মাদারবাড়িতে গ্যারেজ ভেঙে তিনটি দামি গাড়ির যন্ত্রাংশ চুরি
নগরের পশ্চিম মাদারবাড়ির রশিদ মাস্টারের বাড়ির গ্যারেজ ভেঙে তিনটি দামি গাড়ির সব যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে সংঘবদ্ধ গাড়ি চোরের দল। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গাড়ি মালামালের দাম ১০-১২ লাখ টাকা হবে বলে গাড়ির মালিকদের সূত্রে জানা গেছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাড়ির যন্ত্রাংশ চুরির সঙ্গে ওই এলাকার একজন নিরাপত্তাকর্মীর (দারোয়ান) যোগসাজশ আছে বলে সন্দেহ হচ্ছে। এ কারণে ওবায়দুল হক নামের ওই দারেয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জানা যায়, সংঘবদ্ধ চোরের দল রশিদ মাস্টারের বাড়ির দুই দারোয়ানকে বস্তার মধ্যে ঢুকিয়ে আটকে রাখে। এরপর তারা গ্যারেজের তালা ভেঙে একটি এলিয়ন, একটি মার্ক টু এবং অন্য একটি জি করোলা গাড়ির ভেতরের যন্ত্রংশ খুলে নেয়। খুলে নেওয়া যন্ত্রপাতির মধ্যে রয়েছে গাড়ির ডিজিটাল মিটার, শীততাপনিয়ন্ত্রণ-ব্যবস্থা, হেডলাইট, উইন্ডে অটো সুইস, নেভিগেশন সেট, ইঞ্জিন কন্ট্রোলার, ডিভিডি সেট ইত্যাদি।পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানায়।