মানবতা ও তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্যোগ মোকাবিলা ও মানবিক কাজে তরুণদের অংশগ্রহণ ও প্রয়োজনীয়তা’ শিরোনামে ১ থেকে ৩ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক মানবিক কাজের প্রদর্শনী ও সম্মেলন দিহাদ ২০১২। আরব আমিরাত সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ সম্মেলনে জাতিসংঘ, রেড ক্রস ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থার বিশেষজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ কমিশনের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়।নবমবারের মতো আয়োজিত এ সম্মেলনে পরিবর্তিত পরিস্থিতি মানিয়ে নেওয়ায় তরুণদের জন্য বিশেষায়িত শিক্ষার ওপর জোর দেওয়া হয়। এর পাশাপাশি বিদ্যমান ও ভবিষ্যতের সমস্যাগুলো মোকাবিলায় তরুণদের প্রস্তুতি এবং সুযোগ নিয়েও আলোচনা হয়। অনেক আলোচক তরুণদের পরিবর্তনের দূত বলেও আখ্যায়িত করেন। অনেক তরুণ এখনই নেতৃত্ব নেওয়ার যোগ্য বলে দাবি করেন এবং উদাহরণ হিসেবে মিসর, তিউনিসিয়াসহ বিভিন্ন দেশের সাম্প্রতিক আন্দোলনের কথা উল্লেখ করেন। বর্তমান সময়ের আলোচিত সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের কথাও উঠে আসে আলোচনায়। জাপানের সুনামির পরে তরুণেরাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা জোরালোভাবে বিশ্বব্যাপী তুলে ধরেন। সুনামির পর জাপানের তরুণেরা এখন পারমাণবিক স্থাপনার বিপক্ষে তাঁদের মতামত তুলে ধরছেন। বিশ্বব্যাপী নেতাদের বিভিন্ন মতভেদ থাকলেই শান্তি ও সম্প্রীতির বিষয়ে তরুণরো যে একজোট, তাও অনেকে স্বীকৃতি দিয়েছে।বর্তমানে জনসংখ্যার বৃহৎ অংশ যে তরুণ, এ কথা মনে করিয়ে দিয়ে বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব মনে করিয়ে দিয়ে বিশ্বের দেশগুলোকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে জাতিসংঘের বিশেষ দূত প্রিন্সেস হায়া আরব বসন্তের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে বলেন, তরুণেরা অনেক ক্ষেত্রে বিদ্যমান অবস্থার ওপর আস্থা হারিয়েছেন, যা ভবিষ্যতের অনেক পরিবর্তনে বিরাট ভূমিকা রাখতে পারে।আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ কমিশনের সদস্যরা সুইজারল্যান্ডের জেনেভায় তাদের প্রথম সভা শেষ করে এ সম্মেলনে যোগ দেন। আইএফআরসির ১৮৭ সদস্য দেশগুলোর যুব-স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের বিষয়ে মূল পরিচালনা পর্ষদকে পরামর্শ দেওয়ার জন্য ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে নয় সদস্যের এ কমিটি নির্বাচিত করা হয়।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য আবদুল্লাহ আল রেজওয়ান এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আগামী চার বছরের জন্য ইয়ুথ কমিশন সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে বাংলাদেশ থেকে এইচ এম সালাউদ্দিন প্রথমবারের মতো এ পদের জন্য নির্বাচিত হয়েছিলেন। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী সমাদৃত। বর্তমানে বাংলাদেশের তরুণেরাও বড়দের পাশাপাশি সমানতালে আবদান রেখে যাচ্ছেন। সবার সহযোগিতা পেলে বিশ্বের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশের তরুণেরা অন্যদের পাশাপাশি নিজের দেশের নাম উজ্জ্বল করবেন।