মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। গত সোমবার দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, প্রথমআলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, মাদকবিরোধী সংগঠন নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারী শিক্ষক সোহেল ইকবাল, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল ও উন্নয়নকর্মী আফরোজা খানম।

সুবোধ কুমার বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় মাসব্যাপী এই মাদকবিরোধী প্রচারণা শুরু হলো। নানামুখী প্রচার–প্রচারণার মাধ্যমে মাদকের অপব্যবহার রোধে জনগণকে সচেতন করা হচ্ছে। আর এতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্য বক্তারা বলেন, মিয়ানমারে উৎপাদিত ইয়াবায় সয়লাব হচ্ছে কক্সবাজার। টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে চোরাইপথে আসা ইয়াবার চালান ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ইয়াবা আসক্ত হয়ে শেষ হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। তাই ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেশি সোচ্চার হতে হবে।

বক্তারা আরও বলেন, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা প্রত্যেক শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। ভালো মানুষ হতে হলে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। পড়ালেখার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। নিজ পরিবারকেও গড়ে তুলতে হবে স্বাস্থ্যসম্মত পরিবার হিসেবে।