মানবের হাতে মূর্ত হয় সরস্বতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুজোর ছুটি, স্কুল বন্ধ। ধুম আয়োজন চলছে সবখানেই। ধূপধুনোর গন্ধে মেতেছে চারপাশ। পুরোহিত ব্যস্ত পুজো পাঠের আয়োজন নিয়ে, ঘরে মা বানাচ্ছেন নারকেলের নাড়ু, মুড়ির মোয়া। ওদিকে পাল মশায় ব্যস্ত প্রতিমা গড়া নিয়ে। ছোট্ট ছেলেটি পড়াশোনা শিকেয় তুলে সারা দিন থেকে যেত পালপাড়ায়। মুগ্ধ হয়ে দেখত খড় দিয়ে কীভাবে প্রতিমার গড়ন তৈরি করেন তাঁরা; কীভাবে বাঁশ দিয়ে একটি ভিত্তি তৈরি করা হয়। ছেলেটির আগ্রহ দেখে সেই প্রতিমাশিল্পীদের একজন বললেন, বড় হয়ে তুমি নামী শিল্পী হবে—হলোও তাই। এই কৃতী শিক্ষার্থী মানবেন্দ্র ঘোষ এখন চারুকলার অহংকার। পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী প্রতিমাটি গড়েছেন তিনি।দুই বছর আগের কথা। ২০০৯ সালের সরস্বতী পুজোয় চারুকলা অনুষদের আহ্বানে জগন্নাথ হলের পুকুরের মধ্যে শুধু খড় আর সুতলি দিয়েই তিনি তৈরি করেন ৩২ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা।জগন্নাথ হলের আবাসিক শিক্ষক ও চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ বললেন, ‘আমাদের দেশীয় ঐতিহ্য ব্যবহার করে ভারতীয় ধ্রুপদী প্রতিমায় একটি নতুন ধারা নিয়ে এসেছে মানবেন্দ্র। তার এসব প্রতিমা শুধু দেশীয় ঐতিহ্যের নয়, বিশ্ব ঐতিহ্যেও ব্যতিক্রমী সংযোজন।’চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের স্নাতকোত্তর প্রথম পর্বের শিক্ষার্থী মানবেন্দ্র চারুকলার শিক্ষাজীবনে কখনোই দ্বিতীয় হননি। তবে তথাকথিত ভালো ছাত্রদের গল্পগুলোর সঙ্গে তাঁর গল্পের কোনো মিল নেই।মানবের বাবা অমলেন্দ্র ঘোষ ছিলেন শখের শিল্পী। ‘বাবার সহযোগিতার কারণে ঘরে বসেই তৈরি করেছিলাম ছোট ছোট অনেক ভাস্কর্য আর টেরাকোটা।’ জানালেন মানবেন্দ্র।‘সব সময়ই শ্রেণী কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট আরও কাজের সঙ্গে যুক্ত থাকলেও এ অজুহাতে সে কখনোই ক্লাসের কাজে পিছিয়ে পড়েনি। মানবের ব্যতিক্রমী কাজগুলোর জন্যই ও সর্বোচ্চ নম্বর পেয়ে যায়।’ বলছিলেন ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক আবু আবেদীন মো. কাওসার হাসান।মানবের প্রাপ্তির ঝুলিতে বরাবরই প্রশংসা এনে দিয়েছে তাঁর তৈরি খড়ের ভাস্কর্যগুলো। এ পর্যন্ত বাংলাদেশে আয়োজিত দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ও বার্ষিক চারুকলা প্রদর্শনীতে তাঁর তৈরি খড়ের নানা ভাস্কর্য সমাদৃত হয়েছে। ‘খড়ের ভাস্কর্যে আমার শিক্ষকেরাই আমার প্রথম অনুপ্রেরণা।’ জানালেন মানবেন্দ্র। চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী হামিদুজ্জামানও গর্ব করেন মেধাবী মানবকে নিয়ে, ‘দেশি খড়কে মাধ্যম হিসেবে ব্যবহার করে সে তার নিজস্বতা ফুটিয়ে তুলেছে। একের পর এক ব্যতিক্রমী কাজের স্বাক্ষর রেখেছে সে।’এ ছাড়া মানবেন্দ্র কাজ করে চলেছেন বিভিন্ন ক্ষেত্রে। ২০০৯ সালের ২৫ মার্চ বাংলাদেশ পর্যটন করপোরেশন্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কক্সবাজার সমুদ্রসৈকতে তৈরি করা হয় বালুর ভাস্কর্য। ১৩ ফুট উচ্চতায় সবচেয়ে বড় ভাস্কর্য ‘জল দেবতা’ তৈরি করেন তিনি। গত বছরের ১৪ ডিসেম্বর ৭ বীরশ্রেষ্ঠর যে ভাস্কর্য তৈরি করা হয়, সেখানে মানবের তৈরি বীরশ্রেষ্ঠ আবদুর রউফের ভাস্কর্যটিও প্রশংসিত হয়।বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে স্থাপন করা হয়েছে মানবেন্দ্রর তৈরি বাঘের ভাস্কর্য।মানবেন্দ্র বলেন, বিশালতার প্রতি দুর্বলতা আমার সব সময়। আমি ভবিষ্যতে আরও বড় কাজ করতে চাই, যা আমার দেশ তথা পৃথিবীর ভাস্কর্যভান্ডারকে সমৃদ্ধ করবে।