গোলটেবিল
মানব পাচারের শিকার জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষা: বেসরকারি খাতের ভূমিকা
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে ২২ মে চট্টগ্রামের একটি হোটেলে ‘মানব পাচারের শিকার জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষা: বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রচার সহযোগী ছিল প্রথম আলো।
অংশগ্রহণকারী
মাহবুবুল আলম
সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ
সৈয়দ নজরুল ইসলাম
প্রথম সহসভাপতি, বিজিএমইএ
মো. আলমাস শিমুল
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জিপিএইচ ইস্পাত লিমিটেড
মো. নাদিমুল হক
পরিচালক, চট্টগ্রাম ইপিজেড
জহির উদ্দিন আহমদ
ব্যবস্থাপনা পরিচালক, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড
জেসমিন সুলতানা
প্রধান নির্বাহী, ইলমা
মুনাল মাহবুব
পরিচালক, এফবিসিসিআই
দীপ্তা রক্ষিত
টিম লিডার, ‘আশ্বাস’ প্রকল্প, উইনরক ইন্টারন্যাশনাল
ধারণাপত্র উপস্থাপন
মো. আশরাফুল ইসলাম
প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট ম্যানেজার, উইনরক ইন্টারন্যাশনাল
সঞ্চালক
বিশ্বজিৎ চৌধুরী
যুগ্ম সম্পাদক, প্রথম আলো
আলোচনা
বিশ্বজিৎ চৌধুরী
মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই তরুণ। আমাদের দেশের সন্তান ভূমধ্যসাগরে উত্তাল জলরাশি উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে বিদেশে যেতে চায়। কেন যেতে চায়, সেখানে গিয়ে কীভাবে প্রতারিত হয়, আমাদের তা খুঁজে বের করতে হবে। এখানে যাঁরা উপস্থিত আছেন, সবাই মানব পাচার বিষয়ে সচেতন। এ ব্যাপারে বেসরকারি খাতের উদ্যোক্তাদের আরও কার্যকর ভূমিকা রাখা দরকার। আশা করছি মানব পাচারের শিকার হয়ে দেশে ফেরত আসা ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে তাঁরা গুরুত্বপূর্ণ মতামত দেবেন।
দীপ্তা রক্ষিত
‘আশ্বাস’ প্রকল্প কাজ করছে, সেসব নিপীড়িত মানুষের জন্য, যাঁরা অনেক স্বপ্ন নিয়ে একটি কাজের আশায় নিজের পরিবারকে কিছুটা সচ্ছলতার মুখ দেখাবেন ভেবে দালালের প্রলোভনে দেশ ছেড়েছেন। তাঁরা অন্ধবিশ্বাসে সহায়-সম্পদ সবকিছু দালালের হাতে তুলে দিয়েছেন। কিন্তু ফিরে আসতে বাধ্য হয়েছেন কপর্দকশূন্য হয়ে। শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের দুঃসহ স্মৃতি নিয়ে। আমরা সে ধরনের নিপীড়িত প্রায় সাড়ে চার হাজার মানুষের সঙ্গে কাজ করছি। যাঁদের মধ্যে ৭০ ভাগ নারী। বর্তমানে মানব পাচারপ্রবণ এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায় কাজ করছি।
প্রবাস থেকে যখন সবকিছু হারিয়ে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে তাঁরা দেশে ফিরে আসেন, তখন তাঁরা যে এ দেশে কিছু করার জন্য শুরু করবেন, তাতে কেউ কোনো জায়গা দিতে চান না। তিনি যে শুরুটা করবেন, সে জায়গাটি নেই। তাহলে মানুষগুলো কি সমাজের মূল স্রোতে আসতে পারবেন না? আমরা এই ভাগ্যাহত মানুষগুলোর কর্মদক্ষতা সৃষ্টির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এখন যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাশে না দাঁড়ায়, তাহলে তিনি শুরু করবেন কীভাবে? সে মানুষগুলোর আবেদন নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে এসেছি।
