মান পরীক্ষা ছাড়াই খালাস হচ্ছে এনার্জি ড্রিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান পরীক্ষা ছাড়াই চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হচ্ছে এনার্জি ড্রিংক। এনার্জি ড্রিংক আমদানিতে মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় কাস্টমস কর্তৃপক্ষও ব্যবস্থা নিতে পারছে না।
কাস্টমস কর্তৃপক্ষ সম্প্রতি ‘রেড বুল’ ব্র্যান্ডের একটি এনার্জি ড্রিংকের নমুনা পরীক্ষার জন্য বিএসটিআইয়ের কাছে পাঠায়। পণ্যটির নমুনা বিশ্লেষণ করে শুল্ক কর্তৃপক্ষ চিঠিতে জানায়, অ্যালুমিনিয়াম ক্যানের গায়ে লেখা আছে, পানীয়টিতে অন্যান্য উপাদানের সঙ্গে কার্বন ডাই–অক্সাইড ও উচ্চমাত্রার ক্যাফেইন রয়েছে। এ ছাড়া ক্যানের গায়ে লেখা অনুযায়ী, শিশু, গর্ভবতী মহিলা ও শিশুদের দুধ পান করানো মায়েদের জন্য এই পানীয় পানের সুপারিশ করা হয়নি। এই পণ্যটিকে কার্বনেটেড বেভারেজ হিসেবে উল্লেখ করে বিএসটিআইয়ের প্রত্যয়নপত্র প্রদানের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।
তবে পণ্যের নমুনা পর্যবেক্ষণ করে শুল্ক কর্তৃপক্ষের চিঠির জবাবে বিএসটিআইয়ের উপপরিচালক এস এম ইসহাক এক চিঠিতে জানান, পণ্যটি এনার্জি ড্রিংক (কার্বনেটেড)। পণ্যের গুণগত মানের সনদ নেওয়া-সংক্রান্ত ১৫৫টি বাধ্যতামূলক পণ্যের তালিকায় এনার্জি ড্রিংক পড়ে না। আবার আমদানি নীতি আদেশ অনুযায়ী ৪৩টি পণ্য বিএসটিআই থেকে পরীক্ষণ করে ছাড়পত্র নিতে হয়। এই তালিকায়ও নেই এনার্জি ড্রিংক।
জানতে চাইলে বিএসটিআই উপপরিচালক এস এম ইসহাক প্রথম আলোকে বলেন, ‘এনার্জি ড্রিংকের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমদানি নীতিতে কার্বনেটেড বেভারেজ মান নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও এনার্জি ড্রিংকের ক্ষেত্রে তা বলা নেই। ফলে বিএসটিআইয়ের প্রত্যয়ন প্রয়োজন নেই।’
কাস্টমসের সহকারী কমিশনার এস এম শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, কার্বনেটেড বেভারেজ হিসেবে পণ্যটি পরীক্ষণের জন্য পাঠানো হয়েছিল। তবে এনার্জি ড্রিংক হওয়ায় বিএসটিআইয়ের প্রত্যয়নের দরকার নেই বলে জানানো হয়েছে। এ কারণে এই চালানটি খালাস দেওয়া হয়েছে। তিনি বলেন, এনার্জি ড্রিংক আমদানির পরিমাণ এখনো কম।
সম্প্রতি সংসদের প্রশ্নোত্তর পর্বে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এনার্জি ড্রিংকস কোমল পানীয়র শ্রেণিভুক্ত। এতে উচ্চমাত্রার ক্যাফেইন, অপিয়মসহ অন্যান্য রসায়ন পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিএসটিআই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।