মানবেতর জীবন যাপন করছে তারা

ছোট শিশু পারমিন কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। বুকে কফও জমে ছিল। ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। জ্বর বেড়ে যাওয়ায় পরিবারের লোকজন তাকে নিয়ে আসে তারা যে শরণার্থী শিবিরে থাকে তার পাশের এক ফার্মেসিতে। কিন্তু ফার্মেসির মালিক প্রাথমিক চিকিৎসাটুকুও দেননি। পারমিনের পরিবারকে পরামর্শ দেন সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র দাপায়িং ক্লিনিকে পারমিনকে নিয়ে নিয়ে যেতে। কিন্তু বিকেল চারটা না বাজতেই বন্ধ হয়ে যায় ক্লিনিকের দরজা। পাগলের মতো কিছুক্ষণ এদিকে-সেদিকে ছোটাছুটি করল পারমিনের পরিবার। ফিরে আসে আবার সেই ফার্মেসিতে৷ কিন্তু কোনো লাভ হয়নি৷ কিছুক্ষণ পর দািদর কোলে মারা যায় সে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতউইতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বসবাস। সিতউইর শরণার্থী শিবিরগুলোতে প্রায় এক লাখ রোহিঙ্গা বসবাস করে। তাদের চিকিৎসার জন্য এখানে কেবল একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। যেখানে নেই প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম।
আন্তর্জাতিক চিকিৎসক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস ক্লিনিক এখানে রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল। কিন্তু মিয়ানমার সরকার গত ফেব্রুয়ারি মাসে তা-ও বন্ধ করে দেয়। শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য সরকারি হাসপাতালের চিকিৎসা পাওয়া এখন রীতিমতো স্বপ্ন হয়ে উঠেছে । দীর্ঘদিন ধরে নির্যাতিত ও সুবিধাবঞ্চিত এসব রোহিঙ্গার জীবনযাপনের সব ধরনের সুযোগই কমছে প্রতিনিয়ত। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার পেতে তাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আন্তর্জাতিক সাহায্যদানকারী সংস্থার কর্মীদের দাবি সিতউইর এসব শরণার্থী শিবিরের রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় বৌদ্ধ কর্মকর্তারা শরণার্থী শিবিরগুলোতে অন্যান্য মানবিক সাহায্য দেওয়া সীমিত করে দেওয়ায় অবস্থা আরও সঙ্গিন হয়ে উঠছে। যক্ষ্মা, পানিবাহিত বিভিন্ন রোগ ও অপুষ্টিতে ভুগছে তারা। সম্প্রতি দেশটিতে গণতান্ত্রিক সংস্কার হওয়া সত্ত্বেও রোহিঙ্গাদের জন্য বাইরের দেশ থেকে আসা সহায়তাও পৌঁছাচ্ছে না। এসব কারণে এসব কারণে এসব শরণার্থী শিবিরে শিশুমৃত্যুর হার বেড়ে গেছে।
মিয়ানমারের বৌদ্ধ জনগোষ্ঠী শুরু থেকেই দাবি করে আসছে, রোহিঙ্গারা এই দেশের নাগরিক নয়। তাই তাদের বাংলাদেশে পাঠিয়ে
দেওয়া উচিত। তারা বরাবরই রোহিঙ্গাদের বহিরাগত বলে দাবি করে আসছে। তাই তাদের সুবিধাবঞ্চিত করাটাই উচিত বলে মনে করে তারা।
রোহিঙ্গাদের প্রতি এই আচরণের কারণে মিয়ানমার সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে মিয়ানমার সরকার বরাবরই সেটি অস্বীকার করে আসছে। সম্প্রতি মিয়ানমার সরকারের মুখপাত্র ইয়ে হুতুত এক রেডিও ভাষণে বলেন, তাঁর দেশে রোহিঙ্গা মুসলিমদের প্রতি কোনো অবিচার করা হচ্ছে না। তাদের পৃথক করে রাখা হয়নি। এমনকি শরণার্থী শিবিরে শিশুমৃত্যুসহ বিভিন্ন রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার যে কথা বলা হয়েছে, সে রকম কিছুই ঘটেনি। তিনি আরও বলেন, মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে। গত মার্চের শেষ দিকে সিতউইতে পাঁচটি চিকিৎসক দল পাঠানো হয়ছে সে অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।
তবে দুঃখজনক হলেও সত্যি এই যে তাদের কালে-ভদ্রে দেখা গেছে সে অঞ্চলে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তারা দাবি করেন, যেসব সাহায্য-সহায়তা রোহিঙ্গাদের জন্য আসে, সেগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। তাঁদের অনুমতি ছাড়া এসব সহায়তা শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের কাছে পৌঁছায় না। অনেকেই মনে করছেন, জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এসব সহযোগিতা রোহিঙ্গাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। অনেক সংস্থা ইিতমধ্যে রোহিঙ্গাদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘে আবেদনও করেছে।
২০১৩ সালে ঘটে যাওয়া ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পরও মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমান প্রসঙ্গে চুপ ছিল। স্থানীয় বৌদ্ধদের হামলায় কয়েক শ মুসলমান হত্যার ঘটনা ঘটে যাওয়ার পরও সরকার সেটিকে আমলে নেয়নি। আন্তর্জাতিক মহল এতে ক্ষুব্ধ হয়ে মিয়ানমারের ওপর বেশ কয়েকটি বাণিজ্যিক ও কৌশলগত নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সেগুলো মিয়ানমার সরকারকে বিচলিত করেনি। চীন থেকে মিয়ানমারকে কৌশলগতভাবে আলাদা রাখতে সচেষ্ট ওবামা প্রশাসনও মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে হতাশ। সম্প্রতি এশিয়া সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, মিয়ানমারে যত দিন মুসলমান জনগণ নির্যাতিত হবে, তত দিন পর্যন্ত সামগ্রিকভাবে দেশটি সাফল্যের মুখ দেখবে না।
মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা টমাস ওজেয়া কুইন্টানা বলেন, রোহিঙ্গাদের জন্য পাঠানো সহায়তা সরবরাহে স্থানীয় সরকার যে ভূমিকা নিচ্ছে, সেটি মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। এর আগে মিয়ানমারে আন্তর্জাতিক সাহায্যদানকারী অনেক সংস্থার কাজ বন্ধ করে দিয়েছিল সরকার। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রেডক্রসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৩০০ কর্মকর্তাকে জোর করে রাখাইন রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি যাঁরা আবার কাজে ফিরে এসেছেন, তাঁরা কাজের চেয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন।
ফাতেমা আবেদীন, সূত্র: নিউইয়র্ক টাইমস