শেষ পর্যন্ত মার্ক স্ট্রোমেনকে বাঁচাতে পারলেন না বাংলাদেশের ছেলে রইস ভূঁইয়া। ২০ জুলাই রাত আটটা ৩৫ মিনিটে টেক্সাসের পুলাস্কি স্টেট প্রিজনে লেথেল ইনজেকশনের মাধ্যমে মার্কের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মার্কের এই মৃত্যুদণ্ড নিয়ে গোটা যুক্তরাষ্ট্র তথা বিশ্বের মানবতাবাদীদের জল্পনা-কল্পনার শেষ ছিল না। সত্যিই কি রইস ভূঁইয়া পারবেন এই মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত হন্তারক আসামি মার্ক স্ট্রোমেনকে বাঁচাতে? কিন্তু শেষ পর্যন্ত হলো না। ‘আমি বলব, এটা হলো মানবতার এক বড় পরাজয়।’ বললেন রইস ভূঁইয়া। প্রশ্ন: মার্ক স্ট্রোমেনের মৃত্যুদণ্ড কার্যকর হল। বিষয়টা নিয়ে কী ভাবছেন আপনি?রইস ভূঁইয়া: এই ব্যর্থতা আমার নয়, বরং আমাদের এই ঠুনকো সমাজব্যবস্থার কিছু আইনকানুন এর জন্য দায়ী। একজনের কলমের খোঁচায় একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয় আমাদের এই সভ্য আইনি সমাজে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? যে অপরাধ করে, তাকে তার অপরাধের জন্য অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া উচিত। মানবতার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তবে মানবতা প্রতিষ্ঠা করতে আমি আমার কাজ আমার জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাব।প্রশ্ন: মার্ক স্ট্রোমেনকে তাঁর মৃত্যুদণ্ড থেকে রক্ষা করতে আপনি বিভিন্ন মানবতাবাদী সংগঠনের সহযোগিতায় যে প্রচারাভিযানে নেমেছিলেন, তা রীতিমতো গোটা বিশ্বকে এক আশার আলো দেখিয়েছে। এই প্রচারাভিযানকে ত্বরান্বিত করার জন্য আপনি ‘ওয়ার্ল্ড উইদাউট হেট’ নামের একটা ওয়েবসাইটও তৈরি করেছেন। এর মাধ্যমে আপনি বিশ্বের মানবতাবাদীদের কী বাণী দিতে চেয়েছেন?রইস ভূঁইয়া: দেখুন, ‘ওয়ার্ল্ড উইদাউট হেট’ ওয়েবসাইটটি তৈরি হয় তিনটি উদ্দেশ্য সামনে রেখে। ১. মার্ক স্ট্রোমেনকে তাঁর মৃত্যুদণ্ড থেকে বাঁচানো। ২. মানুষের মধ্যে মানবিক সচেতনতাবোধ তৈরি করা। আজকে এই পৃথিবীর সর্বত্রই মানবতা পদদলিত হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে, অর্থের শক্তি দিয়ে, গায়ের জোরে বিভিন্নভাবে মানুষ মানুষকে ঘৃণা করছে। বিনা নোটিশে বড় শক্তিশালী দেশগুলো ছোট দেশগুলোকে আক্রমণ করছে, যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কিন্তু এর থেকে আমাদের পরিত্রাণ প্রয়োজন। মানবতার জয় আমরা দেখতে চাই। আমাদের তিন নম্বর উদ্দেশ্য ছিল নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। প্রশ্ন: মার্ক স্ট্রোমেনকে বাঁচাতে আপনারা কী ধরনের চেষ্টা হাতে নিয়েছিলেন?রইস ভূঁইয়া: দেখুন, মার্ককে বাঁচাতে আমাদের আইনি লড়াইয়ে যা যা সম্ভব, সবই আমরা করেছি। আমাদের অ্যাটর্নি ছিলেন খুররোম ওয়াহিদ। তিনি টেক্সাস ফেডারেল কোর্টে মার্ককে বাঁচানোর জন্য ল স্যুট ফাইল করেন এবং এই মৃত্যুদণ্ড বন্ধ করতে আমরা টেক্সাস গভর্নরের বিরুদ্ধে ল স্যুট ফাইল করি। আমরা বেশ বুঝতে পারছিলাম, সরকার কোনোভাবেই চাইছিল না যে মার্কের এই মৃত্যুদণ্ডের সময় এবং তারিখ কোনোভাবেই নড়চড় হোক। সমস্যাটা ছিল সেখানেই। ২০ জুলাই সন্ধ্যা ছয়টায় মার্কের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় নির্ধারিত ছিল। কোর্ট বন্ধ হয়ে যাবে আটটায়। এর মধ্যেই জানা গেল, কেসটা ফেডারেল কোর্ট থেকে সিভিল কোর্টে স্থানান্তরিত হয়ে গেছে। তখন সময় বিকেল তিনটা। আমরা তখন আবার হুমড়ি খেয়ে পড়লাম সিভিল কোর্টে। একটা আশা নিয়ে যে মৃত্যুদণ্ডের দিন আর তারিখটাও যদি আমরা পরিবর্তন করতে পারি। আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে হাইকোর্টে আপিল করতে পারতাম। কিন্তু সময় তখন আমাদের বড় অন্তরায়। চেষ্টা করি, টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসের সহযোগিতায় অন্তত মার্কের সঙ্গে যদি একবার দেখা করতে পারি। কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়। প্রশ্ন: পৃথিবীর অনেক দেশের মতো আমাদের বাংলাদেশেও মানবতার কণ্ঠ বিভিন্নভাবে রুদ্ধ করা হয়। বাংলাদেশ নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কি?রইস ভূঁইয়া: বাংলাদেশের মানবতার অবস্থা এককথায় খুবই নাজুক। যদি কোনো সুযোগ থাকে, ভবিষ্যতে অবশ্যই আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই। এ মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজন হলো জনগণকে তাঁদের অধিকার নিয়ে সচেতনতাবোধ তৈরি করা।প্রশ্ন: আপনার হন্তারক মার্ক স্ট্রোমেনকে বাঁচাতে আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। এ বিষয়ে আপনার শেষ কথা কী?রইস ভূঁইয়া: মার্কের জীবন বাঁচাতে আমি যখন প্রচারাভিযান শুরু করি, তখন গোটা বিশ্বের মানবতাকামী মানুষের যে সমর্থন পেয়েছি, তা আমার জীবনের জন্য এক বিশাল সম্পদ হয়ে থাকবে। আমি মনে করি, বিশ্বের বেশির ভাগ মানুষই শান্তিকামী। এটাই আমাদের শক্তি। শুধু এ কথাই বলব, আমাদের মানবতার পথ এখনো থমকে দাঁড়ায়নি। যেকোনো অন্যায়ের প্রতিবাদ আমরা করব, অন্যায়ভাবে মানুষ হত্যার প্রতিবাদ জানাব আর সবচেয়ে বড় কথা, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে পৃথিবীর মানবতাবাদীদের সংগ্রাম সব সময়ই সচল থাকবে। মৃত্যুদণ্ড কোনো সমাধান হতে পারে না। মার্কের আত্মা শান্তি পাক এবং মানবতার জয় হোক—এটাই আমার শেষ কথা।[email protected]