মানসিক চাপ সংক্রামক?

সাধারণত সংক্রামক বলতে প্রথমে আমাদের মনে আসে সর্দি-কাশি বা ঠান্ডা লেগে যাওয়ার মতো অতি পরিচিত অসুখ-বিসুখের কথা। আবার মানুষের হাসি-কান্নাও সংক্রামক। কিন্তু আপনি জেনে হয়তো আশ্চর্য হবেন, মানসিক চাপও সংক্রামক।
আশপাশের পরিবেশ কিংবা আমরা যেসব লোকজনের সঙ্গে থাকি, তাদের মাধ্যমে আমরা কিছুটা হলেও প্রভাবিত হই। বিভিন্ন গবেষণার ফলাফলেও সেই প্রমাণ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের একদল মনস্তত্ত্ববিদ ভিন্ন আঙ্গিকের এক গবেষণার ভিত্তিতে দাবি করছেন, কিছু অবস্থায় মানসিক চাপও সংক্রামক। আর কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকেও মানসিক চাপ আমাদের মধ্যে সংক্রমিত হতে পারে।
গবেষকেরা বলছেন কথাবার্তার আওয়াজ, মুখভঙ্গি, অঙ্গভঙ্গি—এমনকি ঘ্রাণের মাধ্যমেও মানসিক চাপ স্থানান্তরিত হয়। সেন্ট লুসিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক টনি বুকানান বলেন, ‘কিছু মানুষ কেবল বসে থেকে এবং অন্যকে দেখে মানসিক চাপের মধ্যে পড়েছে। এটা দেখে আমরা সত্যিই খুব আশ্চর্য হয়েছি।’
মানসিক চাপে আক্রান্ত এবং অসুখী মানুষের আশপাশে বাস করলে অবচেতন মনে কিংবা অসচেতনভাবে আমরাও তাদের মতো হয়ে যাই। মনোবিজ্ঞানীদের মতে, খুঁতখুঁতে স্বভাবের মানুষ সবচেয়ে বেশি মানসিক চাপে আক্রান্ত হয়। হতাশা সহ্য করার ক্ষমতা তাদের খুবই কম। যাদের বন্ধুবান্ধব, পরিবার ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে না, তারাও মানসিক চাপ সংক্রমণের শিকার হন তুলনামূলক বেশি।
চাপ এড়িয়ে থাকার উপায় হিসেবে বিশেষজ্ঞরা কয়েকটি কৌশল অনুসরণের পরামর্শ দিয়েছেন:
—সবকিছু নিজের ওপর নেওয়ার প্রয়োজন নেই।
—কিছু বিষয় থেকে নিজেকে দূরে রাখতে হবে।
—নিজের সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
সূত্র: ডিএনএ।