মানবাধিকার নিয়েকাজ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীরা যে বাকপটু হয়, তার প্রমাণ মিলল রোকেয়া চৌধুরীর কথায়। খুব সাজিয়ে-গুছিয়ে কথা বলেন তিনি। ফলে খুব অল্প সময়েই জমে যায় আড্ডা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সম্মানে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে মাস্টার্সের ক্লাস শুরু করেছেন এই শিক্ষার্থী।আইন বিভাগে পড়তে আসার কেচ্ছাটা জানতে চাই তাঁর কাছে? তিনি বলেন, বরাবরই বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম। এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে আগ্রহবশত বাংলা পিডিয়ার আইনসংক্রান্ত সবগুলো তথ্য এক দিনেই পড়ে ফেলি। আইনের প্রতি আগ্রহটা সেখান থেকেই শুরু। সেদিনই সিদ্ধান্ত নিই আইনে পড়ার। ‘ঘ’ ইউনিটে (বিভাগ পরিবর্তনের ইউনিটে) পরীক্ষা দিই এবং সুযোগও মিলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির। তারপর থেকে শুধুই সামনে এগিয়ে চলা। এ ক্ষেত্রে পারিবারিক সহযোগিতা ছিল সবচেয়ে বেশি। আইন বিভাগে ভর্তির কেচ্ছা তো শোনা হলো, এবার ভালো ফলাফলের রহস্যটা জানতে চাই তাঁর কাছে? তিনি জানান, আসলে খুব বেশি পড়াশোনা করি তা কিন্তু না, তবে যতটুকু সময় পড়ি খুব মনোযোগ দিয়ে পড়ি। এমনটা প্রায়ই হয় যে টানা দুই-তিন দিন পড়লাম, পরের দুই দিন হয়তো টেবিলের কাছেই যাই না। তবে ক্লাসগুলো নিয়মিত করাটা জরুরি বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, নিয়মিত ক্লাস প্রেজেন্টেশন থাকে, তাই সমসাময়িক-জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে স্বচ্ছ ধারণা রাখাটা জরুরি। আর ক্লাসের বই পড়ার পাশাপাশি বাইরের বই পড়তে হবে নিয়মিত। হতে পারে সেটা সাহিত্যের বইও। বোঝাই যাচ্ছে, সাহিত্যের প্রতি ঝোঁক আছে এই শিক্ষার্থীর। এমন কোনো দিন নেই, যেদিন তিনি কোনো ছোট গল্প, কবিতা বা উপন্যাসের কটা পাতা উল্টে দেখেন না।জানতে চাই, আইন বিষয়টা কেমন? উত্তরটা মেলে সরল হাসির সঙ্গে। আইন বিষয়টাকে সবাই কাঠখোট্টা বিষয় ছাড়া আর কিছুই ভাবে না। কিন্তু আইন বিষয়টা হতে পারে আনন্দময়। আইন কিন্তু আমাদের জীবনের সবকিছুর সঙ্গে সংশ্লিষ্ট। আইনকে আলাদা করে দেখার সুযোগ নেই। আইনকে যাঁরা পেশা হিসেবে নিতে চান, তাঁদের সাধারণ মানুষের সঙ্গে মেশার ক্ষমতা থাকতে হবে। তাঁর মতে, প্রতিটা মানুষকে লক্ষ্যটা আগে ঠিক করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য আর চেষ্টা মানুষকে তাঁর সাফল্যে পৌঁছে দেয়। প্রশ্ন করি, যেহেতু ‘ক্লাসের সেরাদের সেরা’ তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে যোগদানের ইচ্ছে নিশ্চয় আছে? হেসে উত্তর দেন মেয়েটি, একদমই না। শিক্ষকতা মহান পেশা, কিন্তু আমি নিজেকে ভবিষ্যতে আইনজীবী হিসেবে দেখতে চাই। মানবাধিকার নিয়ে কাজ করার স্বপ্ন দেখি। দেশে-বিদেশে, সবখানেই। সময় অনেকটা পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটা ১২টা ছুঁই ছুঁই করছে। ক্লাস আছে এখন। তাই উঠতে হলো দুজনকে। রোকেয়া চৌধুরী পা বাড়ালেন ক্লাসের দিকে। এ যেন স্বপ্ন পূরণের পথে পা বাড়ানো।