মাদকমুক্ত সুন্দর জীবন গড়তে ক্রীড়ার বিকল্প নেই। বর্তমান সরকার ক্রীড়াকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিচ্ছে, যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের সৃজনশীলতার বিকাশ ঘটে।
লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আন্তউপজেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১৯ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় লোহাগাড়া উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করেছে। সপ্তাহব্যাপী প্রতিযোগিতার পৃষ্ঠপোষক কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার, সিজেকেএস ফুটবল কমিটির সভাপতি মো. ইউসুফ, ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শামসুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন প্রমুখ।