মাধ্যমিক শিক্ষকদের প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ১১ জুলাই ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতীকী গণ-অনশন পালিত হয়।সকাল ১০টায় জেলা শিক্ষক সমিতির ব্যানারে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক শিক্ষক প্রতীকী গণ-অনশনে অংশ নেন। বিকেল পাঁচটায় তাঁদের অনশন শেষ হয়। শিক্ষকদের গণ-অনশন চলাকালে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীর কার্যক্রম বন্ধ ছিল।দিনব্যাপী গণ-অনশন চলাকালে জেলা শিক্ষক সমিতির সভাপতি ডি এম একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মজুমদার, ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার, সাংবাদিক এ কে এম আবদুর রহিম, শাহাদাত হোসেন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হারুন, আইনজীবী বিমল শীলসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।