সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার ভোররাতে উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার শাহপরীর দ্বীপ বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইল (৩২), জিয়াবুল হক (৩০) ও মো. গোলাম হোসেন (৬০) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় নারী নির্যাতন, চোরাচালান, ইয়াবা ব্যবসা ও মালয়েশিয়ায় সাগরপথে মানব পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও পুলিশ এসব মামলা করেছে। এ ছাড়া তিনজনই তালিকাভুক্ত মানব পাচারকারী। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’