আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গত ২৬ জুন পর্যটন শহর কক্সবাজারে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন শোভাযাত্রা বের করে। এ ছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী। তিনি বলেন, ধূমপান হচ্ছে মাদক গ্রহণের সদর দরজা। ধূমপান বর্জনসহ সব মাদকদ্রব্য গ্রহণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবদুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, ১৭ বিজিবি-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেফতাহ উল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক কামরুজ্জামান, নোঙর-এর নির্বাহী পরিচালক দিদারুল আলম প্রমুখ। শেষে জেলা প্রশাসক গত ২৪ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।