কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবারে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও দাখিল পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে। মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয় থেকে এক হাজার ২৫২ শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৮৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। পাসের হার শতকরা ৭৩ শতাংশ। শীর্ষে রয়েছে মহেশখালী আইল্যান্ড উচ্চবিদ্যালয়। মহেশখালী আইল্যান্ড উচ্চবিদ্যালয়ে একজন, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে দুইজন, পানিরছাড়া আর্দশ উচ্চবিদ্যালয়ে পাঁচজন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ একজন, আর্দশ উচ্চবিদ্যালয়ে পাঁচজন ও ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চবিদ্যালয়ে একজন জিপিএ-৫ পেয়েছে। এদিকে দাখিল পরীক্ষায় ১৬টি মাদ্রাসার ৫৩৫ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। পাসের হার ৯০ দশমিক ৬৫ শতাংশ। কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসায় ছয়জন, কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসায় একজন, কালারমারছড়া বালিকা মাদ্রাসায় তিনজন, মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদ্রাসায় একজন, পুটিবিলা ফাজিল মাদ্রাসায় একজন, আহমদিয়া তৈয়্যবিয়া মাদ্রাসায় দুজন, পানিরছড়া ইসলামিয়া মাদ্রাসায় থেকে একজন ও শাপলাপুর ইসলামিয়া মাদ্রাসায় একজন জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ফজলুল করিম বলেন, এবারে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে স্কুলের চেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা বেশ ভালো ফলাফল করেছে।