মানবাধিকার নিয়ে চাপে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার রক্ষার রেকর্ডের বিবেচনায় নাজুক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। তিন বছর আগে শেষ হওয়া প্রায় আড়াই দশকের রক্তাক্ত গৃহযুদ্ধ এর একটি প্রধান কারণ। যুদ্ধের শেষ দিকে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কার্যকর কোনো তদন্ত না চালানোয় দেশটির সরকার এখন প্রচণ্ড আন্তর্জাতিক চাপের সম্মুখীন। শ্রীলঙ্কার সেনাবাহিনীর শেষ দফার কয়েক মাসের সাঁড়াশি অভিযানে গুঁড়িয়ে যায় বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের প্রতিরোধ। অবসান ঘটে তাদের দীর্ঘ আন্দোলনের। তবে ওই যুদ্ধে সরকারি বাহিনীর পোড়ামাটি নীতি বেসামরিক ক্ষয়ক্ষতির এক লোমহর্ষক পরিসংখ্যান রেখে গেছে।আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিলে শ্রীলঙ্কা বিষয়ে প্রস্তাব তুলেছে। প্রস্তাবে দ্বীপরাষ্ট্রটির সরকারের প্রতি নিজস্ব তদন্ত কার্যক্রম পরিচালনা সাপেক্ষে জাতিগত আপস-মীমাংসার কাজ শুরু এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ী উভয় পক্ষের (সরকার ও এলটিটিই) নায়কদের বিচারের সম্মুখীন করার আহ্বান জানানো হয়।বিভিন্ন মানবাধিকার সংগঠনের পরিসংখ্যান অনুযায়ী, শ্রীলঙ্কায় ১৯৮৩ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে তা অবসানের আগ পর্যন্ত নিহত হয়েছে ৬৪ হাজারের বেশি মানুষ। এদের অধিকাংশই বেসামরিক লোক। ২০০৮ ও ২০০৯ সালের মধ্যে যুদ্ধের শেষ কয়েকটি মাসেই নিহত হয় ৪০ হাজারের মতো লোক। তবে সরকারি পরিসংখ্যানে এ সংখ্যা মাত্র নয় হাজার। গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় ১০ লাখ মানুষ।মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের চাপ মোকাবিলা করতে শ্রীলঙ্কা সরকার ভিন্নধর্মী এক কৌশলের আশ্রয় নেয়। সরকার-সমর্থিত বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ‘বিদেশি হস্তক্ষেপ’ ও ‘পশ্চিমা ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে প্রতিবাদে ফেটে পড়েন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শ্রীলঙ্কা সরকারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সচেষ্ট হয়। কলম্বোর প্রতিনিধিরাও হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্যদের প্রভাবিত করতে জোর তদবিরে নামেন। বরাবর বিদেশি হস্তক্ষেপের বিরোধিতাকারী এবং প্রকাশ্যে নিন্দা করার জন্য পরিচিত কয়েকটি দেশের সমর্থন পাওয়ার আশা করছিলেন তাঁরা। কিন্তু তাঁদের এই তদবির কাজে দেয়নি। ২৪-১৫ ভোটে গৃহীত প্রস্তাবে শ্রীলঙ্কার নিন্দা করে তাদের ওপর বিভিন্ন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। কাউন্সিলের আটজন সদস্য ভোটদানে বিরত থাকে।জেনেভায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত শ্রীলঙ্কার স্থায়ী প্রতিনিধি তামারা কুনানায়েকাম আগেই বলেছিলেন, ‘অনেকেই মনে করেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো প্রস্তাব গ্রহণ করা হবে হিউম্যান রাইটস কাউন্সিলের কতটা রাজনৈতিকীকরণ হয়েছে তা পরীক্ষার শামিল।’ সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের তুলনামূলক দুর্বল উদ্যোগের প্রেক্ষাপটে শ্রীলঙ্কা নিয়ে প্রস্তাবের বিষয়টি সামনে আসে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত প্রেক্ষাপটে মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলের ভূমিকার ওপর সবার দৃষ্টি নিবদ্ধ হয়েছে। যেসব দেশ মানবাধিকার রক্ষা করতে আন্তর্জাতিক হস্তক্ষেপের পক্ষে যেমন প্রশ্নের সম্মুখীন, একইভাবে প্রশ্নের সম্মুখীন হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থানকারী দেশগুলোও।বিশেষজ্ঞরা বলেন, মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যে চলমান বিভক্তি তার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে কাজ করছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিল। একে একটি টেবিলের সঙ্গে তুলনা করলে এর এক প্রান্তে আছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের নেতৃত্বাধীন তথাকথিত হস্তক্ষেপপন্থীরা, আর অন্য প্রান্তে রয়েছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপবিরোধী নীতির অনুসারী রাশিয়া ও চীন।বিদেশের মাটিতে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে গত বছর নৃশংস কার্যকলাপবিরোধী একটি কর্তৃপক্ষ গঠন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তখন তিনি বলেন, ‘নিষ্ঠুরতা ও গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিক দায়দায়িত্ব সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়।’তবে এ আদর্শের বিরোধীরা মানবাধিকার নিয়ে পশ্চিমাদের ‘দ্বৈত নীতির’ তীব্র সমালোচনা করছেন। তারা এই ‘সাম্রাজ্যবাদী’ দৃষ্টিভঙ্গির সঙ্গে এক কাতারে দাঁড়াতে অনিচ্ছুক। আদর্শিক এই লড়াইয়ে শামিল হওয়াদের মধ্যে রয়েছে মাঝামাঝি অবস্থানে থাকা হস্তক্ষেপ বিষয়ে দোদুল্যমান ভারত, ইসরায়েলবিরোধী আরব বিশ্ব, সতর্ক লাতিন আমেরিকা ও একগুঁয়ে কিউবার মতো বিভিন্ন পক্ষ।এ কারণে এটা মোটেই বিস্ময়কর নয় যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বিভেদ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের প্রয়োজনীয় সাড়া দেওয়াকে কঠিন, এমনকি কখনো কখনো প্রায় অসম্ভব করে তুলছে। বিদেশি হস্তক্ষেপের বিরোধীরা মানবাধিকার লঙ্ঘনের জন্য নিন্দা করতে কোনো একক দেশকে চিহ্নিত করা এড়িয়ে যাচ্ছে। ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকে সংখ্যাগরিষ্ঠতার মরীচিকার পেছনে ছুটতে ছুটতে এ পর্যন্ত হিউম্যান রাইটস কাউন্সিল খুবই দুর্বল (এমনকি হিতে বিপরীত) কিছু প্রস্তাব পাস করতে পেরেছে। সংস্থাটি নৃশংসতা অব্যাহত থাকলেও গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় স্বাধীন বিশেষজ্ঞদের কাজের মেয়াদের পরিসমাপ্তি ঘটিয়েছিল। কাউন্সিল ইয়েমেনের স্বৈরশাসকদের বিরুদ্ধে নমনীয় প্রস্তাব পাস করেছে। পাশাপাশি বাহরাইনে বিক্ষোভকারীদের ওপর সরকারের কঠোর দমনাভিযান পুরোপুরি এড়িয়ে গেছে।বিশ্লেষকেরা বলছেন, এমন ব্যর্থতার মধ্যেও তাঁরা হিউম্যান রাইটস কাউন্সিলে প্রথমবারের মতো কিছু ইতিবাচক পরিবর্তনের লক্ষণ দেখছেন। জেনেভায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের কৌঁসুলি ফিলিপ ড্যাম বলছিলেন, ‘কাউন্সিলভুক্ত লাতিন আমেরিকা, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মনোভাবে কিছু পরিবর্তনই এর প্রধান কারণ। দেশগুলো জাতিসংঘে অধিকতর ‘সক্রিয়’ ও ‘প্রগতিশীল’ ভূমিকা রাখার লক্ষ্যে নিজেদের এত দিনের অনমনীয় অবস্থান থেকে সরে আসছে।’ গত বছর কোনো কোনো পক্ষের অব্যাহত বাধা সত্ত্বেও কাউন্সিল সিরিয়া, লিবিয়া ও আইভরিকোস্টের মানবাধিকার পরিস্থিতি ‘তদন্তে’ কিছু সময়োপযোগী প্রস্তাব পাস করতে পেরেছে।অবশ্য শ্রীলঙ্কার বিষয়টি কিছুটা ভিন্ন। সেখানে হস্তক্ষেপবাদী বিশ্বশক্তির লক্ষ্য কোনো কর্তৃত্ববাদী সরকারের গণহত্যা ঠেকানো নয় বরং একটি মোটামুটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সরকারের অধিকতর জবাবদিহি নিশ্চিত করা। মানবাধিকারকর্মীরা জোর দিয়ে বলছেন, অতীতে শ্রীলঙ্কা সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ব্যর্থ হয়েছে। দোষী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে তাদের সামর্থ্যের ওপর ভরসা করা যায় না। কারণ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মূল হোতাদের অনেকেই ক্ষমতাসীন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা।  আবু হুরাইরাহ্সূত্র: নিউজউইক