মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হলে কোচিং, নোট-গাইড ও গৃহশিক্ষক-নির্ভরতা থাকবে না। মুখস্থনির্ভর জ্ঞান থেকে শিক্ষার্থীদের বের করে তাদের অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার দিকে নেওয়া হবে। দেশজুড়ে এমন আশাবাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগে।আরও নির্দিষ্ট করে বলা যায়, এই স্বপ্নের বীজ বপন করা হয়েছিল ১৯৯৯ সালে। তখন মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্প (সেসিপ) গ্রহণ করা হয়। অবশ্য ওই প্রকল্পের মূল কাজকর্ম শুরু হয় প্রায় অর্ধযুগ পর। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালের এসএসসি পরীক্ষা থেকেই সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হওয়ার কথা ছিল। কিন্তু ওই বছরের জুনে আন্দোলনের মুখে উদ্যোগটি স্থগিত করা হয়। বলা হয়, এত বড় সংস্কারের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়নি।২০০৮ সালের ১৭ এপ্রিল তত্ত্বাবধায়ক সরকার কীভাবে এ প্রশ্নপদ্ধতি চালু করা যায়, সে সম্পর্কে সুপারিশ করতে সাত সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটির সদস্যদের মধ্যে ছিলেন জাতীয় শিক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ। কমিটির সদস্য-সচিব ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের ওই সময়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) নজরুল ইসলাম খান। তাঁদের সুপারিশের ভিত্তিতে ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র এবং ধর্ম শিক্ষা বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হয়। ২০১১ সালে এর সঙ্গে যুক্ত হয় আরও পাঁচটি বিষয়। এগুলো হচ্ছে: সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি। ২০১২ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন চালু হবে। তবে গণিত, ইংরেজি ও বাংলা দ্বিতীয় পত্রে গতানুগতিক প্রশ্নপদ্ধতি অব্যাহত থাকবে।২০১২ সালের এইচএসসি পরীক্ষায়ও বাংলা বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হবে। এ জন্য চলছে প্রস্তুতি। আছে ভয়, কিছুটা আতঙ্ক। তবে মাধ্যমিকে যেহেতু বিষয়টি সফল হয়েছে, উচ্চমাধ্যমিকে তাই ঝুঁকির কিছু দেখছেন না শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। মাধ্যমিকে সৃজনশীল প্রশ্নে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। ২০১৩ সাল থেকে উচ্চমাধ্যমিকে আরও তিনটি বিষয়ে নতুন এই প্রশ্নপদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সৃজনশীল পদ্ধতিতে একজন শিক্ষার্থীর জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর এবং উচ্চতর দক্ষতা যাচাই করার কথা। প্রশ্নপত্রে তুলে দেওয়া একটি অনুচ্ছেদের ভিত্তিতে ১০ নম্বরের একটি প্রশ্ন থাকে। এর চারটি অংশ তথা ক, খ, গ, ঘ এবং মান বণ্টন হবে যথাক্রমে ১, ২, ৩, ৪। মোট ছয়টি প্রশ্নে ৬০ নম্বর থাকবে, বাকি নম্বর নৈর্ব্যক্তিক বা ব্যবহারিক প্রশ্নে বরাদ্দ থাকবে। প্রতিটি প্রশ্ন মৌলিক হওয়ার কথা অর্থাৎ একবার কোনো প্রশ্ন ব্যবহূত হলে তা আবার ব্যবহার করা যাবে না।শিক্ষা বিশেষজ্ঞদের মত হচ্ছে, সৃজনশীল পদ্ধতি চালু হলে নকলের সুযোগই থাকবে না। ইতিমধ্যে নকলের প্রকোপ অনেকটা কমেছে। সৃজনশীল প্রশ্ন সঠিকভাবে প্রণয়ন করা হলে পরীক্ষার্থীর সঙ্গে এখন বই দিলেও তাতে কাজ হবে না। এ ধরনের প্রশ্নে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নোট-গাইড থেকে একটি প্রশ্নও আসেনি। কিন্তু তার পরও নোট-গাইডের প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন না শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে নোট-গাইড ব্যবসায়ীরা কৌশল পাল্টেছেন। তাঁরা নোট-গাইডের পরিবর্তে সাজেশন, প্র্যাকটিস বুকসহ বিভিন্ন নামে বই বের করছেন। তাঁদের বক্তব্য হচ্ছে, এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে না। কিন্তু এসব বই থেকে শিক্ষার্থীরা চর্চার সুযোগ পাবে।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন সম্প্রতি প্রথম আলোকে বলেন, সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাই বুঝতে পারছেন, এ ধরনের নিম্নমানের বই পড়ে ও কোচিং সেন্টারে ছুটে লাভ নেই। তিনি বলেন, মূল্য দিয়ে নোট-গাইড বা প্র্যাকটিস বুক না কিনে বিনা মূল্যে দেওয়া সরকারের বই পড়লে ভালো নম্বর পাওয়া যায়—এ ধারণা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষকদের একটি বড় অংশ এখনো সৃজনশীল প্রশ্নপদ্ধতি আয়ত্ত করতে পারেননি। এ ধরনের প্রশ্ন করার জন্য যে ধরনের পড়াশোনা ও পরিশ্রম করতে হয়, তা অনেকেই করতে চান না। তা ছাড়া সরকারি উদ্যোগে শিক্ষকদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, তা হয়নি, যেটা হয়েছে তা সামান্য এবং আংশিক। তবে আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী সবাই বিষয়টি আয়ত্ত করতে পারবেন।একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, সৃজনশীল একটি ভালো পদ্ধতি। কিন্তু দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাবে এ পদ্ধতি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীর একটি বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হওয়ায় যোগ্যদের অনেকেই শিক্ষক হতে পারেননি। এ ছাড়া প্রশিক্ষণ দেওয়া হলেও তা এখন পর্যন্ত পর্যাপ্ত বলা যাবে না।শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মাধ্যমিক স্তরে শিক্ষকের সংখ্যা অনেক, তা সত্ত্বেও তাঁরা এখন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পাচ্ছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সনদ অর্জন করার শর্ত দেওয়ায় অযোগ্যদের শিক্ষকতা পেশায় আসার পথ অনেকটা বন্ধ হয়েছে। তিনি আরও বলেন, মাধ্যমিক স্তরে পর্যায়ক্রমে নতুন পাঠ্যক্রম হচ্ছে এবং ওই পাঠ্যক্রমের সঙ্গে সংগতিপূর্ণ সৃজনশীল প্রশ্ন চালু হলে তা শিক্ষার গুণগত মান বাড়াতে ভূমিকা রাখবে।সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল পর্যালোচনা করে দেখা গেছে, সৃজনশীল প্রশ্নপত্রের অধীনে নেওয়া ১০টি বিষয়ের ফল আগের তুলনায় ভালো হয়েছে অথবা ফল একই রকম আছে। ঢাকা বোর্ডের সাধারণ বিজ্ঞান বিষয়ে পাসের হার গত বছর ছিল ৯৬ শতাংশ, এবার সৃজনশীল প্রশ্নে ওই হার ১ শতাংশ কমেছে। আবার একই বোর্ডে রসায়ন বিষয়ে গত বছর পাসের হার ছিল ৯৭ শতাংশ, সৃজনশীল প্রশ্নে এবার ওই হার ১ শতাংশ বেড়ে হয়েছে ৯৮ শতাংশ।[email protected]