মানবতাসন্ধানী এক শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি শিল্পী ফাবিয়াঁ গুয়ারমোঁ চট্টগ্রামে এসেছেন ১৩ ডিসেম্বর।  রংতুলিতে কাজ করলেও ক্যামেরাই এখন তাঁর প্রকাশের প্রধান মাধ্যম। ফ্রান্সের প্যারিস, বেজেসোঁসহ নানা শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর চলচ্চিত্র। ছবিটি গত শুক্রবার নগরের আলিয়ঁস ফ্রঁসেজ থেকে তোলা l প্রথম আলো
ফরাসি শিল্পী ফাবিয়াঁ গুয়ারমোঁ চট্টগ্রামে এসেছেন ১৩ ডিসেম্বর। রংতুলিতে কাজ করলেও ক্যামেরাই এখন তাঁর প্রকাশের প্রধান মাধ্যম। ফ্রান্সের প্যারিস, বেজেসোঁসহ নানা শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর চলচ্চিত্র। ছবিটি গত শুক্রবার নগরের আলিয়ঁস ফ্রঁসেজ থেকে তোলা l প্রথম আলো

ভূমধ্যসাগরের মাঝখানে বাদামের খোলের মতো ভাসছিল শরণার্থীদের বহন করা একটি রবারের নৌকা। লিবিয়া থেকে ইতালির পথে যাত্রা করা ওই নৌকায় ছিল কমপক্ষে তিন শ যাত্রী। এসওএস নামের স্বেচ্ছাসেবী সংস্থার জাহাজ ছুটে গিয়ে উদ্ধার না করলে সব যাত্রীরই সলিলসমাধি হতো। এসওএসের উদ্ধারকারী সেই জাহাজে ছিলেন ফরাসি শিল্পী ফাবিয়াঁ গুয়ারমোঁ। শরণার্থীদের উদ্ধারের পাশাপাশি পুরো বিষয়টি ভিডিওতে ধারণ করেন তিনি।
ল্যাপটপ খুলে সেই সময়কার ভিডিও চিত্র দেখিয়ে ফাবিয়াঁ বললেন, গত অাগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাস তাঁর ভূমধ্যসাগরে কেটেছে। কয়েক হাজার শরণার্থীকে সাগর থেকে উদ্ধারের পাশাপাশি তাদের মর্মান্তিক দশা ভিডিও চিত্রে ধারণ করেছেন। শুনেছেন যুদ্ধ ও দাঙ্গায় মানুষগুলোর সব হারানোর কাহিনি। আর এসব কাহিনি একসঙ্গে জুড়ে নির্মাণ করেছেন এক্সডোস নামের চলচ্চিত্র। গ্রিক ‘এক্সডোস’ শব্দের ইংরেজি অনুবাদ ‘এক্সডাস’ যার বাংলা অর্থ গণ–অভিবাসন।
ফাবিয়াঁ গুয়ারমোঁর সঙ্গে আলাপ হয় গত বুধবার সন্ধ্যা সাতটায় নগরের আলিয়ঁস ফ্রঁসেজে। ১৩ ডিসেম্বর ফরাসি এই সংস্থার আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে চট্টগ্রামে এসেছেন তিনি। কী নিয়ে কাজ করেন, আলাপের শুরুতেই করা হয়েছিল এমন প্রশ্ন। ফ্রান্সের সুপেরিয়র ইনস্টিটিউট অব ফাইন আর্ট বেজসোঁ (আইএসবিএ) থেকে ২০১৪ সালে স্নাতক পাস করা এই শিল্পী সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাঁর তৈরি কয়েকটি ভিডিও আর্ট ও প্রামাণ্য চলচ্চিত্রের অংশবিশেষ দেখালেন। ব্যাখ্যা করলেন সেসবের পটভূমিও।
