
বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণীর শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ মোহিত কামাল।
প্রথম আলো: বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে, সমাজে দিন দিন মাদকাসক্ত শিশু-কিশোরের সংখ্যা বেড়ে চলছে। এ বিষয়ে আপনি কী মনে করেন?
মোহিত কামাল: শিশুরা মাদক নেয়, এ ব্যাপারে আমি খুব শঙ্কিত। পর্যবেক্ষণ, পেশাগত ও বাস্তব অভিজ্ঞতায় যেসব ঘটনার মুখোমুখি হচ্ছি, একজন বিশেষজ্ঞ ও মনোরোগ চিকিৎসাক হিসেবে আমি শঙ্কিত হয়ে যাচ্ছি। কারণ, আগে শুধু বস্তির ছেলেরা, রাস্তার টোকাইরা বা যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সন্তানেরা মাদক নিত। এখন দেখছি সমাজের অভিজাত শ্রেণীর ছেলেমেয়েরাও মাদক নিচ্ছে। আগে দেখতাম, মাদকাসক্ত শিশুর বয়স ১৫ আর এখন ১২-১৩, এমনকি ৬-৭ বছরের শিশুরাও মাদক নিচ্ছে।
প্রথম আলো: সব শ্রেণীর শিশু-কিশোরদের এ ফাঁদে জড়ানোর কারণ কী?
মোহিত কামাল: এর মূল কারণ মাদকদ্রব্যের সহজলভ্যতা। ২০ থেকে ৩০ টাকায়ও মাদক মেলে যেকোনো জায়গায়। যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত, যারা মাদকের এজেন্ট হিসেবে কাজ করে, তারা শিশু-কিশোরদের বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করে। কৌতূহলী হয়েও শিশুরা মাদক নেয়। শুরুতে তারা বলে, নেশা করব না, শুধু একটু খেয়ে দেখি। কিন্তু তাদের শরীরেও রাসায়নিক ঢুকে যাচ্ছে, যা নিজস্ব গুণাগুণ অনুযায়ী কাজ করে, যার একটা প্রভাব আছে। তখন সে একটা গোলকধাঁধায় পড়ে যায়। সেখান থেকে আর বের হতে পারে না। সে পড়ালেখায় অমনোযোগী হয়ে যায়, স্বাভাবিক জীবন হারিয়ে ফেলে। কিডনি নষ্ট হয়ে যাওয়াসহ নানা ধরনের শারীরিক ক্ষতি হয়। শুধু দেহ নয়, মননশীলতা, চিন্তাভাবনা, মমতা, ভালোবাসা—সব শেষ হয়ে যায়। মাদকসেবীরা অপরাধপ্রবণ হয়ে ওঠে। পথশিশুরা রাস্তায় বড় হয়। তাদের বিনোদনের কিছু নেই। মাদকই তাদের বিনোদন। মাদকের বিনিময়ে অপরাধী চক্র তাদের কাজে লাগায়। ভয়ংকর অস্ত্র তুলে দেয় তাদের হাতে। এভাবে একসময় তারা সমাজের জন্য হুমকি হয়ে ওঠে।
প্রথম আলো: একটা সময় ছিল, যখন মেয়েদের মাদক নেওয়ার ঘটনা ছিল হাতে গোনা, কিন্তু এখন কিশোরীরাও মাদক নিচ্ছে। এর কারণ কী?
