মাদ্রাসার উপাধ্যক্ষ পেটালেন পরীক্ষার্থীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে মাদ্রাসাশিক্ষকের বেধড়ক পিটুনির শিকার হয়েছেন ছাগলনাইয়ার ফাজিল প্রথমবর্ষের একজন পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার ছাগলনাইয়ার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফাজিল প্রথম বর্ষের ‘হাদিস’ বিষয়ে পরীক্ষা চলাকালে মাদ্রাসার উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) মাওলানা লোকমান হোসেন পরীক্ষার্থী মো. সোলায়মান হাজারীকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার পর ওই পরীক্ষার্থী বাদী হয়ে মাদ্রাসার উপাধ্যক্ষের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।ছাগলনাইয়া থানায় দায়ের করা ওই পরীক্ষার্থীর অভিযোগে বলা হয়, এ ঘটনার আগের দিন স্থানীয় একটি পত্রিকায় ‘ইসলামিয়া মাদ্রাসায় নকলের মহোৎসব চলছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ পড়ে মাওলানা লোকমান হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন বৃহস্পতিবার পরীক্ষার হলে এসে তিনি মো. সোলায়মান হাজারীকে সংবাদ প্রকাশে সহযোগিতা করার জন্য দায়ী করেন। সোলায়মান অস্বীকার করার পরও তিনি তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করেন। সোলায়মান আহত অবস্থায় পরীক্ষায় অংশ নিলেও যন্ত্রণায় ঠিকভাবে পরীক্ষার খাতায় লিখতে পারেননি বলে জানান। মো. সোলায়মান আরও অভিযোগ করেন, মাদ্রাসার উপাধ্যক্ষ পরীক্ষার হলে পরীক্ষার্থীদের উদ্দেশে দম্ভ করে বলেন, ‘ওই সব পত্রিকায় নকল হচ্ছে লিখে কোনো লাভ হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), শিক্ষা কর্মকর্তা সবার সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমরা যেভাবে চাইব পরীক্ষা সেভাবেই হবে।’ পরীক্ষা শেষে সোলায়মানের বন্ধু ও সহপাঠীরা তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে মো. সোলায়মান হাজারী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান শামীম বলেন, বাদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত উপাধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. লোকমান হোসেন ওই পরীক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার হলে তার কাছে নকল পাওয়া গেছে। তারা নকলও করবে, আবার পত্রিকায় নকলের সংবাদ লিখবে এটা হয় না। তাকে বহিষ্কারের পরিবর্তে সামান্য শাস্তি দেওয়া হয়েছে মাত্র।’