কক্সবাজার জেলার একমাত্র মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ‘নোঙর’-এর বিনা মূল্যে সেবা কার্যক্রম আগামী অক্টোবর মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এই কেন্দ্র থেকে সেবা নিয়ে সুস্থ হওয়া প্রায় এক হাজার মাদকাসক্ত যুবকের ভবিষ্যৎ নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। জেলার ঝুঁকিপূর্ণ দরিদ্র মাদকাসক্ত ব্যক্তিরা নোঙরের মধুমিতা প্রকল্পের মাধ্যমে বিনা মূল্যে দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা, এইচআইভি পরীক্ষা ও সচেতনতা তৈরিসহ নানাবিধ সেবা পেয়ে আসছিল। যার ফলে মাদকপ্রবণ এই সীমান্ত জেলায় এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের শনাক্তসহ মাদকাসক্ত ব্যক্তিদের উৎপাত তুলনামূলকভাবে কমে আসছিল। কিন্তু দাতা সংস্থার (ইউএসএআইডি) অর্থ বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্তে সংশ্লিষ্ট মহলে হতাশা দেখা দেয়। বর্তমানে নোঙরে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করায় মাদকাসক্ত ব্যক্তিরা ও তাদের পরিবারসহ সর্বমহলে উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আড়াই বছরে এই কেন্দ্র থেকে ৮৯৫ জন মাদকাসক্ত ব্যক্তিকে ( তিন মাস মেয়াদি আবাসিক চিকিৎসা) সেবা দিয়ে পুরোপুরি সুস্থ করে পরিবারে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৫ জন চাকরি করে সংসার চালাচ্ছেন। তা ছাড়া এই কেন্দ্রে এক হাজার ৯৬ জনের এইচআইভি, দুই হাজার ৪৯১ জনের যক্ষ্মা পরীক্ষা এবং এক হাজার ৮৫৫ জনকে এসটিআই সেবা দেওয়া হয়েছে। নোঙর থেকে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসা কক্সবাজার পৌরসভার বাহারছড়া বাজারের মাছবিক্রেতা বাবুল আজাদ (৪৫) বলেন, ‘চার বছর আগে মাদকাসক্ত হয়ে পাগল হয়ে গিয়েছিলাম। স্ত্রী, ছেলেমেয়েদের ভুলে গিয়েছিলাম। নোঙরে তিন মাসের চিকিৎসা নিয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছি। নোঙরের নজরদারির কারণে এযাবৎ মাদক স্পর্শ করিনি।’শহরের সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল গফুর (৩৪) ও শুঁটকি মাছবিক্রেতা নেজাম উদ্দিন (২১) বলেন, ‘নোঙরের বিনা মূল্যে চিকিৎসাসেবা না পেলে আমরাও মাদকাসক্ত হয়ে পাগলের মতো এখানে-সেখানে ঘুরে বেড়াতাম। এখন ব্যবসাবাণিজ্য করে পরিবারের সদস্যদের হাসিখুশি রাখতে পারছি। নোঙর বন্ধ হলে শহরের মাদকসেবীর সংখ্যাও বেড়ে যাবে।’ সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, নোঙরের মধুমিতা প্রকল্পটি শুধু কক্সবাজার নয়, দক্ষিণ চট্টগ্রামের প্রথম সেবাকেন্দ্র। এখানে শিরায় মাদক গ্রহণকারী ব্যক্তিদের জন্য এইচআইভি পরীক্ষাকেন্দ্র চালু করা হয়। এইচআইভি পজেটিভ শনাক্ত হলে তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। এবং বিভিন্নভাবে লোকজনকে এইচআইভি সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে। কিন্তু হঠাৎ করে গুরুত্বপূর্ণ প্রকল্পটি বন্ধ হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর কেন্দ্রটি পরিদর্শন করে একই মতামত ব্যক্ত করেন। নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ বলেন, দাতা সংস্থার বাজেট অপর্যাপ্ততার কারণে মধুমিতা প্রকল্পটি আগামী অক্টোবর মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ইতিমধ্যে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনকারী মাদকমুক্তদের অব্যাহত সেবা দেওয়া সম্ভব হবে না। তা ছাড়া মাদকাসক্ত ব্যক্তিদের সেবা দিয়ে সুস্থ করে তোলার মতো বিকল্প প্রকল্প তৈরি করাও কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া কেবল শিরায় মাদক গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এইচআইভি পরীক্ষা করে গত নয় মাসে (গতবছরের অক্টোবর থেকে চলতি সালের জুন পর্যন্ত) তিনজনের মধ্যে এইচআইভি পজিটিভ শনাক্ত করা গেছে। তাই এইচআইভির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এই পর্যটন শহরে নোঙরের মতো একটি প্রকল্প বাঁচিয়ে রাখা জরুরি।