মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম
চন্দনাইশ থানাধীন মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ এনেছে ওই ছাত্রের পরিবার। দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. নূর উল্লাহর (৫০) বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।নির্যাতনের শিকার ওই ছাত্রের নাম মো. মিনহাজ উদ্দিন (১৫)। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গত শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে গত শনিবার মিনহাজের মামা আবদুল ওয়াহেদ বাদী হয়ে মো. নূর উল্লাহসহ অজ্ঞাত আরও তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগে চন্দনাইশ থানায় মামলা করেছেন। মিনহাজের পরিবার এবং থানা সূত্রে জানা গেছে, কোরআন শিক্ষার জন্য ২০১০ সালে মিনহাজকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। গত ২৬ অক্টোবর মাদ্রাসার হোস্টেলে থাকাকালে চুরির অভিযোগে প্রধান শিক্ষকসহ অজ্ঞাত অন্য তিন শিক্ষক মিনহাজের হাত-পা বেঁধে তাকে বেদম মারধর করেন। এ ছাড়া বাঁ পায়ের আঙুলে নখের নিচে সুচ ঢোকানোসহ লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করে আহত অবস্থায় তাকে ছয় দিন আটকে রাখা হয়। ঈদুল আজহার ছুটিতে পরিবারের লোকজন মিনহাজকে নিতে গেলে প্রকৃত ঘটনা বের হয়ে আসে। এরপর মিনহাজকে গুরুতর অবস্থায় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনহাজের মামা আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, মিনহাজের অবস্থা আশঙ্কাজনক। সামান্য চুরির অভিযোগে তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। সে এখন চমেক হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। অবৈধভাবে আটকে রেখে ছাত্র নির্যাতনের দায়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে।