মানবসম্পদই গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস্ ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন আড়ং ও আয়েশা আবেদ ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার এবং মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগের প্রধান ডমিনিক এস ভি বেনেট। শ্রোতাবন্ধু হিসেবে ছিলেন তানভীর, রাকিব মাহমুদ, নাজিব, নাদিয়া ও সুজন। ওই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য।কথাবন্ধু: ছোটবেলায় করপোরেট জগতে কাজ করার কোনো স্বপ্ন ছিল?ডমিনিক: আমার একটা স্বপ্ন ছিল, আমি শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে কাজ করব। এখন আড়ংয়ে আছি এবং এটা দেশীয় একটি প্রতিষ্ঠান, যেটি ব্র্যাকের অংশ। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, আমি বড় কোনো প্রতিষ্ঠানে ভূমিকা রাখব। সে ক্ষেত্রে এখানে কাজ করে মনে হচ্ছে, সেই স্বপ্ন পূরণ হয়েছে।কথাবন্ধু: এখানের কাজ কেমন লাগে? ডমিনিক: কাজটা খুব উপভোগ করি। বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে আমাদের পণ্য উৎপাদনকেন্দ্র আছে। এ ছাড়া চারটি অঞ্চলে আউটলেট আছে। আড়ংয়ের প্রায় ৩৫ হাজার কর্মীর সঙ্গে প্রতিদিনই কোনো না কোনোভাবে যোগাযোগ করতে হয়। এটি তাই অনেক চ্যালেঞ্জিং এবং মজার একটা চাকরি। কথাবন্ধু: অনেক বড় দায়িত্বের এই জায়গাটিতে পৌঁছাতে আপনার প্রস্তুতি কেমন ছিল?ডমিনিক: আমি চেয়েছিলাম কম্পিউটার বিষয়ে পড়ালেখা করব। মা চাইতেন বিবিএ পড়ি। শেষ পর্যন্ত আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এইচআর (মানবসম্পদ) মেজর নিয়ে ব্যবস্থাপনায় পড়ি। পরে মাস্টার্স করি অস্ট্রেলিয়া থেকে। সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাই। এটা আমার এ ক্ষেত্রে একটা বড় আগ্রহ তৈরি করেছে।তানভীর: বাংলাদেশে এইচআরে চাকরির সেক্টর এখন পর্যন্ত কম। যাঁরা সদ্য স্নাতক, তাঁদের জন্য সুযোগটা আরও কম। সে ক্ষেত্রে কীভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা যায়?ডমিনিক: কথাটির মধ্যে সত্যতা আছে। গত পাঁচ বছরে এই সেক্টর কিন্তু অনেক এগিয়েছে। আমি মনে করি, এইচআর পেশার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আর এর জন্য কিন্তু খুব কম সময়ে বাংলাদেশে এখন অনেক প্রশিক্ষণপ্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেখানে এ বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিরা অংশ নেন। যেকোনো কিছুর শুরুর দিকে একটু কষ্ট করতে হয়। আর এ ক্ষেত্রে সেই কষ্টের ফলটা কিন্তু অনেক ভালো। আমাদের এখানে এই সেক্টরটিকে এখন অনেক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই অনেক সুযোগও আছে।কথাবন্ধু: বাংলাদেশে যাঁরা এইচআর মেজর নিয়ে পড়ছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তা কতটা কার্যকর?