বেসরকারি প্রতিষ্ঠানে যেখানেই সুযোগ আছে, সেখানে যদি তাঁদের জায়গা দিতে পারেন, তাহলে তাঁরা চাকরি করতে পারবেন। তাঁদের যদি অর্থসহায়তা দেন, তাঁরা নিজেরাও উদ্যোক্তা হতে পারবেন। অনেক সময় চাকরি প্রাপ্তির পরও পাচারফেরত নারী-পুরুষ তাতে স্থায়ী হতে পারেন না। এ ব্যাপারে শিল্পপ্রতিষ্ঠানসমূহে যদি ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা যায়, তবে এর মাধ্যমে এসব মানুষ ভবিষ্যতের স্বপ্ন নির্মাণ করতে পারবেন। সেই সঙ্গে ঝরে পড়া কর্মীদের একটি ডেটাবেজ সংরক্ষণ করা গেলে তার মাধ্যমে আমরা ঝরে পড়া কর্মীদের মধ্যে যাঁরা পাচারের ঝুঁকিতে থাকেন, তাঁদের পাশে দাঁড়াতে পারি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) তহবিল হতে পাচারফেরত মানুষদের জন্য বরাদ্দ রাখা গেলে পুনরায় পাচারের শিকার হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।
জহির উদ্দিন আহমেদ
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশি শ্রমিকেরা যাচ্ছেন। আমরা সে সংবাদগুলো তখনই পাই, যখন বড় ধরনের নৌ দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়। পত্রিকা পড়ে জানা যায়, এসব নাগরিকের মধ্যে আফ্রিকা আর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নাগরিক বেশি। অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে বাংলাদেশ তো ভারত-পাকিস্তানের প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। বরং বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। তাহলে কেন বাংলাদেশ থেকে অভিবাসী হওয়ার চিন্তা? আমার মনে হয়, আমাদের মনোজগতে বিরাট সংকট রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এর থেকে কীভাবে বেরিয়ে আসা যাবে।
আমার প্রতিষ্ঠানের কথা বলি। এখানে যাঁরা কাজ করেন, তাঁদের এই নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছি, যাতে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারে। অবসরে যাওয়ার সময় সরকারি চাকরিজীবী যে ধরনের সুযোগ-সুবিধা পান, তার কাছাকাছি সুবিধা দেওয়া হয়। তরুণ প্রজন্মকে যদি দীর্ঘ মেয়াদে স্বপ্ন না দেখানো যায়, কাজের নিশ্চয়তা দেওয়া না যায়, অবসরকালীন সুবিধা নিশ্চিত করা না যায়, তাহলে ধরে রাখা যাবে না। তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন।
আমরা দক্ষ কর্মী পাচ্ছি না। প্রশিক্ষণের তো বিকল্প নেই। দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও করণীয় আছে। এই খাতের চাহিদাটা জেনে যদি আমাদের কাছে কর্মী প্রেরণ করা যায়, তবে তাঁদের চাকরি প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া সম্ভব।
মুনাল মাহবুব
আমি ছয়-সাত বছর আগে দুবাই থেকে ফিরছিলাম। তখন ২১-২২ বছর বয়সী এক বাঙালি ভাইয়ের দেখা পেয়েছিলাম, যিনি খেজুরবাগানের চাকরি করার জন্য গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন। অভিবাসী শ্রমিকেরা নারী হোক আর পুরুষ হোক, তাঁদের অনেকেই নির্যাতনের শিকার হচ্ছেন। বিষয়গুলো খুবই বেদনাদায়ক।
অবৈধভাবে তাঁরা যেন বিদেশে না যান, সেই ব্যবস্থা করা দরকার। প্রথম থেকে সচেতনতা যদি তৈরি করা যায়, বিদেশ গেলে কী সমস্যা তৈরি হয়, তা যদি জানানো যায় তাহলে এই প্রবণতা কমবে। ‘আশ্বাস’ যদি বেসরকারি খাতের চাহিদা বুঝে সে অনুযায়ী সারভাইভারদের প্রশিক্ষণ দিতে পারে– যেমন আতিথেয়তা খাত, পরিচারিকা খাত ইত্যাদিতে দক্ষ কর্মী তৈরি করলে আমরা তাঁদের চাকরি প্রাপ্তিতে সহায়তা দিতে পারি। কর্মক্ষেত্রেও এ ক্ষেত্রে কাউন্সেলিং চালিয়ে যাওয়া জরুরি।
মো. নাদিমুল হক
আমার পরিচিত এক সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। যিনি এখানেই প্রায় ৩০ হাজার টাকা আয় করতেন প্রতি মাসে। আরও বেশি আয়ের আশায় বিদেশ চলে যান। কিন্তু যে কাজ নিয়ে গেছেন, সেটি না পেয়ে সাগরে মাছ ধরার কাজ পান। দেশে টাকা পাঠানো তো দূরে থাক, উল্টো তাঁকে দেশ থেকে টাকা পাঠাতে হয়েছে। কোনোরকম এখন তিনি দেশে ফেরত আসতে পেরেছেন।
শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে মিলে বেপজা ‘নারী’ নামে একটি প্রকল্প নিয়েছিল। ঢাকা, কর্ণফুলী ও ঈশ্বরদী ইপিজেড এলাকায় প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়। প্রশিক্ষণের জন্য মঙ্গাপীড়িত এলাকা থেকে নারীদের নিয়ে আসার জন্য তৃতীয় একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। প্রশিক্ষণের পর চাকরি দেওয়া হয়। এরপরও প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। প্রশিক্ষণকালে সুন্দর পরিবেশে থাকা-খাওয়া ফ্রি, নগদ টাকা পাওয়া যায়। যখন তাঁদের চাকরি দেওয়া হলো, হোস্টেল থেকে বের হয়ে গেলেন, তখন ওই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে চাকরি ছেড়ে চলে যান অনেকেই। কেন এ রকম হচ্ছে—এ নিয়ে গবেষণা করা দরকার।
ইপিজেডে অনেক কারখানা আছে, যেখানে প্রশিক্ষিত ও দক্ষ লোকের অভাব আছে। এ নিয়ে বিনিয়োগকারীদের আক্ষেপ রয়েছে। সম্মিলিতভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ লোক তৈরি করা যায়। মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল হয়েছে। সেখানে কারখানা হচ্ছে। এখন বিনিয়োগকারীদের চিন্তা থাকে, যোগ্য ও দক্ষ লোক পাওয়া যাবে কি না? এই বিষয়ে গুরুত্ব দিতে হবে।
সৈয়দ নজরুল ইসলাম
পোশাকশিল্প খাত অনেক ঘাত-প্রতিঘাত পাড়ি দিয়ে আজকের এই জায়গায় এসেছে। বাংলাদেশের শ্রমিকদের বেতন নিয়ে যে কথাগুলো আসে, সে কারণেই হয়তো এখনো এই খাতে ১৫-২০ শতাংশ শ্রমিক ঘাটতি রয়েছে। করোনাকালে অনেক শ্রমিক গ্রামগঞ্জে চলে গিয়েছিলেন। আমরা ভেবেছিলাম, তাঁরা আবার ফিরে আসবেন। কিন্তু অনেকেই আসছেন না। শুধু তৈরি পোশাক খাত নয়, প্রতিটি খাতে শ্রমিকসংকট রয়েছে। এই সংকট থাকা সত্ত্বেও কেন তরুণেরা দেশের বাইরে চলে যাচ্ছেন, তা আমাদের খুঁজে বের করতে হবে। তাঁদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে দেশেই কাজে লাগাতে হবে।
দেশের আয়ের একটা বিশাল একটা অংশ আসে রেমিট্যান্স থেকে, তাই বিদেশে শ্রমিক পাঠানো বন্ধ করা যাবে না। বরং শ্রমিকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বিদেশে পাঠাতে হবে, যাতে তাঁরা ভালো অর্থ উপার্জন করতে পারেন। বাংলাদেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবেন।
মানব পাচারের শিকার মানুষদের বিজিএমইএর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কারণ, যে শ্রমিকেরা বিদেশে যান, তাঁরা যান প্রলোভনের কারণে। তাঁরা পরে আবার ফেরত আসেন। নারীরা বেশি ভুক্তভোগী হন। ‘আশ্বাস’ প্রকল্পের কর্মকর্তাদের বলব, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরাও এটি নিয়ে কাজ করব।
জেসমিন সুলতানা
মানব পাচারের শিকার হচ্ছেন নারী-পুরুষ সবাই। বিশেষ করে তরুণেরা। কেননা তরুণেরাই বিদেশে যেতে আগ্রহী।
মানব পাচারের শিকার কিশোরীদের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আমার আছে। মানবতার খাতিরে তাঁদের প্রশিক্ষণ দিয়েছি, ট্রমা থেকে বের হওয়ার জন্য কাউন্সেলিং করার উদ্যোগ নিয়েছি। স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। তাঁদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার চেষ্টা করেছি। আমাদের সমাজের অবস্থা সবাই জানেন। সমাজে এবং পরিবার তাঁরা যেভাবে নাজেহাল হন, তা অবর্ণনীয়। পাচার রোধে গণসচেতনতা তৈরির বিকল্প নেই। সেখানে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে তাঁদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এনজিওগুলোর সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এ ব্যাপারে সরকারি-বেসরকারি সম-অংশীদারত্বের জায়গা তৈরি করাও গুরুত্বপূর্ণ।
