মানবিক সাহায্য সংস্থায় ৪০০ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটিতে ৪টি পদে ৪০০ লোক নেওয়া হবে। সম্প্রতি পত্রিকায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে ২৪ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির চতুর্থ পৃষ্ঠায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে এরিয়া ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদে ৫০ জন করে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) পদে ৩০০ জনকে নিয়োগ করা হবে। পদগুলোতে আবেদন করা যাবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।

এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের পদভেদে এইচএসসি থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার, মোটরসাইকেল ও বাইসাইকেল চালানো জানতে হবে। পদভেদে বয়স হতে হবে ৩২ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদন ও সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নির্ধারিত তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯ পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), ঢাকা ১২০৫ এই ঠিকানা বরাবর পাঠাতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদপত্রের মূল কপি দেখাতে হবে এবং নির্বাচনী পরীক্ষায় মনোনীত প্রার্থীকে সব সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও ঠিকানা প্রার্থীর মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত একজন এরিয়া ব্যবস্থাপক শিক্ষানবিশকালে ২০ হাজার ৫০০ টাকা, নিয়মিতকরণের পর নির্ধারিত শহরে ২৬ হাজার টাকা, পল্লিতে ২৩ হাজার ৩৫৩ টাকা মাসিক বেতন পাবেন। শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে ১৭ হাজার ৫০০ টাকা, নিয়মিতকরণের পর নির্ধারিত শহরে ২২ হাজার টাকা, পল্লিতে ১৯ হাজার ৫৬৫ টাকা বেতন পাবেন। এ দুই পদের অধিক অভিজ্ঞ প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আর সহকারী শাখা ব্যবস্থাপক প্রার্থীরা শিক্ষানবিশকালে ১৪ হাজার টাকা, নিয়মিতকরণের পর নির্ধারিত শহরে ১৭ হাজার ৭৫৬ টাকা, পল্লিতে ১৫ হাজার ৪০৫ টাকা বেতন পাবেন। অন্যদিকে, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) গ্রেড-১ পদের প্রার্থীরা শিক্ষানবিশকালে ১১ হাজার ৭০০ টাকা নিয়মিতকরণের পর শহরে ১৪ হাজার ৩০৪ টাকা, পল্লিতে ১২ হাজার ২৫০ টাকা বেতন পাবেন। এ পদের গ্রেড-২ প্রার্থীরা শিক্ষানবিশকালে ১১ হাজার টাকা, নিয়মিতকরণের পর শহরে ১৩ হাজার ৪৮৮ টাকা, পল্লিতে ১১ হাজার ৪৬০ টাকা বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।