ফেনীর সোনাগাজীতে পৃথক তিনটি অভিযানে পুলিশ মাদকদ্রব্যসহ চার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে চোলাইমদ ও গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সোনাগাজী থানা পুলিশ উপজেলার বক্তারমুনশি ডাকবাংলো এলাকা থেকে কয়েক কেজি গাঁজাসহ মো. শহীদুল্লাহ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করে। একই দিন দুপুরে উপজেলার কুঠিরহাট বাজার থেকে স্যালাইনের ব্যাগে ঢুকিয়ে চোলাইমদ বিক্রির সময় সফিকুল ইসলাম (২৮) ও জাহেদ হোসেনকে (৩০) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২০ লিটার মদ উদ্ধার করা হয়। এ দুজনের বাড়ি খাগড়াছড়ির রামগড় ও চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। এর আগে গত সোমবার রাতে মধ্যম চর চান্দিয়া হোনা মিয়ার দোকান নামের স্থানে ওমর ফারক (৪৫) নামে একজনকে প্রায় ১২ লিটার মদসহ গ্রেপ্তার করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, ‘এসব মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে এবং তিন জনকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’