মানবাধিকারের দুঃসময়
মানবাধিকারচর্চা বর্তমান দুনিয়ায় আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখনকার বিশ্ব নেতাদের কাছে মানবাধিকার নিছক এক মামুলি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। মানবাধিকারের আন্দোলন পৃথিবীতে মানুষের মধ্যে আর আবেদন সৃষ্টি করতে পারছে না। সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন স্বৈরতান্ত্রিক শাসনগুলোতে তো বটেই, নামকরা ‘গণতন্ত্র’গুলোতেও দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। বিচারবহির্ভূত হত্যা, সরকারি হেফাজতে বন্দী নির্যাতন, বিশ্বব্যাপী বিভিন্ন রকম আটক সেল কিংবা নির্যাতনকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও মানবাধিকার চর্চাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বিশ্ব নেতারাও সমগ্র আশি ও নব্বইয়ের দশক কোথাও মানবাধিকার লঙ্ঘন হলে সোচ্চার থাকতেন। সেখানে বর্তমানে সেই দেশগুলো একই শাসনতান্ত্রিক নীতিমালা নিয়ে একই রকম ঘটনায় দায়সারা একটা বিবৃতি দিয়ে দায় সারছে, মানবাধিকারচর্চার এতটা করুণ অবস্থা আর বোধ হয় কখনই ছিল না।মানবাধিকার প্রশ্নে সমগ্র পৃথিবীর আগ্রহে ঘাটতির উত্সমূল বিশ্লেষণ করলে অনেক কিছুই বেরিয়ে আসে। মানবাধিকার নিয়ে একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্র সারা বিশ্বকেই নসিহত করত। ‘অমুক কাজটা ভালো হয়নি’ ‘তমুক করা উচিত ছিল’ ইত্যাদি নসিহত। যদিও বিশ্বের বুকে মানবাধিকার লঙ্ঘনের যত বড় বড় উদাহরণ রয়েছে, তার অনেক কিছুই ঘটেছে যুক্তরাষ্ট্রের হাত ধরে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মানব সম্প্রদায়ের ওপর পরমাণু বোমার ‘সার্থক পরীক্ষা’ কিংবা ষাটের দশকে ভিয়েতনামে মাই লাই হত্যাকাণ্ড—সবকিছুরই সার্থক চিত্রায়ন কিংবা বাস্তবায়ন ঘটতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে। এ সবকিছুই ধীরে ধীরে অতীত হয়ে আসছিল। যুক্তরাষ্ট্রও মানবাধিকার ও সারা পৃথিবীর অত্যাচার, নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেদের একটা নতুন ‘ভাবমূর্তি’ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিল। কিন্তু দেশটি ২০০১ সালের আফগান অভিযান আর তার পরের বছরই ইরাকে অন্যায় যুদ্ধ, বোধকরি মানবাধিকারের ব্যাপারে পৃথিবীব্যাপী শ্রদ্ধাবোধ ও চিন্তাচেতনায় এক যতিচিহ্ন টেনে দিয়েছে।২০০১ সালে সমগ্র বিশ্বে চিন্তাভাবনায় আমূল পরিবর্তনের বছর। সে বছরেরই সেপ্টেম্বর মাসের ১১ তারিখে চোখের নিমিষে যেন বদলে গেল গোটা পৃথিবীই। নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা বদলে দিল গোটা বিশ্বের চিন্তাভাবনার মূল। একটি মানবিক বিপর্যয়, হাজার হাজার মানুষের মৃত্যু আর সন্ত্রাসবাদ দমনের অগ্নিশপথ মানবাধিকার চর্চাকেন্দ্রে আঘাত হানল বড্ড কঠিনভাবেই। আল-কায়েদা কিংবা তালেবানদের দমনে বিশ্বের বড় বড় শক্তির কাছে তখন মানবাধিকার হয়ে উঠল এক গৌণ বিষয়।বর্তমান বিশ্বের অর্থনৈতিক রূপরেখাও মানবাধিকারকে পেছনের সারিতে ঠেলে দিয়েছে। অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের উত্থান, আর অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চীনের ওপর নির্ভরশীলতা, মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ঠেলে দিয়েছে কঠিন এক বিব্রতকর পরিস্থিতিতে। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক চীন সফরে মানবাধিকার প্রশ্নে এবং চীনের গণতন্ত্রহীনতার প্রশ্নে তাঁর প্রতিটি বক্তব্যই ছিল ‘ধরি মাছ না ছুঁই পানি’র মতো। চীনে ইন্টারনেট সেন্সরশিপের বিরুদ্ধে বলতে গিয়ে ওবামা খুবই হালকা চালে বলেছেন যে তিনি কোনো কিছুতে সেন্সরশিপ না থাকার ‘বিরাট’ সমর্থক। বিশ্লেষকদের মতে, চীনে মানবাধিকারহীনতা একটি সাধারণ বিষয়ে পরিণত হলেও বারাক ওবামা এখনই এসব নিয়ে কড়া ভাষায় কথা বলে যুক্তরাষ্ট্রকে চীনের বিরাগভাজন বানাতে চাননি। বর্তমান বিশ্বের অর্থনীতির বাস্তবতায় যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে চীনের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার সবচেয়ে বড় উদাহরণ আগামী দশকে কেবল চীনের বেসামরিক বিমান চলাচলের জন্যই সাড়ে তিন হাজার যাত্রীবাহী বিমান প্রয়োজন। এই বিরাট ব্যবসাটি পেতে তাই যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা বোয়িং মরিয়া। আর তাই যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন চীনের মানবাধিকার কিংবা অন্যান্য প্রশ্নে বেশ সাবধানী ভূমিকা গ্রহণ করেছে।মানবাধিকারচর্চা ও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের একটি পুরোনো সুনাম ছিল। কিন্তু বর্তমানে তাও ধূলিসাত্ হওয়ার পথে। ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও মানবাধিকারবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সংস্থার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাজাখস্তানকে। এই দেশটির বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়ন ও নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কাজাখস্তানে প্রায়ই সরকারবিরোধীরা উত্পীড়নের শিকার হয় বলে কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নেতৃত্বস্থানীয় দেশগুলো ছিল সোচ্চার।এশিয়ায় চীন ও উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে একসময় বেশ উচ্চকণ্ঠ ছিল জাপান। জাপানের সাম্প্রতিক নির্বাচন ও এর ফলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সেই অবস্থানকে পরিবর্তন করেছে। জাপানের প্রধানমন্ত্রী ইওকিও হাতোইয়ামা উত্তর কোরিয়ার মানবাধিকার প্রশ্নে চাপ প্রয়োগের বদলে সে বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। চীনের হু জিনতাওয়ের শাসনে উইঘুর পরিস্থিতির উদ্ভব এবং সেখানে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারেও জাপান অপেক্ষাকৃত নরম অবস্থান নিয়েছে। অর্থাত্ সব জায়গাতেই মানবাধিকার প্রশ্নে কেমন যেন একটা নরম সুর। অস্ট্রেলিয়া সরকার একসময় চীন, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদী ভূমিকায় থাকলেও বর্তমানে শ্রীলঙ্কার রাজাপক্ষে সরকারের রাজনৈতিক দমনে ব্যতিব্যস্ত সে দেশের অসংখ্য তামিল শরণার্থীর ব্যাপারে নীরব। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার সঙ্গে একজোট হয়ে তামিল শরণার্থীদের তাদের দেশে প্রবেশে বাধার সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার মানবাধিকারচর্চার মান কতটা নিচে নেমে গেছে তার আরও একটি বলিষ্ঠ প্রমাণ হচ্ছে কিছুদিন আগে একজন অস্ট্রেলীয় খনি বিশেষজ্ঞকে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাগারে পাঠালেও দেশটির প্রধানমন্ত্রী কেভিন রুড চীনের বিরুদ্ধে কোনো কড়া বিবৃতি দেননি বা প্রতিবাদও করেননি।