তরুণদের স্বপ্ন দেখাতে হবে। তাঁদের কাজের জায়গা দিতে হবে। যদি তরুণদের জন্য স্বপ্নের জায়গা তৈরি করি, দক্ষতা বৃদ্ধি করতে পারি, তাহলে কর্মসংস্থানের জায়গা আরও বড় হবে।
মো. আলমাস শিমুল
১০-১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের অনেক ব্যবধান। বর্তমানে পরিবেশ তৈরি হয়েছে। সরকার যেমন সুবিধা দিচ্ছে, প্রাইভেট সেক্টরও অনেক ধরনের সুবিধা তৈরি করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার জন্য প্রচুর সহায়তা পাচ্ছে সরকারের কাছ থেকে। আর্থিক সাহায্যও পাচ্ছে, কিন্তু খরচ করতে পারছে না। প্রাইভেট সেক্টরে সুযোগ সৃষ্টি হয়েছে। সব ক্ষেত্রে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আজকে যাঁরা স্থায়ীভাবে দেশের বাইরে চলে যাচ্ছেন, তাঁরা অতি মেধাবী। অথচ কোটি কোটি ডলার খরচ করে আমাদের বিদেশি পরামর্শক আনতে হচ্ছে। এতে প্রচুর টাকা বাইরে চলে যাচ্ছে। তাই বলব অতি মেধাবীরা দেশে ফিরে আসুন। দেশের জন্য কাজ করেন।
যাঁরা অল্প মেধার, স্কুল পর্যায়ে ঝরে পড়ছেন, ভালো রেজাল্ট করতে পারেননি, চাকরি পাওয়ার বিষয়ে নিশ্চয়তা নেই, যোগ্যতাও কম, তাঁদের একটি অংশ দেশে কাজ করার পরিবর্তে লোকলজ্জার ভয়ে বিদেশে চলে যাচ্ছেন। সমাজে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
জিপিএইচ ইস্পাত প্রতিবছর ৫০ জন করে অদক্ষ ও কম পড়ালেখা জানা লোক নিয়োগ দেয়। তাঁদের বিভিন্ন সেক্টরে কাজ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়। কিছু কিছু ক্ষেত্রে সিএসআর ফান্ডের টাকা ডোনেশন দিচ্ছি। কিন্তু তা ব্যয় করা হচ্ছে বিচ্ছিন্নভাবে। এভাবে করার কারণে সুফল যেটি আসার কথা, সেটি আসছে না। সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপকৃত হবে। সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মাহবুবুল আলম
সম্প্রতি অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক্–বাজেট বৈঠক করেছি। সেখানে আমরা একটি প্রস্তাব দিয়েছি। উচ্চমাধ্যমিকের পর এক বছর বা ছয় মাসের জন্য স্কিলড কোর্স যেন করানো হয়। এখন এটা করার সময় এসেছে।
চট্টগ্রাম চেম্বার থেকে দুবাই গিয়েছিলাম। তাঁরা আমাদের বলেছেন, আপনারা যেসব কর্মী পাঠান, তাঁরা দক্ষ নন। দক্ষ না হওয়ায় সামান্য বেতন পান। তাঁরা মানবেতর জীবন যাপন করেন। দক্ষ জনশক্তি খুবই গুরুত্বপূর্ণ। জনসংখ্যা আমাদের বোঝা নয়, এটা সম্পদ। কিন্তু কাজে লাগাতে পারছি না। নীতিনির্ধারণী পর্যায়ে এগুলো নিয়ে কাজ করতে হবে।
বিদেশি নিয়োগকর্তারা বারবার বলছেন, তোমাদের শ্রমিকেরা দক্ষ না। তাই তারা কর্মক্ষেত্রে নিগৃহীত হচ্ছে। গৃহকর্মী পর্যায়ে শ্রমিকদের তিন থেকে ছয় মাস প্রশিক্ষণ দিয়ে পাঠাতে হবে। তাই দক্ষতার বিষয়ে আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।
করোনাকালে মনে করেছিলাম, আমরা অনেকেই বাঁচব না। সত্যিকার অর্থে স্বাস্থ্য খাত আমাদের বাঁচিয়েছে। আমরা ভুলে গিয়েছিলাম এই খাতের প্রয়োজনীয়তা। স্বাস্থ্য খাতকে বঞ্চিত করছি। এখন সময় সব ক্ষেত্রে প্রশিক্ষণ বাড়ানোর, প্রশিক্ষণকেন্দ্র করার। নার্সদের প্রশিক্ষণ দিতে হবে। নার্সিং ইনস্টিটিউট করতে হবে, যাতে তাঁরা দেশের পাশাপাশি বিদেশেও কাজ করতে পারেন। এখানেও বেসরকারি খাতের এগিয়ে আসার সুযোগ আছে। করোনা–পরবর্তী নতুন নতুন যে কর্মক্ষেত্র তৈরি হয়েছে, সেটার চাহিদা নিরূপণ করে আমাদের প্রশিক্ষণ দিতে হবে এই মানুষগুলোকে। এ ক্ষেত্রে এনজিওগুলোর পাশাপাশি বেসরকারি খাত ও সরকারকে যৌথভাবে কাজ করতে হবে।
বিশ্বজিৎ চৌধুরী
দীর্ঘ সময় ধরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করলাম। যাঁরা আজ এ বিষয় নিয়ে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরলেন, সবাইকে ধন্যবাদ জানাই।