
টিএসসি পৌঁছে ফোন দিলাম ওকে।
ফোনের ওপাশে,
-হ্যালো।
-আমি টিএসসিতে আসছি। দেখা করতে চাইলে আসতে পারো।
-আধা ঘণ্টা অপেক্ষা করতে পারবা?
-উমম। (একটু ভেবে) হুম পারব।
-আচ্ছা। আসছি।
প্রায় এক মাস পর কথা হচ্ছে আমাদের। রাগারাগি হয়েছিল। সম্পর্ক হয়েছে এখনো বছর পেরোইনি। তার মাঝে এমন রাগারাগি আর কথা বন্ধ হয়েছে বেশ কয়েকবার। রাগ থেকে অভিমান। প্রতিবার অভিমান ভেঙে নতুন করে শুরু করি আমরা। আগের রাগারাগিটা ভুলে যাই।
হঠাৎ ফোন বেজে উঠল। ফোন ধরতেই,
-জনতা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। তুমি কই?
-আমিও তো তোমাকে দেখছি না।
-ওহ, দেখছি তোমাকে।
তারপর দেখলাম ওকে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, এক হাত পকেটে ঢোকানো, একটু খুঁড়িয়ে ধীরে ধীরে হেঁটে আসছে আমার দিকে। যখন ঠিক আমার সামনে এসে দাঁড়াল, আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে। আর ও মৃদু মৃদু হাসতে লাগল। আমি ঘড়ির দিকে তাকালাম। আধা ঘণ্টা হতে এখনো কিছু সময় বাকি আছে। তার আগেই চলে এসেছে ও।
সব মিলিয়ে মিনিট বিশেক একসঙ্গে ছিলাম আমরা। কিন্তু আমি সারাটা দিন আচ্ছন্ন হয়ে রইলাম ওর মাঝে।
ওহ, হ্যাঁ। বলতে ভুলে গেছি, আজই আমাদের প্রথম দেখা। রাতে ওর মেসেজ পেলাম। ওকে দেখার পর আমার অনুভূতি কি সেটা জানতে চায়। বলার মতো অনেক কিছুই ছিল। কিন্তু তার আগেই ও বলে দিল, ‘তোমার প্রতি কোনো অনুভূতি নাই আমার। তোমার জন্য আগের মতো আবেগ কাজ করছে না। আমাদের উচিত এখানেই শেষ করা। ভালো থেকো।’
এই ‘ভালো থেকো’ কথাটি অনেক তাত্পর্যপূর্ণ। যার অর্থ হলো ওপাশের মানুষটি আর খোঁজ নেবে না। ফোন ধরতে না পারলে আর কৈফিয়ত দিতে হবে না। আমার পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়তে লাগল। শুরুতে, দিনের বেলা ব্যস্ততার কারণে বেশি কথা হতো না আমাদের। তবু সুযোগ পেলেই কথা বলতাম আমরা। ও কত আবেগ নিয়ে সারা রাত কথা বলতে চাইত। কিন্তু আমি ঘুমিয়ে যেতাম মাঝে মাঝে। এ নিয়ে মান-অভিমানও হতো। কিছুতেই অদেখা একটি ছেলেকে সম্পূর্ণ অনুভব করতে পারতাম না আমি। খুব বেশি আবেগ কাজ করত না ওর প্রতি। তবু কীভাবে যেন এত দিন টিকে ছিল সম্পর্কটা। হয়তো ওর জন্যই।
একটি মেসেজ লিখেছিলাম। ওকে পাঠাব বলে।
‘সত্যি বলতে, তোমাকে দেখার আগে এক কল্পিত অনুভূতি ছিল তোমার প্রতি। কিন্তু তোমাকে দেখার পর বুঝলাম, আসলে অনুভূতি কী? তুমি মিশে ছিলে এক গভীর মায়ায়। আর আজ থেকে আমার ভবে-অনুভবে। অনেক ভালোবাসি তোমায়।’
জানি, মেসেজটা আর কোনো দিন পাঠানো হবে না। তবু ওটা মুছে দিলাম না। কারণ মন থেকেই তো আর মুছতে পারব না। তাহলে শুধু শুধু ফোন থেকে কেন?
নওরীন রাহী
কুষ্টিয়া।