মানব যখন সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশতলা ভবনের ছাদে শুধুই সবুজ। লাগানো হয়েছে শিম, করলা, গাজর, লাউ, জাম্বুরাসহ বিভিন্ন শাকসবজি ও ফলের গাছ। লাউয়ের মাচায় ঝুলছে কচি লাউ। বলছি ‘সবুজ ছাদ’ নামক প্রকল্পের কথা। আর এ সবুজ-সুন্দর দৃশ্যগুলোই উঠে এসেছে ভবিষ্যৎ উদ্যোক্তাদের চিন্তা থেকে।আবার অন্যদিকে দেখা গেল, ভিন্ন কিছু চিত্র। শিক্ষার্থীরা লাইন ধরে বসে আছেন মৌখিক পরীক্ষাকক্ষের সামনে। কিছুক্ষণ পরপর একজন প্রবেশ করছেন আর একজন বের হচ্ছেন। সবার হাতে জীবনবৃত্তান্ত ও বিভিন্ন পরীক্ষার সনদপত্র। দুরু দুরু বুকে সবাই অপেক্ষায় ছিলেন কখন নিজের ডাক আসবে। আবার অনেকেই ছবি ও জীবনবৃত্তান্ত জমা দিচ্ছিলেন নির্দিষ্ট বাক্সে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ১ নম্বর ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়ল এ রকম ভিন্ন কিছু দৃশ্য।১৯-২১ মার্চ এআইইউবির ১ নম্বর ক্যাম্পাসে বসেছিল মানবসম্পদের এ আসর। এ উৎসবে ব্যবসা উদ্ভাবন প্রতিযোগিতার এ রকম বহু প্রকল্পের মধ্য থেকে আভা হক, আয়শা কবির, তাসনিয়া আক্তার ও সাদিকুর রহমানের তৈরি ‘সবুজ ছাদ’ প্রকল্পটি জিতে নিয়েছে সেরার পুরস্কার। তিন দিনব্যাপী মানসম্পদের এ উৎসবে ছিল পোস্টার ও ব্যবসা উদ্ভাবন প্রকল্প প্রতিযোগিতা, চাকরি মেলা, চলচ্চিত্র প্রদর্শনী, মানবসম্পদবিষয়ক সেমিনার ও দক্ষ মানব নিবার্চন ‘এআইইউবি মাস্টারমাইন্ড’। কার্নিভালে অংশগ্রহণকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত জমা নিয়ে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ব্যবস্থা করে এবং এতে চাকরিও জুটে যায় কারও কারও। এআইইউবি থেকে পড়ালেখা শেষ করে শিক্ষার্থীরা যাতে দক্ষ জনবল হয়ে উঠতে পারেন এবং দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন বা দক্ষ উদ্যোক্তা হয়ে উঠতে পারেন, সে জন্যই এ আয়োজন বলে জানিয়েছেন কার্নিভাল সমন্বয়কারী শিক্ষক হাফসা মারিয়া।মেলায় অনলাইনে জীবনবৃত্তান্ত জমা ও মৌখিক পরীক্ষা দিয়েছেন অনেক শিক্ষার্থী। তাঁদের একজন ব্যবসা অনুষদের ইসরাত জাবিন। এ মেলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে মেয়েদের চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো, যোগাযোগের অভাব। সে ক্ষেত্রে আমি মনে করি, এ ধরনের মেলার কারণে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যোগাযোগের সুযোগ তৈরি হয়।’অন্যদিকে বিজ্ঞান অনুষদের আশরাফুল আলম জানান, ‘এ ধরনের মেলার ফলে কর্মজীবনে প্রবেশের বা চাকরির পরীক্ষার আগেই আমরা এক ধরনের অভিজ্ঞতা পাই, যা পরবর্তী পর্যায়ে কাজে লাগে। আমরা কোন চাকরির জন্য উপযোগী ও কী ধরনের সুযোগ রয়েছে, তা এ মেলার কারণে জানা যায়। তাই এ ধরনের মেলা সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত হওয়া উচিত।’