আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবসের মুক্ত সংলাপে কক্সবাজারে অংশগ্রহণকারী বিভিন্ন পেশার প্রতিনিধিরা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সুস্থ পরিবার গঠনেও বড় ভূমিকা রাখার শপথ নেন। ২৬ জুন বিকেলে কক্সবাজার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত সংলাপে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার কার্যালয়ের প্রধান আব্দুল কুদ্দুস। শুরুতে ‘মাদক থেকে বন্ধুকে বাঁচাও’ শীর্ষক একটি প্রচারপত্র পাঠ করে শোনান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী হিমু সুশীল। এরপর মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত)অজয় ঘোষ। তিনি বলেন, মাদকের কারণে ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবারের মা-বাবা-সন্তানসহ সবাইকে সচেতন হতে হবে। কলেজের শিক্ষার্থী সুনিয়া বেগম বলেন, ‘আমরা যাঁরা লেখাপড়া করি, তাঁরা মেধার বিকাশে সুন্দর পরিবেশ পাচ্ছি না। কলেজে আসার সময় রাস্তাঘাটে গলির মোড়ে দাঁড়িয়ে মাদকাসক্ত বখাটেরা নানা অশ্লীল উক্তি ছুড়ে মারে। অলিগলিতে চলে মাদক বিক্রি।’ বাবার দায়িত্ব সম্পর্কে ডা. চন্দন কান্তি দাশ বলেন, ছেলেমেয়েরা সারা দিন কোথায় কী করে, তার খবর মা-বাবাদের অবশ্যই রাখতে হবে। সন্তানদের লালনে-পালনে মায়ের ভূমিকা সম্পর্কে বলেন সরকারি মহিলা কলেজের অধ্যাপক ছানোয়ারা বেগম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এক্সপাউরুলের নির্বাহী পরিচালক ও প্রকৌশলী কানন পাল। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, মিয়ানমারে তৈরি নেশার বড়ি ইয়াবা টেকনাফ সীমান্ত হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরাজী বলেন, মাদকমুক্ত পরিবার গঠনে সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে নারীসমাজকে এ ব্যাপারে খুব বেশি সচেতন থাকতে হবে। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, প্রথম আলোর মাদকবিরোধী কর্মকাণ্ড আরও যেন অব্যাহত থাকে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, পুলিশ মাদক নির্মূলে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এরপরও নানা সীমাবদ্ধতার কারণে মাদক পাচার ও বেচাবিক্রি বন্ধ করা যাচ্ছে না। এক্ষেত্রেতিনি সবার সহযোগিতা কামনা করেন। মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবাসহ নানা মাদক পাচার বৃদ্ধি, জেলার মাদকাসক্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ ও উপায় নিয়ে মুক্ত সংলাপে অংশ নেন পিটিআইয়ের সাবেক সুপার ও জেলার প্রবীণ শিক্ষক মো. নাসির উদ্দিন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা, মাদক নিরাময়কেন্দ্র নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, অর্থনীতি ক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন, জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী সেলিনা আকতার প্রমুখ।সংলাপে সুস্থ জীবনে ফিরে আসা শহরের যুবক মো. নুরুল আবছার মাদকাসক্ত হয়ে পড়ার করুণ কাহিনি সবার সামনে তুলে ধরেন। সংলাপ শেষে শহীদ মিনার চত্বরে উপস্থিত সবাই হাত তুলে মাদকমুক্ত সুস্থ পরিবার প্রতিষ্ঠার শপথ নেন। শপথবাক্য পাঠ করান সরকারি মজিলা কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী।