মাদককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাননীয় ‘প্রধানমন্ত্রী’ বললেন, ‘সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে মাদককে “না” বলতে পারি, তাহলেই আমরা মাদকমুক্ত দেশ গড়তে পারি।’ অন্যদিকে বিরোধী দল থেকে একজন সাংসদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ‘আপনারা আইন করে কেন মাদক বিক্রি ও ব্যবহার বন্ধ করতে পারছেন না।’ এ রকম তুমুল উত্তেজনা ও বাগিবতণ্ডার মধ্য দিয়ে চলছিল সংসদ।সরকারি ও বিরোধী উভয় দলই সংসদে উপস্থিত থেকে শেষ করেছে সংসদের কার্যক্রম। এর মধ্যে হয়নি কোনো ধরনের ওয়াকআউট ও ফাইল ছোড়াছুড়ি। ভাবছেন, এ আবার কোন দেশের সংসদ। হ্যাঁ, ড্যাফোডিল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (ডিআইইউডিসি) আয়োজিত মাদকবিরোধী ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের চিত্র অনেকটা এ রকমই ছিল।২৬ জুলাই ‘এই সংসদ মনে করে যে মাদক নিয়ন্ত্রণে সরকারের চেয়ে সমাজের ভূমিকাই বেশি’ শীর্ষক সংসদীয় বিতর্কে স্টামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এ দুটি বিশ্ববিদ্যালয় ছাড়াও এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়।‘আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১ বছরের রেকর্ড ভঙ্গ করলাম আজ। এর আগে বেশ কয়েকটি দল পঞ্চমবার পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরলেও এ পর্যন্তই ছিল তাদের শেষ অর্জন। কিন্তু আমরা ১১ বছরের পুরোনো সেই রেকর্ড ভঙ্গ করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিলাম।’ কথাগুলো বলছিলেন ডিআইইউডিসি আয়োজিত মাদকবিরোধী আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দলনেতা কামাল উদ্দিন।চ্যাম্পিয়ন দলের তৌহিদ হোসেন, সামিউল মুঈদ ও কামাল উদ্দিন—তিনজনই বিতর্ক করেন স্কুলজীবন থেকে। ‘আমরা তিনজনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় একসঙ্গে বিতর্ক করা শুরু করি। যেহেতু তিনজনই স্কুলজীবন থেকেই বিতর্ক করতাম, তাই আমাদের মধ্যে বোঝাপড়াটা ছিল অনেক বেশি। আমরা একে অন্যের মতকে প্রাধান্য দিই। কোনো দিন কোনো সদস্য বিতর্কে খারাপ করলে তাকে উৎসাহ দিতাম, যাতে সে পরবর্তী সময় ভালো করতে পারে। আর এভাবেই একের পর এক এসেছে সাফল্য।’ বলছিলেন ইস্ট ওয়েস্টের আরেক বিতার্কিক তৌহিদ হোসেন পাপন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এ তিন বিতার্কিক এই প্রতিযোগিতা ছাড়াও চ্যাম্পিয়ন হয়েছেন ‘আইডিবি বাইনারি লজিক আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১০’, ‘লন্ডন স্কুল অব লিগ্যাল স্টাডিজ বিতর্ক প্রতিযোগিতা ২০১০’ এবং ‘ইস্ট ওয়েস্ট আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১০’সহ আরও দুটি বিতর্ক প্রতিযোগিতায়।কীভাবে এল এ সাফল্য, জানতে চাইলে আরেক বিতার্কিক সামিউল মুঈদ জানালেন, ‘আমরা প্রতি সপ্তাহে নিয়মিত বিতর্ক চর্চা করি এবং সব কটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার চেষ্টা করি। নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ি এবং টেলিভিশনের সংবাদ দেখি। আর এভাবেই গড়ে উঠেছে আমাদের সাফল্য।’তবে শুধু ছাত্রজীবনে নয়, কর্মজীবনেও তিনজনই থাকতে চান বিতর্কের সঙ্গে, যুক্তির সঙ্গে। এ ব্যাপারটিতে তাঁদের মধ্যে মিল পাওয়া গেল। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী পর্বে পুরস্কার বিতরণ করেন ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম ও অধ্যাপক গোলাম রহমান।