মানব পাচার যেন 'আলাদিনের চেরাগ'!

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া গ্রামের জেলে রুস্তম আলী। থাকতেন রেজু খালের পাশে ঝুপড়ি ঘরে। এখন তাঁর দোতলা বাড়ি। নামে-বেনামে রয়েছে গাড়ি। দুই হাতে টাকা বিলান। এলাকার লোকজনের ভাষায়, রুস্তম ‘আলাদিনের চেরাগ’ পেয়েছেন! রুস্তমের এই ‘আলাদিনের চেরাগ’ মানব পাচার। পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী তিনি। থাইল্যান্ডের জঙ্গলে গণকবর ও বাংলাদেশিসহ অনেকের লাশ পাওয়ার পর পুলিশের ধরপাকড় শুরু হওয়ায় তিনি আত্মগোপন করেছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, একসময় রুস্তমের দিন কেটেছে অর্ধাহারে-অনাহারে। এখন তার টাকায় এলাকার বহু মানুষের সংসার চলে। ট্রলারে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচার করেই দুই বছরের মধ্যে তিনি কোটিপতি বনে যান। রুস্তমের বাড়ি থেকে রেজু খালের মোহনা এক কিলোমিটার। প্রতি রাতে ট্রলারে মানুষ তোলা হতো রুস্তমের নেতৃত্বে। এ জন্য মাথাপিছু পেতেন ২০ হাজার টাকা করে। ফলে অল্প দিনেই কপাল খুলে যায় তাঁর।
১৭ মে দুপুরে রুস্তমের বাড়িতে গিয়ে দেখা যায়, পাকা দোতলা সুরম্য ভবনটি বিদেশি মৌজাইক পাথর ও টাইলস দিয়ে সাজানো। ভবনের বাইরে খোদাই করা কাবা শরিফের ছবি। বাইরে থেকেই বেশ চাকচিক্য। নিচতলায় চলছিল বৈঠকখানা নির্মাণের কাজ।
রুস্তমের খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ছেলে রুবেল মানব পাচারের অভিযোগ অস্বীকার করে জানান, আল্লাহ সহায় ছিলেন বলে তাঁর বাবা কোটিপতি হতে পেরেছেন। তিনি মানব পাচারে জড়িত নন। সাগরে মাছ ধরে আয় করা টাকায় বাড়ি বানিয়েছেন।
উপজেলার ছেপটখালী গ্রামের দিনমজুর আবুল ফয়েজ। তিনিও মানব পাচার করে তিন বছরের মাথায় কোটিপতি। এক বছর আগে উখিয়া সদরে ২০ লাখ টাকায় জমি কিনে সেখানে কোটি টাকা ব্যয়ে সুরম্য বাড়ি নির্মাণ করেছেন তিনি। একই এলাকার আবুল কালামও উখিয়ার সিকদারবিল গ্রামে পাকা ভবন তৈরি করে বসতি করছেন। অথচ বাড়ি তৈরির বিপরীতে অর্থ উপার্জনের কোনো ব্যবসা-বাণিজ্য তাঁদের নেই।
এ প্রসঙ্গে আবুল ফয়েজ বলেন, সোনাপাড়ার সৈকতে জমি বেচা-কেনার ব্যবসা করে তিনি বাড়ি তৈরির টাকা আয় করেন। আবুল কালাম বলেন, বৈধ টাকায় তিনি পাকা বাড়িটি তৈরি করেছেন। মানব পাচারে জড়িত নন।
উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজারে একটি পানের দোকান করে সংসার চালাতেন স্থানীয় আবু ছৈয়দ। কয়েক বছরের মাথায় তিনিও এখন কোটিপতি। সম্প্রতি ১০ লাখ টাকায় জমি কিনে সেখানে চারতলা ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে একতলা উঠে গেছে। ৭ মে পুলিশ তাঁর বাড়িতে অিভযান চালালেও তঁাকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁর মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়।
পুলিশের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২৪১ মানব পাচারকারীর তালিকায় উখিয়ার রয়েছে অন্তত ৩৭ জন। এর মধ্যে উল্লেখযোগ্য রেভি ম্যাডাম, তাঁর স্বামী নুরুল কবির, রুস্তম আলী, আবুল কালাম, ফয়েজ আহমদ, আবু ছৈয়দ, শামশুল আলম, মফিজ, মামুন, লাল বেলাল, মোজাম্মেল, বেলাল মেম্বার, ছানা উল্লাহ ও জালাল।
পুলিশ সূত্র জানায়, ৯ মে উখিয়া সৈকতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় শীর্ষ মানব পাচারকারী মো. জাফর মাঝি নিহত হন। এরপর চিহ্নিত দালাল ও মানব পাচারকারীরা আত্মগোপনে চলে গেছেন।
উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী বলেন, সমুদ্র উপকূল হওয়ায় এই ইউনিয়নটি মানব পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। চোখের সামনে একসময়ের দিনমজুরেরা কোটিপতি বনে যাচ্ছেন। আলিশান বাড়ি ও দামি গাড়ির মালিক হচ্ছেন। এ নিয়ে প্রশাসন নীরব। তিনি জানান, মানব পাচারের বিরুদ্ধে তিনি অবস্থান নিচ্ছেন বলে উল্টো তঁাকে নানা ঝামেলা ও সমস্যায় পড়তে হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, নানাভাবে চেষ্টা করেও মানব পাচার বন্ধ করা যাচ্ছে না। গত কয়েক বছরে মানব পাচার করেই অপরিচিত অনেকে লাখপতি-কোটিপতি বনে গেছেন। এর রহস্য উন্মোচন সম্ভব হলে মানব পাচার কমে যাবে।
সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার জানান, মানব পাচার ঠেকাতে উপকূলজুড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। ইতিমধ্যে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় টেকনাফের তিনজন ও উখিয়ার একজন শীর্ষ মানব পাচারকারী নিহত হয়েছেন। এরপর থেকে তালিকাভুক্ত মানব পাচারকারীরা আত্মগোপন করায় ধরা সম্ভব হচ্ছে না।