মোহিত কামাল: মূলত যে মেয়েরা একটু নাদুসনুদুস ধরনের, তারা স্লিম হতে মাদক নিচ্ছে। মেয়েরা জিরো ফিগার পাওয়ার জন্য ঝুঁকছে। মাদক নিলে রুচি কমে যায়, তখন তাদের ক্ষুধাও কমে যায়। ফলাফল তাদের শরীর ভাঙে। তখন তারা মনে করে, এটা খেলে শরীরের মেদ কমবে। এ জন্য তারা নিজেরা মাদক নেয় এবং অন্যকে প্ররোচিত করে। কিন্তু এটা নিলে শুধু দেহ শুকায় না, শরীরের কোষও শুকিয়ে যায়।
প্রথম আলো: অভিযোগ অভছে ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েরা বেশি মাদক নেয়। এমনকি অনেকে এজেন্ট হিসেবে কাজ করে।
মোহিত কামাল: এটা ঠিক নয়। সব শ্রেণীর ছেলেমেয়েরাই মাদক নেয়। তবে দামি মাদকের ক্রেতা মূলত ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীরা। যেখানে বড় লোকের ছেলেমেয়েরা আছে, সেখানে মাদকের ব্যবসায়ীরা ফাঁদ পাতছেন। কারণ, ব্যবসায়ীরা জানেন, কোথায় তাঁরা ব্যবসাটা করতে পারবেন। পাঁচটি বিক্রি করে দুটো ফ্রি দিয়ে শিশুদের এজেন্ট বানিয়ে ফেলেন। যখন ক্লাসে একজনের কাছে ইয়াবা থাকে, পাশের মেয়েটাও ঝুঁকিতে থাকে।
প্রথম আলো: সন্তানের দেখাশোনার দায়িত্ব মূলত পরিবারের। তারা কী ভূমিকা রাখতে পারে, যাতে তার সন্তান মাদকাসক্ত না হয়। আর হয়ে গেলে করণীয় কী?
মোহিত কামাল: মা-বাবার উচিত সন্তানের সঙ্গে এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা। পাশাপাশি খেয়াল রাখতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, ফেসবুকের বন্ধু কারা, স্কুলে বন্ধু কারা, তাদের বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে। বন্ধু নির্বাচনকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। প্রবাদেই আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ ছাড়া মা-বাবার ভালো সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। কারণ, সেটা বাচ্চার ব্যক্তিত্ব গড়নে সহায়তা করবে, বাচ্চা ব্যক্তিত্বশীল, আত্মপ্রত্যয়ী হবে। যে পরিবারে মা-বাবার সম্পর্ক ভালো না, সেই ঘরের ছেলেমেয়েরা জীবন সম্পর্কে আশাবাদী হয় না। তাদের মধ্যে নৈরাশ্য ভর করে। তারা নেশার ফাঁদে জড়িয়ে যায়। আমি জোর দিয়ে বলব, বাবাকে শ্রেষ্ঠ স্বামী হতে হবে। যে শ্রেষ্ঠ স্বামী হয়, সে শ্রেষ্ঠ বাবা হতে পারে। আর শ্রেষ্ঠ বাবার সন্তান কখনো মাদকাসক্ত হয় না। আর সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে তাকে অবহেলা না করে তার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের বন্ধু হতে হবে। তাকে সেখান থেকে তুলে আনতে হবে এবং তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে।
প্রথম আলো: অনেকেই অভিযোগ করে প্রযুক্তি মাদক ব্যাপ্তির একটি বড় কারণ। এ বিষয়ে অপনার অভিমত কী?
মোহিত কামাল: শিশুরা অবশ্যই প্রযুক্তির সহায়তায় বেড়ে উঠবে। তবে মা-বাবাকে খেয়াল রাখতে হবে যেন বদ্ধ ঘরে শিশুরা ইন্টারনেট ব্যবহার না করে। অত্যাধুনিক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে শিশুরা খুব কম বয়সে পর্নোগ্রাফি ও মাদকের মতো ভয়ানক বিষয়গুলো সম্পর্কে জেনে যায়।
প্রথম আলো: সরকার মাদক নির্মূলে যেসব পদক্ষেপ নিচ্ছে, তা কতটুকু কার্যকর বা এ বিষয়ে আপনার মতামত কী?
মোহিত কামাল: সরকার কাজ করছে। তবে সরকার খুব যে আন্তরিক নয়, তা মাদকের ব্যাপ্তি দেখলেই বোঝা যায়। সরকারি নীতিমালায় মাদককে গুরুত্ব দিতে হবে। পাঠ্যবইয়ে মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। আর অবশ্যই সীমান্তে নজরদারি বাড়াতে হবে, সেখান থেকে যেন মাদক প্রবেশ করতে না পারে।
প্রথম আলো: সবশেষে আপনি কী বলতে চান?
মোহিত কামাল: মাদক নির্মূলে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে অভিভাবকদের। যাদের অভিভাবক নেই, তাদের সহায়তায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শিক্ষকেরাও বিদ্যালয়ের শিশুদের নৈতিক মূল্যবোধ তৈরিতে ভূমিকা রাখতে পারেন।
মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ
সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান