এই নগরে-দূর গ্রামে : সাংস্কৃতিক প্রতিযোগিতায় বক্তারা
মানবিক গুণাবলি অর্জনের অন্যতম পাঠশালা খেলাঘর
খেলাঘর মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশুর মানবিক গুণাবলি বিকাশে খেলাঘর অন্যতম পাঠশালা।
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের জাতীয় সাংস্কৃতিক উৎসব উপলক্ষে চট্টগ্রাম জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বক্তারা এ কথা বলেন। ২০ নভেম্বর মাওলানা ইসলামাবাদী মেমোরিয়াল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন ওস্তাদ মিহির লালা। খেলাঘর মহানগরী কমিটির সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। সংগঠনের সহসভাপতি শীলা দাশগুপ্তার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিল্পী মৃণাল ভট্টাচার্য্য, অঞ্চল চৌধুরী, মাঈনুল আজম চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক রূপক চৌধুরী প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক ছিলেন খেলাঘরের সাংস্কৃতিক স্কুল শৈশবের অধ্যক্ষ রবিন দে, সংগীতশিল্পী জয়ন্তী লালা, মানস পাল চৌধুরী, গার্গী সেন, মালবিকা নন্দী, নৃত্যশিল্পী তিল্লোত্তমা সেনগুপ্তা ও হিল্লোল দাশ।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ২৪ থেকে ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সাংস্কৃতিক উৎসবে অংশ নেবে। বিজ্ঞপ্তি।