মানবপাচারকারীরা এবার ইয়াবা পাচারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মানবপাচারকারীরা এখন জড়িয়ে পড়েছেন ইয়াবা পাচারে। পাচারের রুট হিসেবে তাঁরা ব্যবহার করছেন সমুদ্রপথকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর সত্যতা নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিজিবি, র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার করেন প্রায় ৭৩ লাখ পিস ইয়াবা। এ সময় আটক করা হয় ১০৭ জনকে। এর মধ্যে অন্তত ৪০ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী।
পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘নয় মাসের বেশি সময় ধরে জেলার ১২০ কিলোমিটার সমুদ্র উপকূল দিয়ে মানবপাচার বন্ধ আছে। এত দিন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে মানবপাচারকারীরা আত্মগোপনে থাকলেও এখন অনেকে ইয়াবা চোরাচালানে যুক্ত হচ্ছে। ইয়াবাসহ অনেকে ধরাও পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হওয়ায় স্থলপথে ইয়াবা চোরাচালান কমে গেছে। কিন্তু আশঙ্কাজনক হারে বেড়েছে নৌপথে ইয়াবা চোরাচালান। বেশির ভাগ ইয়াবা খালাস হচ্ছে চট্টগ্রাম ও খুলনার সুন্দরবন উপকূল দিয়ে।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, মিয়ানমার থেকে নৌকায় করে পাচারের সময় বিজিবির সদস্যরা গত ১৩ এপ্রিল ভোর রাতে টেকনাফের খুরেরমুখ উপকূল থেকে প্রায় ১৭ কোটি টাকার ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেন। খুরেরমুখ ঘাটটি মানবপাচারের প্রধান ঘাট হিসেবে পরিচিত।
অভিযানে নেতৃত্ব দেওয়া টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, মিয়ানমার থেকেই ইয়াবার চালানটি খুরেরমুখ ঘাটে আনা হয়। নৌকা নিয়ে সাগরে পালিয়ে যাওয়ায় ইয়াবা পাচারকারী কাউকে ধরা সম্ভব হয়নি।
কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ডিকশন চৌধুরী বলেন, গত ২৪ ফেব্রুয়ারি কোস্টগাের্ডর সদস্যরা সেন্ট মার্টিন সাগর উপকূল থেকে চার লাখ ইয়াবাসহ মাছধরার দুটি ট্রলার জব্দ করেন। এ সময় আটক করা হয় ১৯ জনকে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, ইয়াবাসহ আটক ১৯ জনের মধ্যে টেকনাফের লেঙ্গুরবিলের শামসু উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। মানবপাচারকারীর তালিকাতেও তাঁর নাম আছে। মানবপাচারকারীদের অনেকে নৌপথে ইয়াবা চোরাচালানে জড়িয়ে পড়ছেন।
র্যা ব সূত্র জানায়, গত ১৪ মার্চ র্যা েবর সদস্যরা সাগরে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবাসহ সাত পাচারকারীকে গ্রেপ্তার করেন। এর আগে র্যা ব একই সাগরে অভিযান চালিয়ে সাত লাখ ইয়াবাসহ আটক করে ছয় পাচারকারীকে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন মিয়ানমারের নাগরিক মো. জোবায়ের। তিনি অন্যতম মানবপাচারকারী। আটক অপর পাঁচজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার আবদুর রহিম, আশেক উল্লাহ, সামসুল আলম, মো. হাসান ও মো. ইউনুস।
র্যা ব কক্সবাজার ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ জানান, আটক ছয়জনের তথ্য অনুযায়ী ইয়াবার চালানটি মিয়ানমার থেকে নৌকায় নিয়ে আসেন কক্সবাজার শহরের কলাতলীর গ্রামের মোহাম্মদ মুফিজ নামের শীর্ষ এক মানবপাচারকারী। গত ৬ জানুয়ারি চট্টগ্রাম উপকূলে আটক ১০ লাখ পিস ইয়াবা পাচারের হোতাও এই মুফিজ। মুফিজের বাড়িতে হানা দিয়ে র্যা ব ৩০ হাজার পিস ইয়াবাসহ তাঁর সহযোগী আবদুর রশিদকে আটক করলেও তিনি আত্মগোপনে থেকে ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ করছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মুফিজকে ধরতে পুলিশ নানা স্থানে অভিযান চালিয়েছে। তিনি আরও বলেন, নৌপথে ইয়াবা চোরাচালান বাড়লেও সাগরে নামার মতো আধুনিক নৌযান পুলিশের নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমার থেকে নৌকায় ইয়াবার চালান প্রথমে আনা হয় সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলে। সেখান থেকে মাছধরার ট্রলারে লুকিয়ে ইয়াবার চালান নিয়ে যাওয়া হয় কক্সবাজার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, সুন্দরবন, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, মিয়ানমারের সঙ্গে যখনই পতাকা বৈঠক হয়, তখন বিজিবির পক্ষ থেকে সেখানকার ইয়াবা কারখানাগুলো বন্ধ এবং চোরাচালানিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। কিন্তু সেখানে ইয়াবা কারখানা আছে এ কথা স্বীকার করে না মিয়ানমার। প্রকৃত অর্থে মিয়ানমার থেকেই নৌপথে ইয়াবা আনা হচ্ছে বাংলাদেশে।