মাদকবিরোধী বন্ধুমেলা



মাদকমুক্ত একটি সুন্দর দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার শপথ নিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মাদকবিরোধী বন্ধুমেলা। ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বন্ধুসভার পতাকা উত্তোলনের মাধ্যমে বন্ধুমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের সমাজসেবক ডা. এম এ গফুর। পরে শিল্পকলা মঞ্চে প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পরিচালক, জনসংযোগ) আনোয়ার হাবিব, চাঁদপুর বন্ধুসভার সভাপতি আফরোজা খাতুন ও অনুষ্ঠানের সমন্বয়কারী রূপক রায়।
উদ্বোধনী বক্তব্যে ডা. এম এ গফুর বলেন, মাদক এ দেশের যুবসমাজকে ধ্বংস করে ফেলছে। মাদকমুক্ত একটি সুন্দর দেশ উপহার দিতে এ দেশের তরুণেরাই পারে।

মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ করে আমরা মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছি, একটি মানচিত্র পেয়েছি। কিন্তু আজকে মাদক আমাদের তরুণ-তরুণীদের জীবন শেষ করে দিচ্ছে, তা মেনে নিতে পারছি না।
বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সবাইকে মাদক থেকে দূরে থাকার শপথ করান।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন জেলার বন্ধুরা উপস্থিত সবাইকে দেশাত্মবোধক, একক ও দ্বৈত গান, নাচ নাটকসহ নানা ধরনের আনন্দ উপহার দেন।
বন্ধুমেলায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, মতলব ও হাজীগঞ্জ বন্ধুসভার সাড়ে ৩৫০ জন সদস্য অংশ নেন। এ সময় প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি গাজীউল হক, নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ প্রতিনিধি মুহাম্মদ জাকির হোসেন ও হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক সহযোগিতায় ও চাঁদপুর বন্ধুসভা মাদকবিরোধী এই বন্ধুমেলার আয়োজন করে।
নাচ পরিবেশন করেন নোয়াখালী বন্ধুসভার বিবি কুলসুম ঈশান, লক্ষ্মীপুর বন্ধুসভার প্রীতিধারা মল্লিক, কুমিল্লা বন্ধুসভার মো. আশরাফ সিদ্দিক, চাঁদপুর বন্ধুসভার জুঁই ঘোষ ও লুলিয়া রহমান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার স্মৃতি কায়সার।
কোরিওগ্রাফিতে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাইফ আল মোমেন ও ফাতেমা আক্তার সূচি।
গান পরিবেশন করেন চাঁদপুর বন্ধুসভার নুসরাত আরা চৌধুরী, ইসরাত আরা চৌধুরী ও সাবিকুন নাহার, লক্ষ্মীপুর বন্ধুসভার অ্যাডভোকেট জুয়েল, কুমিল্লা বন্ধুসভার মো. রায়হান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মোকলেছুর রহমান নোমান,
চাঁদপুর সরকারি মহিলা কলেজ বন্ধুসভার পূজা পাল, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রবিউল ইসলাম।
ফেনী বন্ধুসভা পরিবেশন করে নাটিকা অল্প বিদ্যা ভয়ংকরী। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা মাদকবিষয়ক নাটিকা পরিবেশন করে। অংশ নেন ইসরাত জাহান ইভা, ইমা ও পঙ্কজ।
বন্ধুসভা সম্পর্কে পুথি পাঠ করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মো. ইব্রাহিম আলী।
ফ্যাশন শো করে চাঁদপুর বন্ধুসভা।

