মাধ্যমিক স্তরের ইংরেজির শিক্ষকদের কর্মশালা
ব্রিটিশ কাউন্সিল ও ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের (এফএলটিসি) যৌথ উদ্যোগে মাধ্যমিক স্তরের ইংরেজি শিক্ষকদের এক কর্মশালা ১৭ জুন চট্টগ্রাম কলেজে স্থাপিত এফএলটিসিতে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম শহরের ২৫টি সরকারি, বেসরকারি ও মাদ্রাসার ইংরেজির শিক্ষকেরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিদেশি ভাষা প্রশিক্ষণকেন্দ্র স্থাপন প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক অধ্যাপক জসিম উদ্দীন। তিনি বলেন, এফএলটিসি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প। এর আওতায় চট্টগ্রাম কলেজসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি ভাষা প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানবসম্পদ সৃষ্টির উদ্দেশ্যে মোট ১১টি ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। যাতে ইংরেজি, আরবি, কোরিয়ান, জাপানি ও ফরাসি ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়। মাল্টিমিডিয়ার সাহায্যে অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতিতে ভাষা প্রশিক্ষণ দেওয়া হয় বলে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে সংশ্লিষ্ট ভাষায় অতি সহজে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। ইতিমধ্যে এসব প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রায় ১৬ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে দেশে-বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে। অনুষ্ঠানে সনদ বিতরণ করেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার। আলোচনায় অংশ নেন ব্রিটিশ কাউন্সিল ইংলিশ কোর্স ম্যানেজার মীর্জা তারেক বেগ। পুরো অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কো-অর্ডিনেটর অধ্যাপক মো. আবুল হাসান এবং নাহিদ ফেরদৌস ভূঁইয়া। বিজ্ঞপ্তি।