মানবিক সাহায্য সংস্থায় পাঁচ পদে ৪৬০ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) সম্প্রতি তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে পাঁচটি পদে মোট ৪৬০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোর গত ২৯ সেপ্টেম্বর, ২০১৭ তারিখের চাকরিবাকরির তৃতীয় পৃষ্ঠায়। বিজ্ঞপ্তি অনুসারে শাখা হিসাবরক্ষক পদে ১০০ জন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) পদে ৩০০ জন, সহকারী শাখা ব্যবস্থাপক পদে ২৫ জন, শাখা ব্যবস্থাপক পদে ২৫ জন এবং এরিয়া ব্যবস্থাপক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। চলছে আবেদন প্রক্রিয়া, আবেদন করা যাবে ২২ অক্টোবর, ২০১৭ তারিখ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

শাখা হিসাবরক্ষক পদের গ্রেড-১ এ আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতকোত্তর বা স্নাতক বা বাণিজ্য শাখা থেকে সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং গ্রেড-২ তে আবেদনের জন্য আবেদনকারীকে বাণিজ্য শাখা হতে এইচএসসি পাস হতে হবে। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) পদের গ্রেড-১ এ আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং গ্রেড-২ তে আবেদনের জন্য আবেদনকারীকে এইচএসসি পাস হতে হবে। শাখা হিসাবরক্ষক এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) উভয় পদে আবেদনের জন্যই আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

সহকারী শাখা ব্যবস্থাপক পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে মাঠকর্মী হিসেবে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আবেদনকারীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে মাঠকর্মী হিসেবে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।

শাখা ব্যবস্থাপক পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৮ বছর।

এরিয়া ব্যবস্থাপক পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সমপদে ন্যূনতম দুই বছর এবং কমপক্ষে চারটি ক্ষুদ্রঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন প্রক্রিয়া

সব পদে আবেদনের জন্যই আবেদনকারীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং মোবাইল নম্বর উল্লেখ করে পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদন ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ২২ অক্টোবর, ২০১৭ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯ পশ্চিম পান্থপথ, চতুর্থ তলা, ঢাকা-১২০৫ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদন খামের ওপর পদের নাম এবং নির্বাচনী পরীক্ষার স্থান অবশ্যই উল্লেখ করতে হবে।

বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী নির্দিষ্ট হারে বেতন-ভাতা প্রাপ্ত হবেন। এ ক্ষেত্রে শিক্ষানবিশকাল শাখা হিসাবরক্ষক গ্রেড-১ পদে মনোনীত ব্যক্তিদের মাসে ১৪ হাজার টাকা এবং গ্রেড-২ পদে মনোনীত ব্যক্তিদের মাসে ১৩ হাজার টাকা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) গ্রেড-১ পদে মনোনীত ব্যক্তিদের মাসে ১৪ হাজার টাকা এবং গ্রেড-২ পদে মনোনীতদের মাসে ১৩ হাজার টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক পদে মনোনীতদের মাসে ১৬ হাজার ৫০০ টাকা, শাখা ব্যবস্থাপক পদে মনোনীতদের মাসে ২১ হাজার ৫০০ টাকা এবং এরিয়া ব্যবস্থাপক পদে মনোনীতদের মাসে ২৫ হাজার টাকা হারে বেতন দেওয়া হবে।

সফলভাবে শিক্ষানবিশকালে সময় পার করার পর তাঁদের চাকরিতে নিয়মিত করা হবে এবং সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি, বার্ষিক দুটি উৎসব বোনাস, একটি ইনসেনটিভ বোনাস, বছরে ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি সুবিধাদি প্রদান করা হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)

২৯ পশ্চিম পান্থপথ, চতুর্থ তলা, ঢাকা-১২০৫।