মানসিক চাপ? মুক্তি প্রকৃতিতেই!

মানসিক চাপে রয়েছেন? পরিচিত কয়েকজন মিলে দল বেঁধে আশপাশের প্রকৃতি দেখে আসুন। দূরে কোথাও না গেলেও অন্ততপক্ষে বাড়ি ছেড়ে বেরিয়ে আশপাশের প্রাকৃতিক পরিবেশে কয়েকজন মিলে হেঁটে বেড়ালেও অনেকটাই চাপমুক্ত হবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানসিক চাপ থেকে মুক্তি পেতে এই পরামর্শ দিয়েছেন।
গবেষকেরা জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশে একসঙ্গে বেড়ালে যেমন মানসিক চাপ কমে, তেমনি মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয় এবং ভালো থাকা যায়। মারাত্মক অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু, সম্পর্ক ভেঙে যাওয়া, চাকরি চলে যাওয়ার মতো মন খারাপের বিষয়গুলোর ক্ষেত্রে একসঙ্গে কোনো প্রাকৃতিক পরিবেশে বেড়িয়ে এলে মানসিক অবস্থার উন্নতির লক্ষণ দেখেছেন তাঁরা।
এ প্রসঙ্গে গবেষক সারা ওয়ারবার বলেন, কাছে-পিঠে কোথাও সবাই মিলে হেঁটে ঘুর আসতে খুব বেশি খরচ হয় না এবং নিরাপত্তা-ঝুঁকিও কম। এ ছাড়া প্রকৃতিদর্শন, অনেকের সঙ্গে কথাবার্তা ও হাঁটার ফলে শারীরিক ব্যায়ামের ফায়দা তো আছেই।
গবেষণাসংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে ইকোসাইকোলজি সাময়িকীতে। গবেষকেরা তাঁদের গবেষণার জন্য যুক্তরাজ্যের ১৯৯১ জনের তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষক সারা আরও বলেছেন, ‘আমাদের গবেষণার ফলাফল খুবই সরল। একসঙ্গে হাঁটলে প্রাত্যহিক ইতিবাচক আবেগের উন্নতি যেমন দেখা যায় তেমনি²বিষন্নতার মতো রোগের দাওয়াই মেলে সহজেই।’