মাদুরোর সামনে অনেক চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন প্রয়াত ‘বিপ্লবী নেতা’ হুগো চাভেজের নিজের বেছে যাওয়া উত্তরসূরি নিকোলা মাদুরো। তাঁর জয় নিয়ে অনিশ্চয়তা বলতে তেমন কিছু ছিল না। কিন্তু নির্বাচনের পরই হয়তো আসল অনিশ্চয়তার মুখোমুখি হবে দেশটি। এরই মধ্যে উত্তর খোঁজা হচ্ছে অনেক প্রশ্নের। নবনির্বাচিত প্রেসিডেন্ট কি পূর্বসূরি চাভেজের রেখে যাওয়া পথে হাঁটবেন? বা চাইলেও কি পারবেন? মাদুরোর সামনে চ্যালেঞ্জগুলোই বা কী হবে? সমর্থকেরা অবশ্য মনে করেন, মাদুরো হুগো চাভেজের আদর্শ থেকে সরবেন না। প্রায় দুই দশক ধরে চাভেজের পাশে পাশে ছিলেন তিনি। নিজেকে চাভেজের ‘ছেলে’ হিসেবে পরিচয় দেন। তাই মাদুরোর ভিন্নপথ ধরার কোনো সম্ভাবনাই দেখছেন না ভক্তরা। ধরে নেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচনা অব্যাহত থাকবে। ভেনেজুয়েলা চালিয়ে যাবে তার নিজের কায়দার বিপ্লব।মাদুরো একসময় ছিলেন বাসচালক। সেখান থেকে হন সক্রিয় ইউনিয়ন কর্মী। সাফল্যের সিঁড়ি বেয়ে একদিন হয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। একসময় তাঁকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেন চাভেজ। তার পরের ঘটনা সবার জানা।নির্বাচিত হওয়ার পরপরই ‘প্রতিদান’ দিতে শুরু করেছেন মাদুরো। চাভেজের মেয়ের জামাই জর্জ আরেয়াহোকে ভাইস প্রেসিডেন্ট করার কথা ঘোষণা করেছেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় মাদুরো ইরান, সিরিয়া, কিউবাসহ লাতিন আমেরিকার বামপন্থী দেশগুলোর জোটের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেন। অন্তত নিকট-ভবিষ্যতে সে সম্পর্ক অব্যাহত থাকারই কথা।নবনির্বাচিত প্রেসিডেন্ট বড় রকমের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁরা বলছেন,ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নগতির মতো বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হবে মাদুরোকে।নির্বাচনী প্রচারণায় সারা দেশ চষে বেড়ালেও নিকোলা মাদুরো জিতেছেন সামান্য ভোটের ব্যবধানে। গত ৫০ বছরের মধ্যে এত কম ভোটের ব্যবধানে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়নি। এটা তাঁর একটা দুর্বল দিক হিসেবেই মনে রাখা হবে। তাহলে মাদুরোকে কেনই বা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন ভেনেজুয়েলার অর্ধেক ভোটার? জবাবে বিশ্লেষকেরা দুটি কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, সামাজিক নিরাপত্তা খাতে হুগো চাভেজের উচ্চাভিলাষী ব্যয়। তেলশিল্পের নজিরবিহীন উন্নতির বদৌলতে তা সম্ভব হয়েছে। দ্বিতীয়ত, মৃত্যুর আগেই মাদুরোকে চাভেজের নিজের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া। মূলত এই দুই কারণেই মাদুরো নির্বাচনী বৈতরণী পার হতে পেরেছেন বলে অনেকে মনে করেন।ক্ষমতায় আসার পর চাভেজ তেলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় মালিকানায় আনতে শুরু করেছিলেন। এসব থেকে অর্জিত অর্থ তিনি বিভিন্ন সামাজিক কর্মসূচিতে ব্যয় করেন। দেশের দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে বাসস্থান, বিদ্যুৎ, পানি ও খাদ্যের সংস্থান করা ছিল তাঁর লক্ষ্য। শুধু দেশের দরিদ্র জনগণের জন্যই নয়, বিদেশে তাঁর রাজনৈতিক মিত্রদের জন্যও অনুরূপ বদান্যতা দেখিয়েছেন চাভেজ।