সালটা ১৯৭১। যুদ্ধে কেউ হারিয়েছে তাদের আত্মীয়স্বজন, কেউ বা শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ। সেসব দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের জন্য সহানুভূতির হাত বাড়িয়েছিল রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি। রোগে-শোকে, দুর্যোগে-দুর্ভিক্ষে রেডক্রস সোসাইটি সব সময়ই ছিল মানুষের পাশে। বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ রেডক্রস সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) মিলিতভাবে ধানমন্ডির আঁলিয়স ফ্রঁসেজে আয়োজন করেছিল ‘মাইন্ডস্কেপ’ শিরোনামের চিত্রপ্রদর্শনী। চিত্রপ্রদর্শনীটি ৮ মে উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।’ছবি কথা বলে। প্রদর্শনীর কোনো ছবিতে আছে ’৭১ সালে শিশুখাদ্য বিতরণের দৃশ্য, কোনো ছবিতে দেখা গেল কয়েকজন মহিলা স্লেটে চক দিয়ে নিজেদের নাম লিখে দেখাচ্ছেন, আশার আলো তাদের চোখ-মুখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে। কোনোটাতে পায়ে সফল অস্ত্রোপচারের পর ছোট্ট ছেলেটির মুখে নির্মল হাসি, কোনোটাতে আবার কম্বল কিংবা টিকা দেওয়ার দৃশ্য। ’৭১ সাল আর পরবর্তী বিভিন্ন সময়ে তোলা এসব ছবিতে উঠে এসেছে রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির নানামুখী কার্যক্রম। সব মিলিয়ে ছবিগুলো ভীষণ আলাপি!