মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কার্যকর ভূমিকা রাখা ও প্রতিবন্ধী সুরক্ষা আইন বাস্তবায়নে জোরালো উদ্যোগ নেওয়ার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটির সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা।
গত ২৫ নভেম্বর রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ‘মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান ও বিশেষ অতিথি কমিশনের সচিব মো. আমজাদ হোসেন খান।
সভায় রাঙামাটির সুশীল সমাজের প্রতিনিধি, নারী ও মানবাধিকারকর্মী, আইনজীবী, উন্নয়নকর্মী ও মুক্তিযোদ্ধা প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার নিরুদ্দেশ হওয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে কমিশনের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে কমিশনের নজরদারি বাড়ানোর পরামর্শও দেন তাঁরা।
নিরূপা দেওয়ান বলেন, ‘কমিশন পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার সুরক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করতে চায়। এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাই যদি মানবাধিকার বিষয়ে সচেতন হই, তাহলে এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।’
মো. আমজাদ হোসেন খান বলেন, মানবাধিকার সুরক্ষায় সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরা যদি সেবার মনোভাব নিয়ে কাজ করেন, তাহলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে অনেক সহায়ক হবে।
মতবিনিময়কালে আইনজীবী চঞ্চু চাকমা বলেন, দেশে পাহাড়ি জনগোষ্ঠীর পরিচয় নিয়ে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তা সুরাহায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা রাখা প্রয়োজন।