ফ্রান্স আফ্রিকার বিভিন্ন দেশের স্বৈরশাসকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখে চলেছে বলে অভিযোগ রয়েছে। যদিও নিকোলাস সারকোজির সরকার আগেই বলেছে যে তাঁরা আফ্রিকার দেশগুলোর সঙ্গে এক নতুন সম্পর্কে আগ্রহী, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ও বিরোধী পক্ষকে রাজনৈতিক নিপীড়নকারী কোনো সরকারের সঙ্গে ফ্রান্স সম্পর্ক রাখবে না, কিন্তু এই প্রতিশ্রুতির সঙ্গে একেবারেই সঙ্গতিহীনভাবে ফ্রান্স যখন গ্যাবনের নতুন সামরিক শাসককে সমর্থন জানায় তখন এ বিষয়ে ফ্রান্সের অবস্থানকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে তোলে। এর পাশাপাশি মুসলিমদের ব্যাপারে হিজাব প্রশ্নে ফ্রান্সের অবস্থান এবং হিজাব করার জন্য মুসলিম নারীদের অপদস্থ করার পুরোনো অভিযোগ থেকে দেশটি এখনো মুক্ত নয়। মুসলিম নারীদের হিজাব পরতে বাধা দেওয়া তো মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘনের সুস্পষ্ট ব্যত্যয়।সব মিলিয়ে বিশ্বে মানবাধিকারের খুবই করুণ দশা। এককালের মানবাধিকারের রক্ষাকবচ দেশগুলো যখন এই প্রশ্নে অপেক্ষকৃত নরম অবস্থান গ্রহণ করে, তখন তা বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোকে হতাশায় আচ্ছন্ন করেছে। যে নেলসন ম্যান্ডেলা সারাটা জীবন মানুষের সমঅধিকার নিয়ে আন্দোলন করেছেন, সাতাশটি বছর জেল খেটেছেন, তাঁর আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস (এএনসি) যখন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ‘হিংস্র’ শাসনকে সমর্থন করে তখন কারোরই আর কিছুই বলার থাকে না। গত জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সময় আহমেদিনেজাদের বিরোধী মৌসাবির সমর্থকেরা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তীব্র গণআন্দোলন গড়ে তোলার সময় ইরানের রেভ্যুলুশনারি গার্ডের নির্যাতন ও হামলায় হতাহতের ঘটনা ঘটলেও বিশ্বে ইরানের সবচেয়ে বড় ‘শত্রু’ হিসেবে নিজেদের জাহির করা যুক্তরাষ্ট্র কয়েকটা বিবৃতি দিয়েই দায় সেরেছে। ওবামার ইরানের প্রতি অপেক্ষকৃত নরম মনোভাব ক্ষুব্ধ করে তুলেছে গোটা যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলোকে, হতাশ করেছে মানবাধিকার হরণের শিকার ইরানের বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে। বিশ্বে মানবাধিকারচর্চার এই করুণ দশার কারণ কী? অনেকে মনে করেন, বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, চীনের অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া, ক্রমশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়া বিশ্বে এ রকম পরিস্থিতির সৃষ্টি করেছে। এর পাশাপাশি বিশ্বের বৃহত্ শক্তিগুলোর রাষ্ট্রপ্রধানেরা বর্তমানে অনেকটাই বাস্তববাদী, তাঁরা হয়তো অন্তত এতটুকু বুঝতে পেরেছেন, মানবাধিকারের মতো একটি বিমূর্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করার মতো পরিস্থিতি আর অবশিষ্ট নেই বর্তমান বিশ্বে। এর চেয়ে অর্থনৈতিক লাভালাভ ও আঞ্চলিক প্রাধান্যের দিকে মনোযোগ দেওয়া অনেক বেশি লাভজনক। আঞ্চলিক প্রাধান্য বিস্তার করার চেষ্টায় যদি কোনো মানবাধিকার ইস্যু সামনে আসে, তাহলে সেদিকে নজর দিলেই হবে—এমন একটা চিন্তাভাবনা বর্তমানে সর্বত্র। এমন একটা সময় আগামী দিনগুলোতে বিশ্বে মানবাধিকার পরিস্থিতি কোন পথে যাবে তা নিয়ে শঙ্কা দিন দিন বাড়ছেই। সন্ত্রাসকে সন্ত্রাস দিয়ে মোকাবিলা করতে গিয়ে একদিন হয়তো বিশ্বে মানবাধিকার বলতেই আলোচনা অবশিষ্ট থাকবে না।