হে পুরোনো পথের পুরোনো যাত্রীমাননীয় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সুদীর্ঘ দিন পর তাঁর সরকারি কর্মস্থলে (সংসদে) এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এ জন্য যে, তিনি সংসদ ভবনে আসার পথটি এখনো ভুলে যাননি। ৯০ দিনের গ্যাঁড়াকলে পড়ে সরকারি বেতন-ভাতা, ভিআইপি স্ট্যাটাস বাঁচাতে হোক, আর জনস্বার্থেই হোক, আপনারা সংসদে এসেছেন, এ জন্য দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন।হে অতীত ও ভবিষ্যতের প্রধানমন্ত্রীঅতীতে আপনি সংসদে প্রধানমন্ত্রীর আসনটিতে দুইবার বসেছেন; আপনি নিশ্চয়ই ভালো জানেন, বিরোধী দল সংসদে না এলে কেমন লাগে, আর এলেই বা কেমন লাগে। কারণ বিরোধী দল সংসদ ভবন-জনিত একধরনের দুরারোগ্য অ্যালার্জিতে আক্রান্ত হয়। সেই রোগ এখন আপনাদের শরীরে। আপনারা সেই অ্যালার্জিকে পদদলিত করে সংসদে ফিরেছেন, এতে আমরা অনেক খুশি।হে সংসদ আসনের মানসকন্যামাননীয় বিরোধীদলীয় নেত্রী, সরকারের বর্তমান সিজনের শুরুতে প্রথম সারিতে দুটি আসন চেয়েও আপনারা না পেয়ে দেশব্যাপী এর প্রতিবাদস্বরূপ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অতুলনীয়। সেই ইস্যুতে আপনারা সংসদ বর্জন করেছেন। আমাদের আরও ভালো লাগত, কখনো যদি শুনতাম, চাল-তেল-ডালের দাম বেড়েছে বলে সংসদ বর্জন করেছেন। তবু অন্তত সংসদের দামি আসনগুলোকে ধুলোময়লার হাত থেকে রক্ষার স্বার্থে সংসদে ফিরেছেন, এ জন্য সাধুবাদ। আমাদের আয়করের অন্তত এটুকু মূল্যায়ন করেছেন দেখে আমরা তৃপ্তি পাচ্ছি। হে সাকার মুক্তিকামী নেত্রীসংসদে এসে আপনি দেশের একজন চিহ্নিত মুক্তিযুদ্ধবিরোধী মুক্তি চেয়ে যে বক্তব্য দিয়েছেন, তা এ দেশের জনগণকে অনুপ্রাণিত করবে যুগে যুগে। দেশের আইন নিশ্চয়ই ভুল করে সাকার মতো একজন সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে! আপনি বলেছেন, এক দেশে নাকি দুই আইন চলছে; সরকারি দলের জন্য এক রকম আইন এবং বিরোধী দলের জন্য এক রকম আইন। আমরা আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। সঙ্গে এটুকু বলব, আইনের এই দ্বিমুখী আচরণটি কেন জানি আমরা গত ২০ বছর ধরেই দেখছি এবং এ দেশের জনগণ কিন্তু সব সময় সব রকম আইনের ঊর্ধ্বে। কারণ, কোনো আইনই জনগণের কল্যাণের জন্য নয়। হে জনগণ ও দেশের গণমানুষের স্বার্থ রক্ষার নেত্রীআপনার দলের একজন সিনিয়র নেতা বলেছেন, আপনারা সংসদে ফিরেছেন দেশ ও জনগণের স্বার্থে। শুনে আমাদের এত আনন্দ হচ্ছে যে, ইচ্ছে করছে এখনই আপনাদের ক্ষমতায় বসিয়ে দিই। আহা! আমাদের জন্য এ দেশের বিরোধী দলের প্রাণটা সব সময় আকুল হয়ে থাকে। মাঝেমধ্যে আমাদের মনে হয়, আমরা বুঝি ভোট দিয়ে সরকারি দল নয়, বরং বিরোধী দলই নির্বাচন করি। আমরা জাতি হিসেবে দুটি প্রধান রাজনৈতিক দলের পলিটিকসের গিনিপিগ হয়ে আছি প্রায় ২০ বছর। হে সচেতন ও অসীম স্মরণশক্তির নেত্রীআপনি এখনো এ দেশের বাজারের খবর জানেন দেখে আমরা খুশি হয়েছি। আমাদের ধারণা ছিল, যাঁরা সংসদ থেকে এসব ভাতা হিসেবে, রেশন হিসেবে পান, তাঁরা এই ঊর্ধ্বমূল্যেরও ঊর্ধ্বে। আপনি যখন ক্ষমতা ছাড়েন, তখন নাকি চালের দাম ১৫-১৬ টাকা ছিল। সেখান থেকে ফখরুদ্দীন আর মইন ইউর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে গেছে ৪০ টাকায়; আর বর্তমান সরকার এসে নিয়ে গেছে ৫০ টাকায়। আপনি সংসদে এলেন কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন না। তা না হলে ক্ষমতায় এলে ১০ টাকায় চাল খাওয়ানোর ওয়াদাটা আপনি সামনাসামনিই তাঁকে স্মরণ করিয়ে দিতে পারতেন। আমরা আশা করব, আপনার এই স্মরণশক্তি ভবিষ্যতেও অটুট থাকবে। আপনি শুধু আপাতত সেটুকু স্মরণ করতে পারলে আমরা আরও খুশি হব, যেসব ওয়াদা আপনাদের ক্ষমতার দুই সিজনে আপনি ও আপনার মন্ত্রিবাহিনী দেশ ও জনগণকে নিয়ে করেছিল।হে হরতালবিরোধী ও হরতালের নেত্রীহরতাল এমন একটি তাল, যা জনগণের মাথায় ভেঙে বিরোধী দল খায়। সরকারি দলের হরতালে অ্যালার্জি থাকে। বিরোধী দলে গেলে আবার রক্তে গ্লুকোজের মতো হরতালেরও অভাব দেখা দেয়। আমরা জনগণ এখনো টের পাইনি, এ পর্যন্ত দেশে যতগুলো হরতাল হয়েছে, তার মধ্যে কোনটি আমাদের একটা স্বার্থ রক্ষা করেছে। তবুও, আমরা এখনো বিশ্বাস করি, হরতাল জনগণের স্বার্থে।হে ওয়াকআউটের উত্তরসূরিসংসদে এসে প্রথম দিনই আপনার দল ওয়াকআউট করেছে। আমরা খুশি হয়েছি। এত দিন পর সংসদে এসে এতক্ষণ বসে থাকলে পায়ে ঝিঁঝিঁ ধরে যেত। তখন পায়ের ঝিঁঝিঁ নিয়ে ভাববেন, না জনগণ নিয়ে ভাববেন? তাই সময়মতো ওয়াকআউট করেছেন; হাঁটাহাঁটিটাও হলো, জনগণকে নিয়ে ভাবার বিস্তর সময়ও পেলেন। আপনারা দুই দলই ক্ষমতাচ্যুত হয়ে সব সময় জনগণ নিয়ে ভাববেন এবং নির্বাচিত হয়ে নিজেদের নিয়ে ভাববেন, আমরা এই কামনাই করি।ধন্যবাদ, মাননীয় বিরোধীদলীয় নেত্রী। আবার নিশ্চয়ই ৯০ দিন পর কোনো এক শুভক্ষণে আপনার মূল্যবান পদধূলি পড়বে সংসদ চত্বরে এবং ক্ষণিকের জন্য হলেও মহিমান্বিত হয়ে উঠবে এ দেশ ও দেশের জনগণের স্বার্থ।