মাদকমুক্ত ক্যাম্পাস চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই সহকর্মী থেকে এলাকাবাসী সবার কাছে কালাম সাহেবের কদর বেশ বেড়ে গিয়েছিল। তাঁর একমাত্র সন্তান রাতুল (ছদ্মনাম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে জয়ী হয়েছেন। ছেলেকে নিয়ে কালাম সাহেবের নানা রঙের হাজার স্বপ্ন। এরপর কয়েক বছর কেটে যায়। মুঠোফোনের মাধ্যমে রাতুল একদিন জানতে পারেন বাবা আর বেঁচে নেই। কিন্তু তিনি বাবাকে শেষবারের মতো দেখতে পান না। কালাম সাহেব বেঁচে থাকতে অনেকবার বলে গেছেন, ‘মাদকাসক্ত ছেলেকে আমি আমার মুখ দেখাব না। বেঁচে থাকতে না, মরে গেলেও না।’ এভাবেই মাদকের ছোবলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে আমাদের একেকটি স্বপ্ন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষায় অংশ নেন। কিন্তু ভর্তির সুযোগ পান মাত্র পাঁচ হাজারের মতো শিক্ষার্থী। অনেকের কাছে এটি ভর্তিযুদ্ধ নামে পরিচিত। পরিবার, সমাজ, দেশ তাই এখানকার ছাত্রসমাজকে নিয়ে আশায় বুক বাঁধে। একদিন তাঁরা নিজেদের জ্ঞান, সৃজনশীলতা, দক্ষতা, সততা দিয়ে নতুন বাংলাদেশ গড়বেন। কিন্তু তাঁদের অনেকেই আজ মাদকের নেশায় বুঁদ। ক্লাসের সবচেয়ে মনোযোগী ছাত্রটি, কবিতার ছন্দে যিনি সবাইকে বিমোহিত করে রাখতেন, খেলার মাঠে ছিল যাঁর সদম্ভ বিচরণ, তাঁকে আজ আর খুঁজে পাওয়া যায় না। মাদক এখন কেড়ে নেয় তাঁর সবটুকু। অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীরা মূলত গাঁজায় আসক্ত। এ ছাড়া সর্দি-কাশির জন্য ব্যবহূত বিভিন্ন ধরনের সিরাপ, ঘুমের ওষুধ কিংবা হেরোইন দিয়েও অনেকে নেশা করেন। সোহরাওয়ার্দী উদ্যান, মুহসীন হলের সামনের মাঠ, চারুকলা অনুষদের ভেতরে, বুয়েটের খেলার মাঠের বাইরের রাস্তায় প্রকাশ্যে মাদক সেবন করেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক উদ্ভিদবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে এখন খুব কম জায়গা রয়েছে, যেখানে সন্ধ্যার পর গাঁজার গন্ধ পাওয়া যায় না। জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ও মূল্যবান এ সময়ে কেন অনেকে মাদকাসক্ত হচ্ছেন জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শারমীন সুলতানা বলেন, ‘এর সঙ্গে অনেক বিষয় জড়িত। বিশ্ববিদ্যালয়ে এখন সৃজনশীল কাজের চর্চা খুব কম হয়। পড়ালেখা শেষ করে কর্মজীবনের অনিশ্চয়তায় অনেকের মধ্যে হতাশা কাজ করে। অনেক শিক্ষার্থীর পারিবারিক বন্ধন খুব মজবুত না, ফলে তারা সহজেই বন্ধু নামের শত্রুর দ্বারা বেশি বেশি প্রভাবিত হচ্ছে।’ তবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের লতিফুল হক কিছুটা ভিন্নমত পোষণ করেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মাদকাসক্ত হওয়ার দায় সবটুকুই নিজের। এখানকার অতীত গৌরব আর ভবিষ্যতের সম্ভাবনাকে অনুভব করতে পারলে কোনো শিক্ষার্থীই মাদক নিতে পারে না।’ রাষ্ট্রবিজ্ঞানের এস এম শিবলি সাদিকের মতে, ক্যাম্পাসে খুব সহজেই মাদক পাওয়া যায়। এ সহজপ্রাপ্যতাই অনেক শিক্ষার্থীর মধ্যে আগ্রহ তৈরি করছে। ক্যাম্পাসে মাদকের সহজপ্রাপ্যতা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী এ জন্য যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে দায়ী করেছেন।মাদকের ভয়ংকর ছোবল থেকে ক্যাম্পাসসহ পুরো বাংলাদেশকে মুক্ত করতে হবে। পরিবার, প্রশাসন এবং প্রত্যেককে এর জন্য সচেতন হতে হবে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রুখসানা পারভীনের মতে, পরিবার থেকেই সবার মধ্যে মাদকের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে। অনেক শিক্ষার্থী মনে করেন, প্রশাসন চাইলেই ক্যাম্পাসকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব হবে না। এ জন্য ছাত্রসমাজকে উদ্যোগ নিতে হবে। শান্তি ও সংঘর্ষ বিভাগের সাদিকুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্বাধীনভাবে থাকতে চায়। তাই প্রশাসন শিক্ষার্থীদের প্রতিদিনের জীবনে খুব বেশি প্রভাব রাখতে পারে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমাদের সহপাঠী, বন্ধু কিংবা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য আমাদের দায়িত্ব রয়েছে। ছাত্রসমাজের সম্মিলিত শক্তি আর প্রশাসনের আন্তরিকতা এক করতে পারলেই ক্যাম্পাস থেকে মাদককে চিরবিদায় জানানো সম্ভব হবে।’ ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসকে সামনে রেখে এ কথাগুলোই বলছিলেন শিক্ষার্থীরা।আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যদি মাদকের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, তাহলে মাদকমুক্ত ক্যাম্পাস সত্য হয়েই ধরা দেবে। এ স্বপ্নপূরণে সবাই একসঙ্গে ‘মাদক’কে ‘না’ বলতে হবে। আজ তাই ছাত্রসমাজের শপথ হোক, ‘মাদকের জন্য আর একটি মুহূর্তও নষ্ট করব না।’