মানবাধিকার পদক পেলেন 'ঝরনা দিদি'
আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চান ঝরনা রানী রায়। গত ১৩ ডিসেম্বর মানুষের জন্য ফাউন্ডেশনের মানবাধিকার পদক পেয়েছেন। প্রতিক্রিয়া কী? জানতে চাইলে এভাবেই উত্তর দিলেন দীঘিনালার সবার প্রিয় ঝরনা দিদি।
ঝরনাধারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এই নারী শিশুশিক্ষার পাশাপাশি গ্রামের লোকজনকে সচেতন করার কাজও করেন। অবশেষে জাতীয় পর্যায় থেকে স্বীকৃতি মিলল এই কাজের। ঢাকার বাংলা একাডেমি মিলনায়তনে গত ১৩ ডিসেম্বর তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পদক বিতরণ অনুষ্ঠানে বিলি করা মানুষের জন্য ফাউন্ডেশনের বুকলেটে উল্লেখ করা হয়, সারা দেশের ১১১ জন মানবাধিকারকর্মীর তথ্য–উপাত্ত সংগ্রহ করে বিচারকমণ্ডলীর মাধ্যমে যাছাই-বাছাই করে ১০ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
প্রতিক্রিয়া জানতে চাইলে ঝরনা রানী রায় বলেন, ‘আমার এই পদক মানুষের জন্য। মানুষের জন্য কাজ করি বলেই আজ এই পদক পেয়েছি। এতে আমার দায়বদ্ধতা আরও বাড়ল।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, উন্নয়ন সংস্থা ডিএফআইডির আবাসিক প্রতিনিধি সারাহ হক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। উল্লেখ্য, ২০১২ সালের ৩ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় ‘প্রিয় ঝরনা দিদি’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।