ফাবিয়াঁ ইতিমধ্যে স্থান করে নিয়েছেন ফ্রান্সের উদীয়মান শিল্পীদের কাতারে। এখন পর্যন্ত তাঁর ঝুলিতে জমা হয়েছে আটটি চলচ্চিত্র, একাধিক ভিডিও ইনস্টলেশন ও ভিডিও আর্ট। রংতুলিতে কাজ করলেও ক্যামেরাই এখন তাঁর প্রকাশের প্রধান মাধ্যম। ফ্রান্সের প্যারিস, বেজেসোঁসহ নানা শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর চলচ্চিত্র। ইতালি, গ্রিস ও সুইডেনেও বিভিন্ন আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনীতে তাঁর চলচ্চিত্র শিল্পবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।
ফ্রান্সের বোজেসোঁ শহরে ১৯৮৫ সালে জন্ম তাঁর। ছোটবেলা থেকে ছবি অাঁকার অভ্যাস। এ কারণে যৌবনের শুরুতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি করেও ছবি অাঁকার নেশার কারণে ছেড়েছেন আইন পেশা, নাম লিখিয়েছেন চারুকলার ছাত্র হিসেবে।
কী তাঁর শিল্প দর্শন? জানতে চাইলে ফাবিয়াঁ বলেন, সারা বিশ্বেই মানুষ আজ কোনো না কোনোভাবে নিপীড়নের শিকার। সভ্যতার এই বৈশ্বিক সংকট নিয়ে কাজ করছেন তিনি।
সেটা কেমন? ফাবিয়াঁকে প্রশ্ন করলে বলেন, ‘ভূমধ্যসাগরের সাম্প্রতিক অভিজ্ঞতা যেমন ক্যামেরায় ধরেছি, তেমনি সে রকম কাজ করেছি গ্রিস ও সুইডেন নিয়ে।’ কথা বলতে বলতে ল্যাপটপে চালিয়ে দিলেন তাঁর তৈরি প্রামাণ্যচিত্র হোয়ার ইজ মেই মেই। ‘মেই মেই’ গ্রিসের এথেন্সের রাস্তার এক কুকুরের নাম। এই কুকুরসহ কয়েক হাজার কুকুর রাস্তা থেকে হঠাৎ উধাও হয়ে যায়। কেন এমন ঘটল—তার কারণ খুঁজতে গিয়ে ফাবিয়াঁ আবিষ্কার করলেন গ্রিসের অর্থনৈতিক মন্দাই এর কারণ। একসময় রাস্তায় কুকুর থাকত। আর এখন থাকে গৃহহীন মানুষজন।
বাংলাদেশে এসেও মানবতার খোঁজ করেছেন? মিষ্টি হেসে এ প্রশ্নের উত্তরে ফাবিয়াঁ বললেন, চট্টগ্রামের মানুষজন অনেক উচ্ছল ও রঙিন। এমন বন্ধুবৎসল ও আন্তরিক লোকজনের দেখা আর কোনো দেশে পাননি। সবাই নাম জিজ্ঞাসা না করেই সেলফি তুলছেন। অনেকে বাড়িতে নিমন্ত্রণ করছেন। সবাই কেমন অসাধারণ!
সহজ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই শিল্পী শিল্পচর্চা ছাড়া অন্য কিছু করেন না। কী করে জীবন চলে, জিজ্ঞেস করলে বলেন, ‘আমার প্রয়োজন খুব কম। এই যে জুতাজোড়া, এটা বাবার কাছ থেকে নেওয়া। আর মায়ের পাজামা কেটে বানিয়েছি হাফ প্যান্ট। পরনের শার্টটি খুব সস্তায় এখান থেকে কিনেছি।’
ভাগ্যান্বেষণে বাংলাদেশের অনেক মানুষ যে সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করে সে কথা জানেন ফাবিয়াঁ। সম্প্রতি কক্সবাজার ঘুরে এসেছেন সেখানকার পরিস্থিতি দেখতে। ইচ্ছে আছে এসব সাহসী মানুষজনকে নিয়ে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের। আর এই জন্য বাংলাদেশে আবারও আসতে চান তিনি।