ডমিনিক: কার্যকর যে নয়, তা আমি বলব না। কিন্তু আমি অনুভব করি, বাইরের দেশে বিষয়টি যেভাবে দেখে, এখানে তার সঙ্গে অনেক তফাত। তো সে ক্ষেত্রে আমাদের অঞ্চলগত বেশ সমস্যা আছে। বাংলাদেশে যে পলিসি আছে, সেভাবে কাজ করে এগিয়ে গেলে আমাদের এ ক্ষেত্রে উন্নতি সম্ভব। আমি বলব না যে আমরা পিছিয়ে আছি, কিন্তু এ ক্ষেত্রের জন্য আমাদেরই কাজ করতে হবে। সে ক্ষেত্রে আমরা সঠিক ব্যক্তিকে সঠিকভাবে এই পেশার সুফল দিতে পারব।কথাবন্ধু: আপনি এর আগে ছিলেন গ্রামীণফোনে আর এখন আড়ংয়ে। দুটোর কাজের ক্ষেত্র দুই রকম। কীভাবে সমন্বয় ঘটাচ্ছেন?ডমিনিক: আমি যেটা মনে করি, একজন এইচআর পেশাজীবীর মধ্যে প্রথমেই থাকা দরকার সততা ও সহমর্মিতা। সেই সঙ্গে আত্মবিশ্বাস ও গোপনীয়তা বজায় রাখার ক্ষমতাটাও গুরুত্বপূর্ণ। আমি যদি আমার সহকর্মীর সমস্যাটা না বুঝতে পারি, তবে সিদ্ধান্ত কীভাবে নেব? আর আরেকজনের সমস্যাকে গোপন না রাখতে পারলে সে কেন আমার কাছে তার সমস্যা ব্যাখ্যা করবে? এই জিনিসগুলো খেয়াল রাখলে যেকোনো প্রতিষ্ঠানেই কাজ করা সম্ভব।কথাবন্ধু: এ পেশায় অন্যকে মোটিভেট করার ক্ষমতাটা জরুরি। আমাদের এখানে এর কতটুকু চর্চা হচ্ছে?ডমিনিক: এখানে উন্নতি করার সুযোগ আছে। আমরা যখন চাকরি খুঁজি, তখন বেতনটাকে খুব জরুরি মনে করি। যেখানে বেতন ভালো, সেখানকার সুযোগটা লুফে নিই। বেতনই মূল কথা নয়। আমি যেটা মনে করি, আমি এখানে যাচ্ছি, কারণ এখানে যেতেই আমার ভালো লাগে। এটা কেবল আমার অফিস নয়, আলাদা একটা পরিবার। এই পরিবারে আমি একজন গুরুত্বপূর্ণ সদস্য, যেখানে আমি ভূমিকা রাখতে পারি। চাকরি করতে হলে প্রতিষ্ঠানের প্রতি ভালোলাগার জন্ম দিতে হবে। রাকিব: অনেক সময় এইচআর কর্মকর্তাদের খুব কঠোর হতে হয়। সহকর্মীদের সঙ্গে খুব রূঢ় আচরণ করতে হয়। এ ক্ষেত্রে কীভাবে কাজ করা যায়?ডমিনিক: আমি মনে করি না যে আমার কখনো কর্মীদের সঙ্গে রূঢ় আচরণ করতে হয়। একজন এইচআর ম্যানেজার যে অবস্থানে থাকেন, সেটা অদ্বিতীয় একটা অবস্থান। তাঁকে সবার সঙ্গে কাজ করতে হয়। এখানে সুন্দর সমতা রাখতে হবে। সবাইকে সব সময় খুশি করা যায় না, সবকিছু দেওয়া যায় না। এখানে সমতা রাখাটা এইচআর ব্যবস্থাপকের প্রথম দায়িত্ব। আর প্রতিষ্ঠানের নিয়মনীতি তো আছেই। কারও সঙ্গে খারাপ ব্যবহার করে কিছু বুঝাতে হবে, এমন তো নয়। প্রতিষ্ঠানের আইনের মধ্যেই সবকিছু করতে হবে।কথাবন্ধু: পড়ালেখা চলছে, এমন সময়ে কি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িত রাখাটা প্রয়োজন, যেটা কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে?ডমিনিক: হ্যাঁ, অবশ্যই। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা-কার্যক্রমের বিশাল ভূমিকা আছে এই পেশায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা রকম ক্লাব থাকে। সেগুলোতে জড়িত থাকলে নিজেই অনেক কিছু শিখতে পারবে। এ ছাড়া বিভিন্ন রকমের প্রশিক্ষণ নিলে বিশেষ বিষয়ের ওপর প্রশিক্ষিত হওয়া যায়। আমরা এসব বিষয়ের ওপর কিন্তু খুব গুরুত্ব দিই। আমরা চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দেখি, প্রার্থীর কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কি না। সে ক্ষেত্রে প্রশিক্ষিত যে কেউ অন্য প্রার্থীকে পেছনে ফেলে চাকরিটা পেয়ে যেতে পারে।