয়ায় এই পেশা ছাড়তে চাইছিলেন বহুদিন ধরে। সে ইচ্ছার কথা নিজেই থানায় গিয়ে পুলিশকে বলেছেন। অবশেষে তাঁর ইচ্ছে পূরণ হলো। গত বৃহস্পতিবার দুপুরে নগরের লালদীঘি ময়দানে নগর পুলিশের কমিউনিটি সমাবেশে হাসনা বানুকে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক একটি সেলাই মেশিন উপহার দেন। মেশিনটি পেয়েই সমাবেশে সবার সামনে তিনি মাদক বিক্রি ছেড়ে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহের ঘোষণা দেন।
কেবল হাসনা বানু নন। তিনিসহ এমন আট ব্যক্তি নগর পুলিশের কমিউনিটি সমাবেশে হাজির হয়ে ব্যক্তি মাদক বিক্রি না করার অঙ্গীকার করেছেন। বিকল্প জীবিকার পথ খুঁজে নেওয়ার জন্য নগর পুলিশও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন। মাদক বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে আসা চার নারীকে একটি করে সেলাই মেশিন এবং চার পুরুষকে একটি করে ভ্যানগাড়ি দেওয়া হয়েছে। তাঁদের হাতেও জীবিকার উপকরণ তুলে দেন পুলিশের মহাপরিদর্শক। হাসনা বানু বাদে বাকিরা হলেন নগরের এনায়েত বাজার এলাকার রোকেয়া বেগম, আকবর শাহ এলাকার বেবী আক্তার ও মো. সেলিম, ইপিজেড এলাকার রিতা দেওয়ান, বাকলিয়ার অছিয়ার রহমান, লালখান বাজারের শাহ আলম ও ডবলমুরিংয়ের হাসান মুরাদ।
লালদীঘি ময়দানে হাসনা বানু প্রথম আলোকে বলেন, ‘বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে মাদক ব্যবসা করতাম। এখন থেকে আর এসব করব না। লোকজনকে লজ্জায় মুখ দেখাতে পারি না।’
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন জানান, থানা-পুলিশের তালিকায় হাসনা বানুর নাম রয়েছে। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তিনি এখন ভালো হতে চান। এ জন্য তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। কাপড় সেলাই করে তিনি এখন জীবিকা নির্বাহ করতে পারবেন। এক সময়কার মাদক বিক্রেতা অছিয়ার রহমানের চোখে-মুখে খুশির ছাপ। মাদক ব্যবসা ছাড়তে পারায় এই আনন্দ। তাঁর নামে মামলা রয়েছে চারটি। এখন ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাবেন বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, শুধু এই আটজন নন। মাদক বিক্রি ছেড়ে দিয়ে যাঁরা ফিরে আসতে চান, তাঁদের পুলিশ সহযোগিতা করবে।