অব্যাহত পুলিশি অভিযানের মুখে মাদক বিক্রিতে নতুন কৌশল নিয়েছেন দীঘিনালা উপজেলার মাদক বিক্রেতারা। একেক দিন একেক স্থানে মাদক বিক্রি করছেন তাঁরা। এর ফলে অভিযান চালিয়েও পুলিশ মাদক বিক্রেতাদের ধরতে পারছেন না। দীঘিনালার একাধিক ব্যক্তি অভিযোগ করছেন, উপজেলার জামতলীবাজার থেকে সুরেশ হেডম্যানপাড়া পর্যন্ত বিভিন্ন এলাকায় হেরোইন, গাঁজা ও চোলাই মদ বিক্রি হয়। গত কয়েক মাসে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সময় ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে। জামতলী এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মানিকছড়ি হেডম্যানপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা ও সুরেশ হেডম্যানপাড়ায় হেরোইনসেবীদের আড্ডা বসে। পুলিশ এলে মাদকসেবীরা দ্রুত পালিয়ে যায়।পুলিশ জানায়, এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত মাদক রাখা ও বিক্রির দায়ে বেশ কয়েকজনকে কারাদণ্ড দিয়েছে। ১৫ সেপ্টেম্বর বড় মেরুং এলাকা থেকে দুই কেজি গাঁজা আটক করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান, আবুল হোসেন ও ইমান আলী নামে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযানে যায়। কিন্তু মাদক বিক্রেতারা ভ্রাম্যমাণ হওয়ায় তাঁদের ধরতে বেগ পেতে হয়। তবুও কয়েকজনকে ধরতে পেরেছি কিন্তু তাঁরা জামিনে বেরিয়ে এসে আবার মাদকে জড়িয়ে পড়ে। তবে এখন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে মাদক কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।’