মাদুরোর প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপ্রিলেসের নির্বাচনী প্রচার অভিযানের ভাষ্য অনুযায়ী চাভেজ তাঁর ১৪ বছরের শাসনকালে ভেনেজুয়েলার জিডিপির দশ ভাগের এক ভাগ দানই করেছেন।বিশ্লেষকেরা বলছেন, দেশের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির যে অবস্থা, তাতে চাভেজের এই দরাজ দিল সামাজিক কর্মসূচি অব্যাহত রাখা মাদুরোর পক্ষে কঠিন হয়ে পড়তে পারে। আবার এ সামাজিক কর্মসূচি অব্যাহত না রাখলে তাঁর জনপ্রিয়তা কমে যাবে।অর্থনীতিবিদেরা মনে করছেন, ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি আরও বেড়ে উদ্বেগজনক পর্যায়ে চলে যেতে পারে। এ ছাড়া ওষুধ ও ময়দার মতো অতি প্রয়োজনীয় জিনিসের ঘাটতিও অব্যাহত থাকতে পারে। এ কারণে সংকটে পড়তে পারেন মাদুরো। সংকট কাটাতে তাই সরকারি খরচে কাটছাঁট করতে হবে মাদুরোকে। পরামর্শক প্রতিষ্ঠান ইকোনোমেট্রিকার এনজেল গার্সিয়া বলেন, ‘আমরা সরকারি ব্যয়ের হ্রাস দেখতে যাচ্ছি। বিশেষ করে বাড়ি নির্মাণ প্রকল্পে। নিশ্চল প্রবৃদ্ধির পাশাপাশি মুদ্রাস্ফীতির বছর হতে যাচ্ছে এটি।’তবে বর্তমান পরিস্থিতির শিগগিরই ভয়াবহ সংকটে পরিণত হতে পারে এমনটি বলছেন না কেউ। বিশ্লেষকেরা বলছেন, নিকোলাস মাদুরোকে এবার সংস্কারের কাজে মনোযোগ দিতে হবে। কারণ, তাঁকে এখন যেসব কাজের দায়িত্ব নিতে হবে, তা খুব সহজ হবে না।চাভেজের শাসনামলে দেশটির লাখ লাখ মানুষ চরম দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তিনি ভেনেজুয়েলার অর্থনীতিকে খুব ভালো অবস্থায় রেখে গেছেন, তা তাঁর সমর্থকেরাও সবাই বলবেন না। মাদুরো পূর্বসূরির কাছ থেকে অনেক সমস্যা বা দুর্বলতা পেয়েছেন। মুদ্রাস্ফীতি ছাড়াও তার মধ্যে রয়েছে মান্ধাতার আমলের শিল্প-কারখানা, বৈদেশিক ঋণ আর তার মোটা সুদ, তেলের ওপর অতি নির্ভরশীলতা ইত্যাদি। সমালোচকেরা বলেন, চাভেজ তেল ছাড়া অন্য শিল্পের বিকাশ ঘটানোর বিশেষ কোনো চেষ্টা করেননি। এখনো ভেনেজুয়েলার মোট রপ্তানি আয়ের ৯৬ শতাংশ আসে তেল থেকে। কিন্তু এত বড় তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও ভেনেজুয়েলাকে জ্বালানি তেল আমদানি করতে হয়! কারণ, দেশের অনেক পুরোনো তেল শোধনাগারগুলো অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সমর্থ নয়।চাভেজের আমলে ভূমি সংস্কার হয়েছে। বড় খামার-মালিকদের কাছ থেকে ফেলে রাখা জমি নিয়ে ছোট চাষিদের দেওয়া হয়েছে। কিন্তু খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমেনি।মাদুরোকে এই অর্থনীতি জোরদার করতে হবে। কিন্তু সে জন্য অর্থ আসবে কোথা থেকে? ভর্তুকি কমিয়ে সরকারি ব্যয় কমানো যেতে পারে। কিন্তু ভর্তুকি কিংবা সামাজিক সুযোগ-সুবিধা কমালে সাধারণ মানুষের সমর্থন কি মাদুরো ধরে রাখতে পারবেন? এমনকি ভর্তুকি কমালে রীতিমতো অশান্তি শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি ও ডয়েচে ভেলে