মাদকের ছোবল, বিপথে যুবসমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের মাদক। ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় সিন্ডিকেট গড়ে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদকের বিষাক্ত ছোবলে ধ্বংসের মুখে পড়েছে যুবসমাজ। উপজেলার বিভিন্ন হাটবাজার, রেলস্টেশন এলাকা, গ্রামগঞ্জের পরিত্যক্ত ভবনগুলোতে মাদক ব্যবসা ও সেবন চলছে প্রকাশ্যে। উপজেলার বিভিন্ন নর্দমা, পরিত্যক্ত জায়গা, ভবনের ছাদে দেখতে পাওয়া যায় মাদকসেবীদের ব্যবহূত খালি বোতল, পলিথিন। মিরসরাই থানা সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ৬০টি। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে দুই হাজার লিটার চোলাই মদ, চার কেজি ৭৭ গ্রাম গাঁজা, ছয় গ্রাম হেরোইন, এক হাজার ৪৩৭ বোতল ফেনসিডিল, ৭০৫টি ইয়াবা বড়ি।জানা গেছে, মিরসরাইয়ের করেরহাট সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আসছে গাঁজা, হেরোইন, হুইস্কি, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। করেরহাট, তালবাড়িয়া, হাদিফকিরহাট এলাকায় স্থানীয় প্রভাবশালীমহল পাহাড়ি উপজাতীয় সম্প্রদায়কে দিয়ে জোরপূর্বক তৈরি করিয়ে নেয় চোলাই মদ। এ ছাড়া পাওয়া যায় রেকটিফায়েড স্পিরিট। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ডিসপেনসারির ওষুধ বিক্রেতা জানান, কাশির জন্য ব্যবহূত ডাইড্রিল সিরাপে ঘুমের ওষুধসহ দুই থেকে তিন রকমের ক্যাপসুল ও কোমল পানীয়ের মিশ্রণে তৈরি করা হচ্ছে এক ধরনের পানীয়। নতুন পদ্ধতির নেশার প্রতি ঝুঁকে পড়ছে মাদকাসক্ত যুবসমাজ। ওই মিশ্রণের নাম দেওয়া হয়েছে ‘ঝাকানাকা’। বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, সন্ধ্যার পর থেকে প্রতিটি ছোট-বড় হাটবাজারে বসে মদের জমজমাট আসর। প্রতিদিন মিরসরাইয়ে চোলাই মদের চাহিদা রয়েছে প্রায় ২০০ থেকে ২৫০ গ্যালন। প্রতি গ্লাস চোলাই মদের দাম পড়ে ১০ টাকা, আর এক পোয়া পলিব্যাগে নিলে দাম পড়ে ২০ টাকা। প্রতি বোতল ফেনসিডিলের দাম পড়ে ৬০০ টাকা। বারইয়ারহাট ও মিঠাছড়া বাজারে অবাধে পাওয়া যায় ফেনসিডিল এবং হেরোইন। উপজেলার বিভিন্ন বাজারে বেশকিছু বিড়ি-সিগারেটের দোকানে পাওয়া যায় বিড়ি-সিগারেটভর্তি গাঁজা। মিরসরাইয়ে প্রবেশের পর বিশাল এক সিন্ডিকেটের নেতৃত্বে উপজেলার বারইয়ারহাট, চিনকি আস্তানা, জোরারগঞ্জ, ঠাকুরদিঘি, মিঠাছড়া বাজার, মিরসরাই সদর, শান্তিরহাট, আবুতোরাব, কাটাছড়া, আবুরহাট, মায়ানী, দমদমা, সাহেরখালী, কমরআলীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।মিরসরাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর না থাকলেও এ এলাকা নিয়ন্ত্রণ করে সীতাকুণ্ড মাদকদ্রব্য অধিদপ্তর। সীতাকুণ্ড থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা বছর ছয় মাসে একবার এসে লোক দেখানো অভিযান চালালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ রয়েছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম এ কে ভূঞা জানান, মিরসরাইয়ে বর্তমানে মাদক অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে। এলাকার লোকজনদের সচেতনতা না বাড়লে পুলিশের একার পক্ষে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।