মাদকাসক্ত শিশুদের জন্য 'আপনগাঁও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনগাঁওয়ের মূল ভবন ।  ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ
আপনগাঁওয়ের মূল ভবন । ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ

আপনগাঁও! নামটা শুনলেই যেন নির্ভরতার স্পর্শ পাওয়া যায়। মানিকগঞ্জের সিঙ্গাইরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এতো দিনে সত্যি সত্যি অনেকের কাছে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনগাঁওয়ে মাদকাসক্ত মানুষদের পুনর্বাসিত করা হয়। তাদের সুস্থ জীবনে ফিরে আসার জন্য সাহায্য করা হয়। ‘আপনগাঁও’-এর আরেকটি উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে মাদকাসক্ত পথশিশুদের চিকিৎসা ও পুনর্বাসন করা। এটির প্রতিষ্ঠাতা ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।
সেই শৈশব থেকেই ব্রাদার রোনাল্ড ড্রাহোজালের ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু করার। শৈশবে, যুক্তরাষ্ট্রে তাঁর বাড়ির পাশে একজন মাদকাসক্ত ব্যক্তিকে খুব কাছ থেকে দেখেছিলেন। সেই মানুষটির মানবেতর জীবন দেখে, ব্রাদার রোনাল্ড স্বপ্ন দেখেছিলেন, মাদকাসক্ত মানুষদের জন্য কিছু করবেন। ২৫ বছর বয়সে শিক্ষকতা করতে চলে আসেন বাংলাদেশে। ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে প্রথম শিক্ষকতা শুরু করেন। প্রথম থেকেই তাঁর আবাস মোহাম্মদপুরে।
একদিন হঠাৎ মোহাম্মদপুরের টাউন হলের কাছে কয়েকটি ছেলেকে মাদক নিতে দেখলেন। পরপর কয়েক দিন এমনটা ঘটল। সিদ্ধান্ত নিতে আর দেরি করলেন না। ১৯৮৮ সালে গড়ে তুললেন মাদকাসক্ত মানুষদের জন্য পুনর্বাসনকেন্দ্র ‘আপন’। ১৯৯৪ সালে আরও বড় পরিসরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তখন এর কার্যক্রম ছিল ইকবাল রোডে। মাত্র একজনকে নিয়ে শুরু হয়েছিল। সংখ্যা বাড়লে ‘আপন’ চলে গেল শাহজাহান রোডে। যখন সদস্য সংখ্যা ২০ জন ছাড়াল, তখন ‘আপন’ স্থানান্তর হয়ে আবারও গেল ইকবাল রোডে। কিন্তু তাতেও কুলোচ্ছে না। দেশে মাদকাসক্তের সংখ্যা অনেক। এতো স্বল্প পরিসরে তাদের সেবা দেওয়া যাচ্ছে না। কী করা যায়, ভাবতে ভাবতেই তিনি উপায় পেয়ে গেলেন। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পৈতৃক সম্পত্তি বিক্রি করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জাইল্লা গ্রামে ‘আপন’ এর জন্য তিন একর জমি কিনলেন তিনি। ২০০৭ সালে গড়ে উঠল তাঁর বহুকালের স্বপ্নের প্রতিষ্ঠান। সবার ভালোবাসায় ‘আপন’ এর নামও পাল্টে হয়ে গেল ‘আপনগাঁও’।
বিশাল খোলা প্রান্তর আর শ্যামল-সবুজ খেতের মাঝখানে দুটো দালান। মাদকাসক্ত প্রত্যেক ব্যক্তি দুই বছর ‘আপন’-এর তত্ত্বাবধানে থাকার সুযোগ পায়। বর্তমানে আপনগাঁওয়ে মাদকাসক্ত শিশুদের মধ্যে চার থেকে ১২ বছরের শিশু রয়েছে ৪৫ জন। আর ১২ থেকে ১৮ বছরের শিশু রয়েছে ২০ জন।
আপনগাঁওয়ের চিকিৎসা ব্যবস্থাপক হাসিবুর রহমান বলেন, এখানে শিশুদের জন্য স্কুল আছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার সুযোগ রয়েছে। এই স্কুলে চার থেকে ১২ বছরের মাদকাসক্ত শিশুরাই পড়তে পারে। পাশাপাশি এসব শিশুকে বিভিন্ন ধরনের হাতের কাজেরও প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া এই শিশুদের জন্য রয়েছে বিনোদন ও খেলাধুলার ব্যবস্থাও। তারা প্রতিদিন ফুটবল, ক্যারম, লুডু, দাবা, টেবিল টেনিস খেলে। সম্প্রতি আপনগাঁয়ে একটি সুইমিং পুল নির্মিত হয়েছে তাদের সাঁতার শেখার জন্য।
কথা হলো ব্রাদার রোনাল্ড ড্রাহোজালের সঙ্গে। তিনি আপনগাঁও নিয়ে বলেন তাঁর প্রত্যাশার কথা, তাঁর স্বপ্নের কথা। তিনি আরও বলেন, ‘আমরা এই আপনগাঁওয়ের পরিসর আরও বড় করতে চাই। কিন্তু তার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাহলে এই প্রতিষ্ঠান আরও বেশি মানুষের সেবা করার সুযোগ পাবে।’