মানবধর্মের এক অনুসারী

গত ২৭ জুলাই বৈষয়িক জগৎ ছেড়ে চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম (তাঁর নামের দ্বিতীয় শব্দটি সম্ভবত আরবি বাকের, যা তামিল ভাষায় পাকির অথবা পাকের)। তামিলনাড়ুর রামেশ্বরমে ১৯৩১ সালের ১৫ অক্টোবর জন্ম নেওয়া এই বিজ্ঞানী-রাষ্ট্রপতির সঙ্গে আমার ক্ষণিক দেখা হয়েছিল ইতালির ত্রিয়েস্ত শহরে অবস্থিত নোবেল বিজয়ী অধ্যাপক আবদুস সালাম সৃষ্ট তত্ত্বীয় পদার্থবিদ্যার আন্তর্জাতিক কেন্দ্রে আশির দশকের গোড়ার দিকে। শুধুই পদার্থবিদ্যার উন্নয়নে দাতাগোষ্ঠীর থেকে অনুদান জোগাড় করা অধ্যাপক সালামের জন্য ক্রমেই কঠিন হয়ে যাচ্ছিল। অনেক চিন্তাভাবনা করে তিনি বিজ্ঞানের অন্যান্য শাখাকেও কেন্দ্রের কার্যক্রমের মধ্যে রাখছিলেন; এর ফলে তিনি ‘মহাকাশ বিজ্ঞান’ (পুরো শিরোনামটি আমার মনে পড়ছে না এই মুহূর্তে) নামের একটি কর্মশালা যোগ করেন কেন্দ্রের বার্ষিক কার্যক্রমে। যদিও ‘মহাকাশ বিজ্ঞান’ থেকে আমার গবেষণার বিষয় হাজার মাইল দূরে, তবুও আমি চেষ্টা করেছি ওই বিষয়ে নানাজনের বক্তব্য শোনার জন্য। আমার এক সিনিয়র বন্ধু প্রফেসর ভাস্করণ ভারতীয় দলটির নেতৃত্ব দিয়েছিলেন, যাঁরা সপ্তাহ খানেক কেন্দ্রে ছিলেন ‘মহাকাশ বিজ্ঞান’ কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য। আমার ওই বন্ধুটির সুবাদেই এ পি জে আবদুল কালামের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয় আমার; সম্ভবত ওই সময় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন।
মিসাইল প্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞানের সঙ্গে জড়িত পারমাণবিক বিজ্ঞানের চলমান কার্যক্রম সম্পর্কে কোনো বিজ্ঞানীই প্রকাশ্যে কারও কাছে কিছু প্রকাশ করবেন না; সেই ধারায়ই আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।
আমার সংক্ষিপ্ত এই আলোচনায় আমি আবদুল কালামের গবেষণার প্রযুক্তিগত দিকে একেবারেই যাব না। মহাকাশ বিজ্ঞান, মিসাইল প্রযুক্তি, পরমাণুবিজ্ঞান বিষয়গুলো একেবারেই রসকষহীন, যার ফলগুলো মানুষের উপকার ও অপকারে আসে, যা কিনা নির্ভর করে আবার রাজনৈতিক ইচ্ছা অথবা সদিচ্ছার ওপর।
ভারতের মিসাইলম্যান হিসেবে খ্যাত এই বিজ্ঞানী-রাষ্ট্রপতির মানবিক গুণগুলোর সঙ্গে মিসাইল শব্দটির একটি বৈপরীত্য রয়েছে। মিসাইলের সঙ্গে যে ধ্বংসাত্মক বিষয়টি রয়েছে, আবদুল কালামের চিন্তাচেতনার সঙ্গে কি তার কোনো ক্ষীণতম যোগাযোগও রয়েছে? শান্তিবাদী, অজাতশত্রু, সরল জীবনযাপনকারী এই মহান মানুষটি তাঁর দেশ ভারতকে দেখতে চেয়েছেন একটি শক্তিশালী এবং শান্তির দেশ হিসেবে, যুদ্ধবাজ হিসেবে নয়। প্রসঙ্গত, জার্মান বিজ্ঞানী অটোহানের কথায় আসছি। অটোহান পরমাণুর বিভাজনের মাধ্যমে পারমাণবিক শক্তি সৃষ্টি করতে পেরেছিলেন, যা আইনস্টাইনের
E = mc2–র সঙ্গে সংগতিপূর্ণ ছিল। যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রজেক্ট—যার প্রকল্প পরিচালক ছিলেন রবার্ট ওপেনহাইমার—এর মাধ্যমেই তৈরি হয় প্রথম পারমাণবিক বোমা, যা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে সৃষ্টি করেছিল মানবসৃষ্ট নরক! দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা জেনে অটোহান হয়ে যান নির্বাক ও ওপেনহাইমার ভুগতে থাকেন দারুণ মনঃকষ্টে। আবদুল কালাম তাঁর মিসাইলের এমন কোনো প্রয়োগ দেখতে চাননি নিশ্চয়ই।
আবদুল কালামের সারা জীবনের দর্শন ও চিন্তাচেতনা থেকে এটা পরিষ্কার যে মিসাইলকে তিনি দেখেছেন ধ্বংসের বিপরীতে শক্তির গ্যারান্টি হিসেবে।
আমার সংক্ষিপ্ত এই আলোচনায় আমি এটাই বলতে চাই, ভারতের মিসাইলম্যান সারা জীবন শান্তির মিসাইলের কথাই বলেছেন বেশি, ধ্বংসাত্মক মিসাইল নয়। ধ্বংসাত্মক মিসাইলকে তিনি শান্তির মিসাইল হিসেবেই দেখেছেন। কারণ, যুদ্ধকে তিনি মনেপ্রাণে ঘৃণা করতেন। কলিঙ্গ রাজ্য জয়ের পর অশোকের যে অনুতাপ হয়েছিল, যার ফলে তিনি ‘অহিংস’ ধর্মের প্রবর্তক হিসেবে বেরিয়ে এলেন, সে কথা আবদুল কালাম বলেছেন জীবনের শেষ মুহূর্তেও।
‘শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বাঙালি কবি চণ্ডীদাসের এই মহা বাণীটি সম্ভবত না শুনেও আবদুল কালাম সারা জীবন তাঁর চর্চা করেছেন। তাঁর চেতনা ছিল, ‘ছোট্ট এই গ্রহের কাছে এই আমাদের বার্তা—আমরা যা কিছু করি, যে মতাবলম্বী হই তা যেন মানবতার জন্য কল্যাণকর হয়।’
২০০২ সালে রাষ্ট্রপতি হওয়ার পর যে দুটি সুটকেস হাতে নিয়ে তিনি রাষ্ট্রপতি ভবনে ঢুকেছিলেন, সেই দুটি সুটকেস নিয়েই তিনি বেরিয়ে আসেন যথাসময়ে। সুটকেস দুটি ছাড়াও তিনি জগতের সবার কাছে রেখে গেলেন মানবধর্মের মহা আবেদন।
লেখক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমানে ওমানের জাতীয় বিশ্ববিদ্যালেয়র (সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়) পদার্থবিদ্যার অধ্যাপক ও বিভাগীয় প্রধান।